এসএসসি কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকবে সিসি ক্যামেরা
ডেস্ক রিপোর্টঃ
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
রবিবার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করে। এর আগে, গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান নির্দেশনাসমূহ:
১. প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
২. অচল বা বিকল সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে।
৩. সিসিটিভিতে ধারণ করা ভিডিও সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
৪. প্রতিটি কক্ষে দেয়ালে ঝোলানো (কাটাওয়ালা) ঘড়ির ব্যবস্থা রাখতে হবে।
৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে।
৬. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
৭. পরীক্ষার্থীদের নকল প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং কেন্দ্রে প্রবেশের আগে দেহ তল্লাশি নিশ্চিত করতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষকের মাধ্যমে তল্লাশি করতে হবে।
৮. কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে রাখতে হবে।
৯. পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতে হবে।
১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
১১. সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপরোক্ত নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।