কুমিল্লায় ফলের দোকানে ভোক্তা অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা
হাবিবুর রহমান মুন্না:
কুমিল্লা নগরীতে ফলের বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টা থেকে নগরীর কান্দিরপাড়, পুলিশ লাইনস ও ঝাউতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার। এ সময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
অভিযানে ফল, ডিম, সিলিন্ডার গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার দেখাতে না পারাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি ফলের দোকানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিজানের ফল দোকানকে ৫ হাজার, মায়ের দোয়া ফল বিতানকে ৫ হাজার, জাহির ফল দোকানকে ৩ হাজার, হোসেন ফল দোকানকে ৩ হাজার, গাজীপুর ফলের দোকানকে ৩ হাজার এবং মাইশা ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়। সব মিলিয়ে ছয়টি প্রতিষ্ঠান থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।