রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার সদর দক্ষিণে ১২০০ অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিলেন সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১২, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায়  গরীব-দু:স্থ ও ছিন্নমূল প্রায় এক হাজার ২ শত জন  মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বারপাড়ার অলিরবাজার আর্দশ উচ্চ বিদ্যালয়ে সেনা মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা ও ঔষধসামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ২২ সদস্যের একটি দল এ সেবা কার্যক্রম আয়োজন করে।  এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানে নেতৃত্ব দেন  ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে.কর্ণেল শাহপার আকন্দ। এ  সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩ বীরের অধিনায়ক লে. কর্ণেল মো: খায়রুল ইসলাম, পিএসসি, ক্যাপ্টেন জেসমিন জামান, ক্যাপ্টেন কাজী ফয়সল আহমেদ, ক্যাপ্টেন ফাইযা সোলাইমান,ক্যাপ্টেন আসিফ কবীর, লে: আ: সোবহানসহ আরো অনেকে।

চিকিৎসা প্রদানের পাশাপাশি জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে মাস্কসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

৩ বীরের অধিনায়ক লে. কর্ণেল মো: খায়রুল ইসলাম, পিএসসি জানান, আমরা শীতকালিন প্রশিক্ষণ চলাকালে গরীব-অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি।  স্বাধীনতার পর থেকেই জনগণের সাথে সেনাবাহিনীর একটা আত্মিক সম্পর্ক  রয়েছে। এ সম্পর্কটাকে চলমান রাখার জন্যই সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এই করোনা মহামারিতে অনেক অসহায় মানুষ যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। করোনার এই মহামারি সময়ে তৃণমূল পর্যায়ে এই স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার লক্ষ্যেই আমাদের এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন।

৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে.কর্ণেল শাহপার আকন্দ জানান,  করোনা মহামারিতে আমরা সেনাবাহিনীর সদস্যরা অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা দিতে পারছি বলে আমরা আনন্দিত। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।

এই সময় সদর দক্ষিণ উপজেলার ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই বাবলু উপস্থিত ছিলেন ।