,

কুমিল্লা ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হবেঃ রেল প্রতিমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
March 22, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লার পদুয়ারবাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হবে।

রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, রেলওয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।

এ সময় প্রতিমন্ত্রী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ারবাজার রেলক্রসিংয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হন অন্তত ২০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।