,

চাঁদপুরে সিএনজি থেকে পড়ে পিক-আপ চাপায় গৃহবধূর মৃত্যু!

আজকের কুমিল্লা ডট কম :
December 15, 2025
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়ায় পিক-আপের নিচে পড়ে আয়েশা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে মহামায়া পশ্চিম বাজার আড়ি বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, এদিন বিকেলে নিহতের স্বামীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বদরখোলা গাজী বাড়ি থেকে বাবার বাড়ি সদর উপজেলার মুন্সিরহাট দিঘলদী এলাকা যাচ্ছিলেন। পথিমধ্যেই এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আয়েশা আক্তারের স্বামী শরীফ গাজী জানান, গত প্রায় ১ বছর যাবত আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পরদিন থেকেই তার মানসিক অবস্থা কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। পরে তাকে ঢাকা মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। কোন উন্নতি দেখতে পাইনি। পরে আমার শশুর বাড়ির লোকজনকে খবর দিয়ে ঘটনারদিন দুপুরে পারিবারিকভাবে বসে আয়েশাকে তার বাবার বাড়িতে নিয়ে রাখার সিদ্ধান্ত হয়। স্থানীয় বদরখোলা বাজার থেকে একটি সিএনজি নিয়ে তার মা, বাবা, খালা ও চাচাতো ভাই সহ তারা মুন্সিরহাটের উদ্দেশ্যে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহতের পিতা আবুল বাশার সহ পরিবারের অন্যান্যরা জানান, আমরা আয়েশাকে নিয়ে মুন্সিরহাট যাচ্ছিলাম। এসময় তিনি থুঃথুঃ ফেলতে গিয়ে পেছন থেকে আসা পিকআপ এসে ধাক্কা দিলে সে সড়কে লুটিয়ে পড়ে। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে সে কিছুটা মানসিক অসুস্থ ছিল। দূর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই সাখাওয়াত সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন। উভয় পক্ষের কোন আপত্তি না থাকায় থানায় মামলা হওয়ার খবর পাওয়া যায়নি। এবং নিহতের লাশ তার বাবার বাড়ি দিঘলদী হাজী বাড়িতে নিয়ে দাফন করা হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। তিনি জানান, আমি খবর পেয়ে এসে দেখি নিহতের মরদেহ সড়কের পাশে পড়ে আছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ সাখাওয়াত দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, মামলা মোকদ্দমা নিয়ে উভয় পক্ষের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।