মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে একই মার্কেটে বারবার চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৫, ২০২৫
news-image

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বিসমিল্লাহ টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার নামের একটি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসময় চোর লক্ষাধিক টাকার মোবাইল নিয়ে যায়। শনিবার (১৫জুন) রাতে এই চুরির ঘটনা ঘটে। একই দোকানে এর আগে একইভাবে আরো ৩ বার চুরির ঘটনা ঘটে। একই মার্কেটে বারবার চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।

জানা গেছে, চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জুলু মিয়া মার্কেটে নিয়মিত চুরির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতেও বিসমিল্লাহ টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার ও মোবাইল মার্টে চুরি চেষ্টা হয়। মোবাইল মার্টে টিনের চালার নিচে লোহার ঝালি থাকায় সেই ডোকানে ডুকতে পারেনি চোর। বিসমিল্লাহ টেলিকমে ডুকে কয়েকটি বাটন ও তিনটি এন্ড্রয়েড মোবাইল নিয়ে যায়।

দোকানি জয় জানায়, ‘এর আগে ৩ বার চুরি হয়। তিন বারে ১৫ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়। তারপর থেকে দোকানে দামী কোনো মোবাইল রাখিনা। গত রাতে কমদামি মোবাইল গুলোও নিয়ে যায়। আগের প্রত্যেকটি চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার না পাওয়ায় এবার থানায় অভিযোগ দায়েরে অনাগ্রহ প্রকাশ করেন ওই দোকানি।

একই মার্কেটে মাস তিনেক আগে নীচ তলায় একটি মোবাইল দোকানের সার্টার ও কলাপসিবল গেটের তালা কেটে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। আরেক দোকানি মোবাইল গ্যালারীর সত্ত্বাধিকারী মানিক বলেন, তার দোকানে কয়েকবার চুরি হয়। পরে লোহার ঝালি লাগানোয় চালা কেটেও চুরিতে ব্যর্থ হয় চোর।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক দোকানি জানায়, এই মার্কেটের উপর চোরের কু’নজর পড়েছে। তাই আতঙ্কিত দোকানিরা দামী কোনো মালামাল দোকানে রাখেন না। এবং নিয়মিত চুরির ঘটনা ঘটলেও মার্কেটের মালিক কোনো প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা নেননি।

মার্কেটের মালিক আবদুল জলিল জুলু মিয়ার ছেলে লিটন মিয়া জানান, আমাদের মার্কেটের দ্বিতীয় তলায় গত রাতের চুরির ঘটনা ভাড়াটিয়া আমাদেরকে জানায় নাই। রোববার বিকেলে সাংবাদিকের মাধ্যমে ঘটনা জেনেছি।’ তবে ক্ষতিগ্রস্ত দোকানি বলেন, মার্কেট মালিক আবদুল জলিল জুলু মিয়াকে জানানোর পর তিনি এসে দেখে যান। এবং আগামীকাল ক্ষতিগ্রস্ত টিনের চালা মেরামতের আশ্বাস দেন।

চৌদ্দগ্রান থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন বলেন, ‘চুরির ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’