দাউদকান্দিতে মোটরসাইকেলের ভেতর থেকে দশ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
দাউদকান্দিতে মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(২১আগষ্ট) সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে স্কেল সংলগ্ন এলাকা ১০ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত রুবেল ভূঁইয়া(৩৫) নরসিংদী জেলার মাধবদি উপজেলার খিজিরকান্দি গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল সন্দেহজনক মনে হলে সেটিকে সাইট করা হয়। পরে মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা কালো কস্টিপে মোড়ানো পাঁচটি প্যাকেটে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত একটি এফজেটএস মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।