দাউদকান্দি–মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি বন্ধের কঠোর নির্দেশ ড. খন্দকার মারুফের
দাউদকান্দি ও মেঘনা উপজেলা এলাকায় কোনো সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড বা পরিবহনকেন্দ্রে ‘জিবি’ নামে অবৈধ টাকা উত্তোলন বা চাঁদাবাজির মতো বেআইনি কার্যক্রম চলতে দেওয়া হবে না এ মর্মে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
আজ বৃহস্পতিবার তিনি তাঁর ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকে প্রকাশিত এক বিবৃতিতে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃঢ় অনুরোধ জানান। তিনি বলেন, “এই ধরনের অবৈধ অর্থ আদায়, চাঁদাবাজি বা হয়রানিমূলক কার্যকলাপে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়।”
ড. মারুফ আরও জানান, দাউদকান্দি ও মেঘনা এলাকায় চলমান পরিবহনব্যবস্থাকে জিম্মি করে কোনো প্রভাবশালী মহল যাতে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
স্থানীয় পরিবহনসংশ্লিষ্টরা জানান, মাঝে মধ্যে কিছু ব্যক্তি ‘জিবি’ নামে টাকা আদায়ের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছিল। এ ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণায় সাধারণ মানুষ ও চালক–শ্রমিকরা স্বস্তি প্রকাশ করেছে।











