,

নাঙ্গলকোটে ঘূর্ণিঝড়ে গাছ পড়ে মাদ্রাসা ভবন বিধ্বস্ত

আজকের কুমিল্লা ডট কম :
April 27, 2026
news-image

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট পৌর এলাকার শ্রীকামতা মহিলা দাখিল মাদ্রাসার একটি ভবন ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে। রবিবার রাত আনুমানিক ৭ টায় কালবৈশাখী ঝড়ের সময় রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে পড়ে মাদ্রাসার একটি টিনসেট ভবনের উপর।

এতে ভবনটির তিনটি শ্রেণি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।

মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান নিহা বলেন, রবিবার রাতে ঝড়ের সময় একটি বড় গাছ আমাদের মাদ্রাসার ভবনের ওপর পড়ে যায়। এতে ভবনটি ভেঙে যায় এবং বর্তমানে আমরা ক্লাস করতে পারছি না। আমরা সরকারের কাছে দ্রুত একটি স্থায়ী ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুল হক জানান, কালবৈশাখী ঘূর্ণিঝড়ে একটি গাছ পড়ে আমাদের মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত ভবনটি পুননির্মাণের জন্য অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান বলেন ক্ষতিগ্রস্ত বিষয় একটা আবেদন পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও পাঠদান স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।