মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নানা সমালোচনার জন্ম দিল কুমিল্লার জুলাই সমাবেশ

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৭, ২০২৫
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু:

নানা বিতর্কের জন্ম দিল কুমিল্লায় জুলাই সমাবেশ। বিশৃঙ্খলা, সংঘর্ষ, আওয়ামী দোসরদের সরব উপস্থিতি, কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন করে জুলাই সম্মেলন বয়কট ও কুমিল্লার তিন সমন্বয়ককে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত ঘোষণা করার মধ্য দিয়ে এ অনুষ্ঠান বেশ সমালোচিত হয়েছে।

শুক্রবার (১৭ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমীতে জুলাই সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সরজমিনে ঘুরে ও স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এ সমাবেশের প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ, অন্যতম অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সারজিস আলম অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

দ্বিতীয়তঃ অনুষ্ঠান চলাকালে শিল্পকলার ভিতরে অনুষ্ঠানের বাইরে বেশ কয়েকবার নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। তখন কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি মত ঘটনা ঘটে।

তৃতীয়ত, অনুষ্ঠানে কুমিল্লা সদরের সাবেক এমপি হাজী আ ক বাহাউদ্দিন বাহারের কন্যা কুসিকের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নারী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সূচনার অন্যতম কর্মী হিসেবে পরিচিত সালমা ইসলামসহ অন্যান্যরা মঞ্চে উঠে অতিথিদের ফুলের সংবর্ধনা দিতে গেলে প্রতিবাদ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সংগঠক ফারাহ এমদাদসহ উপস্থিত সংগঠকরা। এক পর্যায়ে নারী নেত্রীরা সভাস্থল ত্যাগ করে ঘন্টা খানেক বাইরে এসে ক্ষোভ প্রকাশ করেন।

চতুর্থত, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা ও নির্যাতিত হওয়া বেশ কয়েকজন ছাত্র সমন্বয়ককে মঞ্চে উঠতে বাধা দেয়া হয়।

পঞ্চমত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা জুলাই আন্দোলনে মাঠে সক্রিয় ছিলেন এবং আহত হয়েছিলেন তাদের অনেককেই সংবর্ধনা দেয়া হয়নি । ফলে তারা রাত দশটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জুলাই সম্মেলন বয়কট করেন ও কুমিল্লার শীর্ষ তিন সমন্বয়ককে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদের মুঠো ফোনে কল দিলে তারা কল রিসিভ করেননি।

আর পড়তে পারেন