মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পানিবন্দি হয়ে পড়েছে কুমিল্লার কয়েকশ পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২১, ২০২৪
news-image

স্টাফ রিপোর্ট:

টানা কয়েকদিনের ভারি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে নদীর চর এলাকাগুলো প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বুধবার (২১ আগস্ট) ভোরে হঠাৎ করে গোমতী নদীর চরের গ্রামগুলো পানিতে তলিয়ে যায়। দুপুর ১টার দিকে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে এবং বিকেল ৪টার দিকে এটি ১২.৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়, যেখানে বিপৎসীমা নির্ধারিত ছিল ১১.৭৫ সেন্টিমিটার।

জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এর ফলে গোমতী নদীর উৎস ভারতের ডম্বুরা লেক থেকে বাঁধ খুলে দেওয়া হয়, যার কারণে ত্রিপুরার বন্যার পানি গোমতী নদী হয়ে কুমিল্লায় প্রবেশ করছে। তবে বিকেল ৫টার দিকে গোমতীর বাঁধে কোনো সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, নদীর পানি বৃদ্ধির ফলে টিক্কারচর, চাঁনপুর, ডুমুরিয়া চাঁনপুর, পালপাড়া, এবং গোমতীর চরের অন্যান্য এলাকা প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগের শিকার হয়েছেন।

চাঁনপুর এলাকার বানভাসি শাহিদা আক্তার বলেন, গতকাল রাতেও পানি অনেক কম ছিল। আমরা স্বপ্নেও ভাবতে পারিনি এমন হবে। ভোর হওয়ার কিছুটা আগে থেকে দেখি পানি ঘরে প্রবেশ করছে। ঘণ্টা খানেকের মধ্যে ঘরে পানি ঢুকে দুপুরের দিকে ঘরের অর্ধেক তলিয়ে গেছে।

বিকেল ৪টার দিকে সরেজমিনে দেখা যায়, বেশ কয়েকটি পরিবারকে উদ্ধার কাজে সহায়তা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা। এছাড়াও বানভাসি মানুষদের মাঝে রান্না করা খাবারও বিতরণ করতে দেখা গেছে তাদের।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পারভেজ হোসেন জানান, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এখানে বানভাসি মানুষের সহায়তায় এসেছি। গোমতী নদীকে শেষ করে দিয়েছে দানব এমপি বাহার ও তার সাঙ্গপাঙ্গরা। ভূমি খেকো সেসব দানবের কারণে এ নদী আজ হুমকির মুখে। আমি সারা কুমিল্লার মানুষকে অনুরোধ করব বানভাসি মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য।

অপরদিকে পানিবন্দি এসব মানুষের জন্য সদর উপজেলায় তিনটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে একশর মতো পরিবার আশ্রয় নিয়েছে। এছাড়া আশপাশের উঁচু অঞ্চলের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মাদরাসাগুলোতে আশ্রয় নেওয়ার জন্য প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। তবে পানিবন্দি পরিবারের অনেকে নিকটাত্মীয়ের বাসার দিকে আশ্রয় নিতে দেখা গেছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমেন রায় জানান, আমরা তিনটি আশ্রয়কেন্দ্র খুলেছি। বানভাসি মানুষের খাদ্য সহায়তা চলমান রয়েছে।

এছাড়াও কাকড়ি নদীর পানি বৃদ্ধির ফলে জেলার চৌদ্দগ্রামে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ১০-১২ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। তাছাড়া সালদা নদীতে পানি বৃদ্ধি পেয়ে ব্রাহ্মণপাড়া এলাকার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শেখ ওয়ালিউজ্জামান জানান, পানি নদীর বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও গোমতীর বাঁধ অক্ষত আছে। আশা করছি বাঁধে তেমন সমস্যা হবে না। গোমতীর গহ্বরে অবৈধভাবে বসতি গড়া পরিবারগুলোই আক্রান্ত হয়েছেন। ফায়ার সার্ভিসসহ আমাদের বেশ কয়েকটি টিম নদীর তীরে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত আছে। প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।