সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২২, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

ফেনী সদরের শর্শদী ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে খালেদা আক্তার (২৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে শর্শদী রেললাইনের কিলোমিটার ৯৮/৪-৫ এর আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেদা আক্তার ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খানে বাড়ির আমির হোসেন ও ফাতেমা খাতুনের মেয়ে। তিনি ১৯ মাস বয়সী এক শিশু সন্তানের জননী।

নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন ও মানসিক চাপে ভুগছিলেন খালেদা। বিশেষ করে যৌতুকের দাবিকে কেন্দ্র করে তাকে নিয়মিত মানসিকভাবে চাপে রাখা হতো। তাদের দাবি, স্বামী ও শাশুড়ির নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে খালেদা হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে পারিবারিক কলহে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন খালেদা। তাদের ধারণাও—গৃহকলহই তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

এ ঘটনায় রেলওয়ে পুলিশ একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রেখেছে। পাশাপাশি পরিবারের অভিযোগের সত্যতা যাচাইয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।

রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, ‘নিহতের পরিবারের অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আর পড়তে পারেন