বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাজারে সব জিনিসের দাম একত্রে কমবে, এটা আশা করি না: উপদেষ্টা সালেহউদ্দিন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৬, ২০২৫
news-image

বাজারে সব জিনিসের দাম একত্রে কমবে, এটা আশা করি না: উপদেষ্টা সালেহউদ্দিন

ডেস্ক রিপোর্ট:

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে, এটা পৃথিবীর কোনো দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে, এটাও আমরা আশা করি না।” তিনি আরও বলেন, “চালসহ বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধি জনসাধারণের জন্য কষ্টকর, তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।”

রোববার (২৬ জানুয়ারি) কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর কার্যালয়ে উপস্থিত ছিলেন।

চালের দাম নিয়ে কথা বলতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “চালের দাম অনেক বেড়ে গেছে এবং এর প্রভাব অনেক মানুষের ক্রয়ক্ষমতায় পড়েছে, যা আমরা বুঝতে পারছি।”

এছাড়া, তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা (সাংবাদিকরা) একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো দেখুন। বাংলাদেশে সব কিছু খারাপ নয়, সব কিছু ভালোও নয়। পেঁয়াজ ও আলুর দাম কমেছে, তবে চালের দাম বেড়েছে।“

তিনি আরো বলেন, “সরকারকে শিশুর মতো দেখতে হয়। যখন ১০০ এর মধ্যে ৭০ পাওয়া যায়, সেটা ভালো, কিন্তু কেউ যদি প্রশ্ন করে কেন ১০০ পাওয়া যায়নি, তা হলে কোনো কাজই করা সম্ভব হবে না।”

অর্থ উপদেষ্টা জানান, ভ্যাট বৃদ্ধির কারণে সমালোচনা হচ্ছে, তবে তিনি ব্যাখ্যা করেন যে, সরকার অনেক সময় ভেতরের পরিস্থিতি সবার সামনে তুলে ধরে না। “খারাপ কাজের সমালোচনা হওয়া উচিত, তবে ভালো কাজের জন্য উৎসাহিত করা উচিত।”

তিনি ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল, যা বাস্তবায়নে ৬ বছর সময় লেগেছে, যা স্বাভাবিক নয়। বিভিন্ন আইন এবং প্রক্রিয়া প্রণয়ন করতে হয়েছে, তবে মূল সমস্যা ছিল বাস্তবায়ন নিয়ে।”