,

বুড়িচংয়ে মায়ের সাথে অভিমান করে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
May 31, 2017
news-image

এম এস রাশেদ, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার কাচারিতলা এলাকায় ছোট বোনের সাথে ঝগড়া করায় মায়ের বকুনি খেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে কানিজ ফাতেমা মীম নামে নবম শ্রেণির এক ছাত্রী বুধবার (৩১ মে) আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই মনির হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাচারিতলা গ্রামের জহিরুল ইসলামের মেয়ে কানিজ ফাতেমা মীম (১৪) সকালে তার ছোট বোন জান্নাতুল ফেরদাউস সপ্নার সাথে গোসল করা নিয়ে ঝগড়া হয়। এসময় তাদের মা রোজিনা আক্তার দু’জনকেই বকাঝকা দেন। এতে বড় মেয়ে মীম সকাল সাড়ে ১০ টায় মায়ের বকুনি খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে তীরে সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজনের ডাকা-ডাকি’তে মীম দরজা না খুললে দরজার লক ভেঙ্গে পরিবারের লোকজন ভিতরে প্রবেশ করে। এসময় তীরের সাথে মীমের ঝুলন্ত লাশ দেখতে পায়। স্থানীয়রা বিষয়টি দেবপুর ফাঁড়ী পুলিশ’কে অবহিত করলে ফাঁড়ীর এস আই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এসময় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত মীম স্থানীয় শরীফপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। #