,

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
May 11, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। এ ঘটনায় একজন নারী আহত হয়েছেন।

রোববার (১১ মে) জেলার নাসিরনগর ও আখাউড়ার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, বিকেলে বজ্রপাতে উপজেলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। গরু আনতে যাওয়ার সময় উপজেলার গোকর্ণ ভাঙা ব্রিজ এলাকার শামসুল হুদা, টেকানগর এলাকায় ধান কাটতে গিয়ে আব্দুর রাজ্জাক এবং উঠানে খেলা করার সময় ভলাকুটের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম নামে আট বছরের এক শিশু বজ্রপাতে মারা যান। একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী গুরুতর আহত হন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মো. সেলিম মিয়া (৬৪) এবং একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) নামে এক যুবক বজ্রপাতে প্রাণ হারান। এ সময় দুটি গরুও মারা যায়।