,

অবশেষে ৬০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিলো ইসরায়েল

আজকের কুমিল্লা ডট কম :
February 27, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ৬০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ পরেই হামাস জিম্মিদের মরদেহ হস্তান্তর করে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে চার জিম্মির মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “চার জিম্মির মরদেহবাহী কফিন আমরা পেয়েছি। আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।”

এএফপির সাংবাদিকদের বরাত দিয়ে বলা হয়েছে, ৬০০ জনের বেশি ফিলিস্তিনি বন্দীকে বাস থেকে নেমে যেতে দেখা গেছে। গত সপ্তাহে তাদের মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু জিম্মিদের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণের’ অভিযোগে ইসরায়েল তাদের মুক্তি স্থগিত করেছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে। তাদের অনেকেই বন্ধু বা আত্মীয়-স্বজনের কাঁধে চড়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন। অনেক নারীকে আনন্দে কাঁদতে দেখা গেছে।

অন্যদিকে, হামাস যে চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে, তারা হলেন ওহাদ ইয়াহালোমি, সাচি ইদান, ইতজিক এলগারাত ও সোলোমো মনসুর। ইসরায়েলি গণমাধ্যম তাদের পরিচয় নিশ্চিত করেছে।