শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অ্যাম্বুলেন্সে কাফনে মোড়ানো লাশের আদলে ফেনসিডিল বহন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৫, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে কাফনের কাপড়ে মোড়ানো তিনটি মরদেহের আদলে ফেনসিডিল বহনের সময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।

রোববার শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন-মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), মো. সোহেল মিয়া ওরফে এমিলে (২৫) ও রোমান (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পরস্পর যোগসাজশে এ রকম অভিনব কায়দায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসেন। এরপর ফেনসিডিলগুলো সুযোগ বুঝে তারা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করেন।

এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম।