এক ঘন্টার স্কুলশিক্ষক ইউএনও আরফাতুল আলম
জাকির হোসেন হাজারী:
এক ঘন্টার স্কুলশিক্ষক হয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করালেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরফাতুল আলম ।
রবিবার (১৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে আকস্মিক ভাবে তিনি উপস্থিত হন এবং বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। পরে ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে গিয়ে পাঠদানের পাশাপাশি দেশ প্রেম, স্বাস্থ্যসেবা, ডেঙ্গু, পানিবাহিত রোগ, হাত ধোয়া, সাঁতার শেখার জন্য তাগাদা দিয়ে সচেতনামূলক আলোচনা করেন।
শুধুমাত্র প্রশাসনিক কাজের ক্ষেত্রে নয়, শিক্ষা ব্যবস্থার উন্নতিতেও নিরলস কাজ করে যাওয়া ওই ব্যক্তি হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরফাতুল আলম ।
এ ছাড়া ইউএনও আরফাতুল আলম নিয়মিত পাঠদানের উপর গুরুত্ব দিয়ে সকল শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসার আহবান জানান।তিনি একজন পেশাদার শিক্ষকের মতোই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে মজার সব গল্পের মাধ্যমে সমসাময়িক বিষয়ে সচেতনতামূলক পাঠদান করেন এ সময় স্কুলের প্রধান শিক্ষক ও শ্রেণি শিক্ষক উপস্থিত ছিলেন।
ইউএনও’র ক্লাস নেওয়া প্রসঙ্গে শিক্ষার্থী ইসরাত কামাল, কলি খন্দকার, আফরিন ইসলামসহ শিক্ষার্থীরা বলে, ইউএনও স্যার আমাদের ক্লাস নিয়েছেন। ক্লাসে এসে স্যার আমাদের বিভিন্ন প্রশ্ন করেছেন এবং মজার গল্প
বলেছেন, কিভাবে পড়া মনে রাখা যায়, সেই নিয়মও শিখিয়ে দিয়েছেন। মা, মাটি দেশ সম্পর্কে আমাদের শিখিয়েছেন, আমারা মাকে যেমন ভালবাসি তেমনি দেশকে মায়ের সাথে তুলনা করে মায়ের মতো দেশকে ভালোবাসতে হবে সেই বিষয়টি আমাদের সুন্দর ভাবে বুঝিয়েছেন। স্যারের কথা শুনে দেশের প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে গেছে। আমরাও স্যারের মতো ভালো মানুষ বড় অফিসার হয়ে দেশের সেবা করবো।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, ইউএনও স্যার হঠাৎ করে স্কুলে আসেন। বিভিন্ন ক্লাসে গিয়ে পাঠদান করান, স্কুলের আঙিনা ঘুরে দেখেন। একইসঙ্গে শিক্ষা বিষয়ক পরামর্শ দেন, মনে হয়েছে যেন শিক্ষা ব্যবস্থায় আমরাও নতুন কিছু শিখেছি।
পাঠদানের বিষয়ে ইউএনও আরফাতুল আলম বলেন, বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে।শিক্ষাজ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই।ছোট ছোট বাচ্চাদের পড়ানো অসাধারণ ব্যাপার। এতে দুটি লাভ হয়। বাচ্চাদের পড়াতে পারছি আবার ওই স্কুলে কোনো সমস্যা আছে কিনা, সেটাও সরেজমিন দেখতে পারছি।
ইউএনও আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের কর্মচারী এবং দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।