,

কুমিল্লার শাকতলায় ছুরিকাঘাতে কিশোর খুন

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা মহানগরীর শাকতলা এলাকায় জনি নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর শাকতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনি নগরীর গোবিন্দপুর এলাকার আবুল হাশেমের ছেলে। সে তার পরিবারের সাথে শাকতলা এলাকায় ভাড়া বাসায় থাকতো।

পুলিশ জানায়, বুধবার বিকালে নগরীর শাকতলা এলাকায় বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় তার শোর-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘাতকরা পালিয়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

কুমিল্লা  ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন জানান, শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। দ্রুত ঘাতকদের গ্রেফতারে আমাদের তৎপরতা অব্যাহত আছে।