কুমিল্লা বিশ্বরোডে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অপরাধে সাবেক ছাত্রলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রকাশ রনি (৩২), নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা আশিকুর রহমান (৪১), চৌয়ারা ইউনিয়ন যুবলীগের সদস্য মনির হোসেন ফরাজী এবং সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোস্তফা (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় একদল লোক হঠাৎ যুবলীগের ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।
পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে তাদের শনাক্তে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযান শেষে সদর দক্ষিণ মডেল থানার ওসি জানায়, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় সম্পৃক্ত থাকায় ওই চারজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।