চৌদ্দগ্রামে বিয়ের দাবিতে বিচার চাইতে এসে ছাত্রলীগ নেতার হাতে ফরিদপুরের নারী লাঞ্চিত
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের দাবিতে ইউপি চেয়ারম্যানের নিকট বিচার চাইতে এসে মনিষা আক্তার প্রকাশ মনি আক্তার (৩৬) নামে ফরিদপুরের এক নারী স্থানীয় এক ছাত্রলীগ নেতার হাতে শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার খবর পাওয়া গেছে। মনি আক্তার ফরিদপুর জেলার সদর উপজেলার গোয়ালচামট গ্রামের শেখ ওহাব মাতব্বরের মেয়ে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১১নং চিওড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে। এ ঘটনায় ভুক্তভোগি ওই নারী প্রতিকার চেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রকাশ কাউছার হানিফ শুভ (২৮) নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো এক ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ (এসডিআর নং-২৫৩০/২৪) দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন এ্যাপস এর সুবাধে ফরিদপুর জেলার সদর উপজেলার গোয়ালচামট এলাকার ওহাব মাতব্বরের মেয়ে মনির সাথে পরিচয় হয় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ছোট সাতবাড়িয়া (কান্দিরপাড়) এলাকার আবু মুছার বড় ছেলে মাছুম প্রকাশ সুমনের। নিজেকে অবিবাহিত দাবি করা সৌদি প্রবাসী মো: মাছুম এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের আশ^াস পাওয়ায় এ সম্পর্ক চলে দীর্ঘ ৪ বছর ধরে। সম্পর্ক চলাকালীন সময়ে প্রেমিক মাছুম তার আত্মীয়ের বাড়ীতে নিয়ে গিয়ে মনির সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। এছাড়াও বিভিন্ন সময় মাছুম প্রবাস থেকে দেশে আসলে ফরিদপুর, ঢাকা, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে দেখা করেন তারা দুজনে। এ সময় তারা অন্তরঙ্গ সময় কাটান ও একাধিকবার শারীরিক সম্পর্কও করেন। শারীরিক সম্পর্ক চলাকালীন মাছুম কৌশলে তার মুঠোফোনে সেই মুহুর্তের ভিডিও ধারণ করেন। পরে এ ভিডিও দেখিয়ে ও বিয়ের প্রলোভনে পুনরায় শারীরিক সম্পর্কে জড়াতে মনিকে বাধ্য করেন। দীর্ঘদিন ধরে সম্পর্ক চালিয়ে গেলেও বিয়ে না করায় মনির সাথে মাছুমের দ্ব›দ্ব তৈরী হওয়ায় সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পরে খবর নিয়ে মনি জানতে পারেন মাছুম বিবাহিত। তার একটি দশ বছরের পুত্র সন্তানও রয়েছে। বিষয়টি মানতে না পেরে একপর্যায়ে মনি প্রেমিক মাছুমের সাথে কথা বলা সহ সকল যোগাযোগ বন্ধ করে দেয়। এদিকে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় রাগে-ক্ষোভে প্রেমিক মাছুম তার মুঠোফোনে ধারণকৃত প্রেমিকা মনির গোপন ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে তাকে বিভিন্ন হুমকি-ধমকি অব্যাহত রাখার পাশাপাশি নানা প্রকার হয়রানি করতে থাকেন। বিষয়টি উভয়ের পরিবার জানার পর তাদের মাঝে দ্ব›দ্ব আরো চরম পর্যায়ে পৌঁছে।

মাছুমের স্ত্রী পরকীয়ার বিষয়টি জানতে পেরে অভিমানে বাবার বাড়ী চলে যান। বউয়ের অনুপস্থিতে মাছুম মনির সাথে আবারো যোগাযোগ শুরু করেন। গত রমজানে প্রবাস থেকে বাড়ীতে এসে মাছুম আবারো ফরিদপুরে গিয়ে মনির সাথে দেখা করেন এবং অন্তরঙ্গ সময় কাটায়। এদিকে প্রেমিকা মনিও বিয়ের জন্য বারবার মাছুমকে চাপ দিচ্ছিলো। এতে সাড়া না দেওয়ায় ভুক্তভোগি মনি আক্তার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহেরের সাথে মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন এবং বিয়ের দাবিতে বিচার চান। ইউপি চেয়ারম্যান মাছুমের পরিবারকে বিষয়টি জানানোর পাশাপাশি মনিকে চিওড়া ইউপি সদস্য জামাল উদ্দিনের মোবাইল নম্বর দিয়ে বিষয়টি নিয়ে তার সাথে যোগাযোগ রাখতে বলেন। এ সময় তিনি মনিকে ন্যায় বিচারের আশ^াস প্রদান করেন। এরপর ভুক্তভোগি ওই নারী জামাল উদ্দিন মেম্বারের সাথে যোগাযোগ করে বৃহস্পতিবার সকাল এগারাটায় চিওড়া ইউনিয়ন পরিষদে এসে উপস্থিত হন। ওই সময় পরিষদে ভিন্ন একটি বিচার চলমান থাকায় চেয়ারম্যান মনিকে নিজ হেফাজতে রাখেন। এরই মাঝে দুপুর হওয়ায় ইউপি চেয়ারম্যান আবু তাহের তাকে অপেক্ষা করতে বলে নিজে খাবার খেতে বাসায় চলে যান। এদিকে প্রেমিক মাছুমের বন্ধু ছাত্রলীগ নেতা কাউছার হানিফ শুভ কতিপয় অজ্ঞাতনামা যুবকের সহযোগিতায় বিয়ের দাবিতে আসা মনির উপর অতর্কিত হামলা করেন। এ সময় কাউছার হানিফ তাকে অকথ্য ভাষায় গালমন্দ করা সহ শারীরিকভাবে লাঞ্চিত করে পরিষদ থেকে জোরপূর্বক বের করে দেন। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগি ওই নারী প্রশাসনের সহযোগিতা চেয়ে কাউছার হানিফ সহ অজ্ঞাতনামা অপর এক ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।
জানা গেছে, এর আগেও অভিযুক্ত প্রেমিক মাছুম কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বহু নারীর সম্ভ্রমহানি করা সহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। তার বিরুদ্ধে এলাকায় মাদক সেবন সহ বিভিন্ন অনৈতিক অভিযোগ রয়েছে। টাকার গরমে সে মানুষকে মানুষই মনে করে না বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগি মনি আক্তার জানান, ‘প্রেমের সম্পর্কের সুবাধে বিয়ের দাবিতে বিচার চেয়ে চিওড়া ইউনিয়ন পরিষদে গেলে গত বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে কাউছার হানিফ শুভ নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতা কতিপয় যুবকের সহযোগিতায় আমাকে অকথ্য ভাষায় গালমন্দ ও হেনস্থা সহ শারীরিকভাবে লাঞ্চিত করে। শুনেছি, সে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ঘটনার পরপরই আমি চিওড়া ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে থানায় অভিযোগ দিয়েছি। দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা কাউছার হানিফ শুভ এর ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিলে নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত প্রেমিক মাছুমের পিতা আবু মুছা বলেন, ‘আমার ছেলে মাছুমের সাথে ফরিদপুরের এ মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। মেয়েটির পাল্লায় পড়ে আমার ছেলের সোনার সংসার ভেঙে গেছে। একমাত্র ছেলেকে রেখে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। বিষয়টি নিয়ে লোকলজ্জায় এলাকায় মুখ দেখাতে পারছিনা।’
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’