বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১১, ২০২৫
news-image

ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশন ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেই এই সাংবিধানিক সংস্থাটির।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইউএনডিপি এবং উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

নির্বাচন ভবনে সকালে দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “আবারও বলছি, প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয় এবং সেখানে যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। যদি আরও সংস্কারের সুযোগ দেওয়া হয়, তাহলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা যেতে পারে।”

ইসির প্রস্তুতির বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরা আগেই বলেছিলাম, আমাদের প্রস্তুতি ডিসেম্বরের নির্বাচনের তারিখ ধরে নেওয়া হয়েছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরের নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের অন্য কোনো প্রস্তুতি নেই, শুধুমাত্র জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে।”

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকারের অনুরোধ এলে ইসি বিষয়টি বিবেচনা করতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি, পাঁচ স্তরের স্থানীয় নির্বাচন করতে হলে প্রায় এক বছরের মতো সময় লাগে। আমাদের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান অকার্যকর হয়নি, কিছু প্রতিষ্ঠান অকার্যকর হয়েছে। এই শর্তাধীন বিষয়গুলো নিয়ে নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়। আমরা ধারণা করি, সরকার আমাদের হাতে থাকা সময়গুলো বিবেচনায় নেবেন। তারা যদি মনে করেন, জাতীয় নির্বাচনের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে তারপর স্থানীয় নির্বাচন করা যায়, তাহলে সেই সিদ্ধান্ত নেবেন।”

জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে এমন কোনো বিষয়ে কমিশন সজাগ বলে তিনি জানান। তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে, কোন কোন প্রতিষ্ঠানে হবে, সে সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, এটি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি না।”