,

ডোপ টেস্টে পজিটিভ  হলে নেয়া হবে যথাযথ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
August 18, 2021
news-image

ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মাদককে নিরুৎসাহিত করতে চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্টের পাশাপাশি বছরে একবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই পরীক্ষার আওতায় আনা হবে।

ডোপ টেস্টে যারা পজিটিভ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে মাদক ও নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানেও ডোপ টেস্ট পরিচালনার কথা জানিয়ে তিনি বলেন, “যারা বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি হবেন এবং নতুন শিক্ষকরা ডোপ টেস্টের আওতায় আসবেন। আমরা সে রকম আলোচনাও করেছি।”

ডোপ টেস্ট কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে তিনি বলেন, ‍‍“এটি নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিপরিষদ সচিব আপনাদের জানিয়ে দেবেন।”

প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরন করে এগোতে বলেছেন উল্লেখ করে তিনি বলেন, “কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, এর উৎস কী, ভুক্তভোগী কারা তা নিয়ে কথা হয়েছে।

“মাদক আমরা তৈরি করি না, মাদকদ্রব্য বাইরে থেকে আসে। এর ভুক্তভোগী হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। এই প্রজন্মকে রক্ষার জন্য কী কী করা যায়- তা নিয়ে আলোচনা করেছি।“