দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে: প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট:
‘দ্রব্যমূল্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা এখন চেষ্টা করছি কীভাবে এটি নিয়ন্ত্রণে আনা যায়। আগের তুলনায় বর্তমানে এটি আয়ত্তে আনার সুযোগ অনেক বেশি সৃষ্টি হয়েছে। সেই সুযোগ ব্যবহার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা যেন প্রতিযোগিতায় থাকি।’
এ কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ভার্চুয়ালি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভায়।
দ্রব্যমূল্য কমানোর জন্য প্রতিযোগিতার আহ্বান জানিয়ে মাঠ প্রশাসনের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমরা আজ একসঙ্গে অনেক জেলা যুক্ত আছি এবং একসঙ্গে কথা বলছি। তাই আমরা নিজেদের মধ্যে একটি প্রতিযোগিতা করতে পারি, যেমন “আমার জেলা দ্রব্যমূল্য ঠিক রাখতে সক্ষম হয়েছে।” আমরা এমন জেলা গুলোকে প্রশংসা জানাবো যারা খুব সুন্দরভাবে কাজ করেছে। আমরা সেটা নিশ্চিত করবো এবং রিকগনাইজ করবো, যেন এটি সবাই জানে যে তারা সুন্দরভাবে কাজ করেছে।’
জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এখানকার পরিস্থিতি একটু ভিন্ন। কারণ বিরাট এক অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে। যদি এই পরিবর্তন আমাদের কাজকর্মে প্রতিফলিত না হয়, তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক হবে।’ ড. ইউনূস আরও বলেন, ‘যে পরিস্থিতি অভ্যুত্থানের জন্ম দিয়েছে, সেটাকেই ধারণ করে আমাদের কাজগুলো করতে হবে, যাতে মানুষ অনুভব করে যে একটা বড় পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তন যেন সবার চোখে পড়তে পারে।’