শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন আইজিপি বাহারুল, ডিএমপি কমিশনার সাজ্জাদ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২০, ২০২৪
news-image

নতুন আইজিপি বাহারুল, ডিএমপি কমিশনার সাজ্জাদ

ডেস্ক রিপোর্ট:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে বাহারুল আলম নিয়োগ পেয়েছেন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলী নিয়োগ পেয়েছেন। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সাংবাদিক ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের নিয়োগের কথা জানান।

জানা গেছে, বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন বাহারুল আলম। তিনি ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন এবং তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

বাহারুল আলম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগের পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন তিনি।

অন্যদিকে শেখ সাজ্জাদ আলী বিসিএস পুলিশ ক্যাডারে ১৯৮৪ সালে পুলিশে যোগদান করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন এবং লক্ষ্মীপুরের পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি চাকরি জীবনে চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন এবং হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।

এদিকে, ছাত্র–জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বদলি করা হয়। পরে মো. ময়নুল ইসলামকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং কিছুদিন পর ডিএমপি কমিশনার হিসেবে মো. মাইনুল হাসানকে নিয়োগ করা হয়েছিল।