ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোস্তফা কামাল (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল ওই গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে একা পেয়ে মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে পালিয়ে যায়। এক পথচারী তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে রাতেই সরাইল থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মোর্শেদুল আলম জানান, ব্যবসায়ী মোস্তফা কামালকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।