,

সিলেটে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
January 18, 2022
news-image

 

কুবি প্রতিনিধিঃ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

আইন বিভাগের শিক্ষার্থী মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারের দাবি জানিয়েছিল। কিন্তু প্রশাসন তা পূরণ না করে তাদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। শিক্ষাঙ্গনে ফ্যাসিবাদ এর নিন্দা জানিয়ে তারা শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবি করেন।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইকবাল মুনাওয়ার বলেন, শাবি শিক্ষার্থীদের উপর এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো হামলা চালিয়েছে। এমন অযোগ্য ব্যক্তি ভিসি থাকতে পারেনা। তার অপসারণ চাই।

প্রত্নতত্ত্ব বিভাগের রফিকুল ইসলাম বলেন, শাবিপ্রবিতে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমাদের এই মানববন্ধন। আজকে আমাদের মত শিক্ষার্থীরা হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছে। এটা দেখে যদি আমাদের বিবেক জাগ্রত না হয় তাহলে বুঝতে হবে আমাদের বিবেক ঘুমিয়ে রয়েছে। আজকে তাদের উপর হামলা কালকে আমাদের উপর এইভাবে দিন দিন শিক্ষার্থীদের উপর হামলা বেড়ে চলেছে। আমাদের দাবি একটাই, শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ চাই।