,

সেই গরিব, প্রেমিক জুটিকে জুতাপেটা করা সেই চেয়ারম্যান আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2016

শরীয়তপুর : গরিব প্রেমিক যুগলকে মধ্যযুগীয় কায়দায় জুতাপেটা করায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন মল্লিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে মূলহোতা কুণ্ডেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন মল্লিকে গ্রেপ্তার করার পর গভীর রাতে ঘটনায় জড়িত কুণ্ডেরচর আব্দুল মান্নান মল্লিক কান্দি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি বাদল হোসেন ছৈয়ালকেও গ্রেপ্তার করে।BD

এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার এহ্সান শাহ গণমাধ্যমকে বলেন, সংবাদ প্রকাশিত হওয়ার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ, শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের ঘাটকুল আব্দুল মান্নান মল্লিক কান্দি গ্রামের প্রেমিক যুগল স্বপন খাঁ (১৭) ও আইরিন আকতারকে (১৩) জুতাপেটা ও মধ্যযুগীয় কায়দায় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি তারা নতুন জীবন গড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার কামাল হোসেন ও সুলতান মল্লিক তাদের আটক করেন। পরে কামাল হোসেন ও সুলতান মল্লিক মিলে স্বপন ও আইরিনের অভিভাবকদের খবর দেন। অভিভাবকদের আসতে দেরি হওয়ায় কামাল মেম্বার ও সুলতান মল্লিকের নেতৃত্বে কুণ্ডেরচর আব্দুল মান্নান মল্লিক কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে তাদের বিচার শুরু করা হয়।

একপর্যায়ে দুজনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। পরে তাদের জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। নির্যাতনে তারা অসুস্থ হয় পড়েন। প্রায় ১৭ দিন ধরে প্রেমিক যুগল অসুস্থ থাকায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

প্রেমিক স্বপন কুণ্ডেরচরের ঘাটমুল আব্দুল মান্নান মল্লিক কান্দি গ্রামের আসমত আলী খাঁর ছেলে আর আইরিন একই গ্রামের সোনা মিয়া ছৈয়ালের মেয়ে। সে সপ্তম শ্রেণির ছাত্রী।