,

কুমিল্লার মনোহরগঞ্জে ইট ভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
May 27, 2019
news-image

 

শাহাদাত হোসেন:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড় কাঁচি গ্রামের নির্মাণাধীন ইট ভাটা থেকে মনির আহমেদ (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত মনির আহমেদ বড় কাঁচি গ্রামের আলী আহমেদের ছেলে। রবিবার (২৬মে) বিকেলে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত মনির আহমেদ পেশাগত পিকআপ চালক। দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ের পিতা। জীবিকার তাগিদে পিকআপ চালানোর পাশাপাশি মাঝে মাঝে অন্যান্য কাজও করতেন।

কয়েকদিন যাবত তিনি দিনের বেলায় ওই ইটভাটায় মাটি কাটার কাজ করতেন। শনিবার রাতেও তাকে পিকআপ চালাতে দেখা গেছে।

রবিবার সকালে কাজের উদ্দেশ্যে ইটভাটায় যাওয়ার পর থেকে তিনি বাড়ি ফেরেননি। বিকেলে তাকে ইটভাটার পাশে ড্রেইনের উপর পড়ে থাকতে দেখে স্থানীয়দেরকে খবর দেয় তার ছেলে। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোঃ জাফর ইকবাল বলেন, ‘পারিবারিক সূত্রে জানতে পেরেছি বছর দুয়েক আগে মনির আহমেদ ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচার করা হয়েছিলো। এছাড়াও তিনি শারীরিক ভাবে কিছুটা অসুস্থ্য ছিলেন। স্ট্রোকজনিত কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।