,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
December 11, 2024
news-image

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার বারগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়ার ১১ মাস বয়সী মেয়ে শিশু রাইসা, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুননেছা (৭৫) এবং একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারগুব তৌহিদ জানান, সকালে কুমিল্লাগামী একটি ড্রামট্রাক বারগুড়িয়া এলাকায় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। পরে মাইক্রোবাস চালক পাভেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তিনি আরো জানান, আহতদের প্রথমে হবিগঞ্জ জেলার মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।