,

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বেড়েছে রিটার্ন দাখিলের সময়

আজকের কুমিল্লা ডট কম :
January 30, 2025
news-image

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বেড়েছে রিটার্ন দাখিলের সময়

ডেস্ক রিপোর্ট:

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। করদাতাদের রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে, কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ করা হয়েছে।

ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়েছে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ নিশ্চিত করেছেন।

এটি তৃতীয়বারের মতো রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলো। এর আগে রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ৩১ জানুয়ারি। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত অন্যান্য সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। গত আগস্ট মাসের পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই দফায় সময়সীমা বাড়ানো হয়েছিল।

এনবিআর থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সব মোবাইল টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মী এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরতদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন জমা দেওয়া ও কর পরিশোধ সহজ করার লক্ষ্যে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন জমা দেওয়ার সিস্টেম (ই-রিটার্ন) করদাতাদের জন্য উন্মুক্ত করে। এখন থেকে এই সিস্টেমের মাধ্যমে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা।