একাদশে ভর্তির প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার আবেদন, ফল প্রকাশ আগামীকাল
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন করেছেন ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। যাচাই-বাছাই শেষে আগামীকাল বুধবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।
আজ মঙ্গলবার একাদশে ভর্তি সংক্রান্ত কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভর্তি কমিটির সদস্যরা জানায়, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। এইচএসসি ও আলিমের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এ আবেদন নেওয়া হচ্ছে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া ভিন্নভাবে নেওয়া হয়।
প্রথম ধাপের ফল প্রকাশ বুধবার রাতে
একাদশে ভর্তিতে প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হতে পারে বুধবার (২০ আগস্ট)। এদিন রাত ৮টার দিকে ভর্তির সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে।
ফলাফলে কলেজ বা মাদরাসায় একাদশে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের নিশ্চায়ন করার সুযোগ দেওয়া হবে। কেউ যদি মনোনীত কলেজে ভর্তি হতে না চান, তাহলে তিনি নিশ্চায়ন না করে পরের ধাপে আবার নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। তবে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়নের পরও মাইগ্রেশনের সুযোগ থাকবে।