বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো সংযুক্ত আরব আমিরাত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৭, ২০২৬
news-image

 

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) পালিত হতে পারে বলে জানিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স ও টেকনোলজি।

একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরির রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে এবং ওই দিনই ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখার রাতে পশ্চিম আকাশে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ওই দিন সংযুক্ত আরব আমিরাতে নতুন চাঁদ দেখা সম্ভব হবে না। তাই ১৯ মার্চ রমজানের শেষ দিন হিসেবে গণ্য হতে পারে।

তবে একাডেমি জানিয়েছে, ওই দিন আমিরাতে চাঁদ দেখা অত্যন্ত কঠিন হবে। এমনকি দূরবীন দিয়েও তা দেখা কঠিন হতে পারে। যদিও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে।

এছাড়া ভৌগোলিক ও জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থানের কারণে পশ্চিমের কিছু আরব ও মুসলিম দেশে ওই দিন চাঁদ দেখা যেতে পারে বলেও জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এই হিসাব অনুযায়ী, ২০ মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক ইসলামি দেশে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ