বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনায় কৃষি জমির মাটি কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২, ২০২৬
news-image

রাসেল আহমেদ, ​হোমনা:

কুমিল্লার হোমনায় অনুমতি ব্যতীত অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে শ্রেণী পরিবর্তন ও জায়গা ভরাট করার অপরাধে দুই ব্যক্তিকে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার ওপারচর ও ছোট ঘাড়মোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের।

​জানা যায়, উপজেলার নিলখী ইউনিয়নের ওপারচর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে ইসলাম মোহাম্মদ (৪৩) এবং ছোট ঘাড়মোড়া গ্রামের মো. জীবন মিয়ার ছেলে স্বপন (৪৬) প্রশাসনিক অনুমতি ছাড়াই নিজ নিজ এলাকায় কৃষি জমির মাটি কেটে শ্রেণী পরিবর্তন ও জায়গা ভরাট করছিলেন।

​এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে মাটি কাটার সত্যতা পান। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৭ ও ১৫ ধারা অনুযায়ী অপরাধ বিবেচনায় অভিযুক্ত দুই ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের জানান, কৃষি জমি রক্ষা এবং আইন অমান্য করে জমির শ্রেণী পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক ও আইনগত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।