হোমনায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
রাসেল আহমেদ, হোমনা:
শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি-এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোমনা-মেঘনা সার্কেলের এএসপি আব্দুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান (জাকি), আলহাজ্ব আব্দুল লতিফ, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। এর আগে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।