,

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ও আহতরা স্পিডবোটের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন- উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া। তাদের মরদেহ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনায় আহত আরো একজন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড় ফিরে যাচ্ছিল। পথিমধ্যে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়া নামের দুজনকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানায়, দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্য আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। এ বিষয়ে বিস্তারিত জানা হচ্ছে।