কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার সদর দক্ষিণে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. ইকরামুল হক (৩৭) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। গত ১০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানাধীন যুক্তিখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইকরামুল হক কুমিল্লার সদর দক্ষিণ থানার লালবাগ উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম।
এসআরবি-১১ জানায়, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ মডেল থানাধীন লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কলাবাগানে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ইকরামুল ওই নারীকে ফুসলিয়ে কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন।
এসআরবি-১১ আরো জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ঘটনার পর কলাবাগান থেকে বের হওয়ার সময় রাসেল নামের আরেক অটোরিকশাচালক ইকরামুলকে দেখতে পান এবং তাঁর ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে ইকরামুলকে ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করতে দেখা যায় বলে জানিয়েছে এসআরবি-১১। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী নারীকে উদ্ধারের লক্ষ্যে এসআরবি-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে ইকরামুলকে গ্রেপ্তার করে।
এসআরবি-১১ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।