All posts by jitu

চুরি করতে এসে ধরা পড়লে শাস্তি পেলেন ৮ লিটার ‘সেভেন আপ’ পান করা

চুরি করতে এসে ধরা পড়লে শাস্তি পেলেন ৮ লিটার ‘সেভেন আপ’ পান করা

ডেস্ক রিপোর্ট:

সাধারণত চুরি করতে গিয়ে ধরা পড়লে চোরের কপালে জোটে বেদম মারধর। কখনো বা পিটুনিতে প্রাণও হারাতে হয় চোরকে। কিন্তু এর বিপরীত একটি ঘটনা ঘটেছে নাটোরে। চোরকে ধরে মারধর অথবা পুলিশে দেয়ার পরিবর্তে তাদের কোমল পানীয় পান করানো হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে নাটোরের প্রাণকেন্দ্র কানাইখালী মহল্লার মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী শিউলি অটোজের মালিক আনিছুর রহমানের বাড়িতে ওই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, স্ত্রীকে নিয়ে আনিছুর রহমান তার শ্বশুরবাড়িতে শ্বশুরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বাড়িতে লোকজনের অনুপস্থিতি টের পেয়ে প্রথমে দুই চোর তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় দুই চোর বাড়ির কিছু মালামাল তাদের বস্তায় পুরে নেয়। এক পর্যায়ে চুরির ঘটনাটি দেখে ফেলেন প্রতিবেশী। তারা এসে মালামালসহ দুই চোরকে ধরে ফেলেন।

এরপর তারা আনিছুর রহমানকে ফোনে বিষয়টি জানালে তিনি দুই চোরকে মারধর না করার অনুরোধ করেন। এমনকি তাদের কোনো কিছু দিয়ে না বাধার অনুরোধও করেন। এরপর আনিছুর রহমানের মেয়েও ঘটনাটি তার বাবাকে জানালে আনিছুর বলেন তুমি চোরদের কোমল পানীয় (সেভেন আপ) পান করাও আমি আসছি। এরপর আনিছুর বাড়িতে এসে দুই চোরের প্রত্যেককে চার লিটার করে মোট আট লিটার কোমল পানীয় পান করতে বাধ্য করেন। তা না হলে তাদেরকে পুলিশে তুলে দেয়া হবে বলে জানান।

আনিসুর রহমান জানায়, যেহেতু শুক্রবার তার শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল, তাই তিনি কাউকে আঘাত করবেন না বলে জানান। তাছাড়া তিনি কাউকে মারধর করাও পছন্দ করেন না বলেই ওই অভিনব শাস্তির ব্যবস্থা করেছেন। পরে চোরদের প্রত্যেককে চার লিটার করে আট লিটার কোমল পান পানীয় পান করানোর পর ছেড়ে দেন। বিষয়টি আশেপাশের মানুষ ভিডিও করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

কবিতা: সুন্দরী নারী

ইয়াছিন আরাফাত:

এই যে শুনুন সুন্দরী নারী,
প্রেম নয়, করব তোমায় বিয়ে,

বল না কোথায় তোমার বাড়ি?
বলে বুঝাতে পারব না ,

কতটা সুন্দর লাগতেছে তোমায়, পড়ে ঐ শাড়ি।
তোমার ঐ সৌন্দর্যে বিমোহিত হয়েছি,

নিয়েছো তুমি আমার মন কাড়ি।
দয়া করে নয়, ভালোবেসে ছেড়ে যেয়ো না,

তোমার সাথেই দিতে চাই সারাজীবন পাড়ি।
এই যে আমাকে ধরে প্রতিজ্ঞা কর,যাবা না কখনো ছাড়ি।
ভুলেও দিবা না কখনো আমার সাথে আড়ি।

লেখক: ইয়াছিন আরাফাত
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

কবিতা: বৃষ্টির ছোয়ায় নতুন রূপ

রেজাউল করিম (সাকিব):

সৃষ্টি
তোমার সুরের ছোয়ায় পৃথিবী সাজে
ফসলের মাঠে নতুন সুর পানিতে

উষ্ণ এই পৃথিবী নাতিশীতোষ্ণ রূপে
তোয়ায় সৃষ্টি করেছে পৃথিবী সাজাতে

তুমি আসো, সুন্দর, শান্তি, মায়ায়

এক সবুজ শ্যামল, নদীর কলতানে
পাখপাখালি সুরে নতুন পাতায় ফুল ফলে
নাতিশীতোষ্ণ পরিবেশে মাছে ভরা মাঠে

নকশিকাঁথার মায়া জড়ানো
রাতের রিমিঝিম সুরে,

ভোরের নতুন আলোয়
আহা কত রঙিন রূপে,নতুন দূর্বা ঘাসে
কচু পাতায় বৃষ্টির ফোটা টলমল করে
কত মূল্য, কত মুগ্ধতা, বর্ষার রিমঝিম রূপে

কখনো পূর্ব আকাশে রংধনু সাজে
বর্ষার এ রূপে যে দেখে সে তার সঙ্গীকে
-দেখ রংধনু, মুগ্ধতা লাগে চোখে ,
অর্ধ বৃত্তকার রংধনুর রঙে

বৃষ্টির রিমিঝিম, টিপটপ, শব্দ
চারদিন নতুন সুন্দর রূপে নৈঃশব্দ্য
সৃষ্টির ছোয়ায় নতুন রূপ

কবিতা: তোমার সবকিছু

ইয়াছিন আরাফাত:

তোমার ঐ হাসি….
সব কিছু থেকে লাগে ভালো বেশি।
তোমার ঐ দুটি চোখ….
পড়ে না পলক;
থাকিয়ে থাকতে ইচ্ছে করে অপলক।

তোমার ঐ মুখ….
দেখলেই ভরে যায় আমার এই বুক।
হাতে পাই যেন পৃথিবীর সমস্ত সুখ।
তোমাকে দেখলেই চলে যায় আমার সব অসুখ।

তোমার ঐ সুগন্ধি চুল….
সংশোধন করে দে আমার জিবনে করা সমস্ত ভুল।
তোমার ঐ কানের লতি…
এমন ভাবে শিক্ষা দে যেন, না করি কখনো কারো ক্ষতি।

তোমার ঐ চিরল দাঁত….
দেখলেই মনে হয় যেন, কখনো কোন ভাবে না করি কাউকে আঘাত।
যখন ধরি তোমার ঐ হাত….
ইচ্ছে করে যেন কাটিয়ে দিই শত, হাজার,লক্ষ, কোটি রাত।
তোমার ঐ নাক….
দেখলেই কমে যায়, আমার জিবনের সমস্ত রাগ।

চাই না আমি,তোমার ঐ সম্পত্তি করিতে ভোগ….
তোমাকে খুবই দরকার,জিবনের সমস্ত কিছু থেকে থাকার জন‍্য নিরোগ।

লেখক: ইয়াছিন আরাফাত
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

কুমিল্লার দেবিদ্বারে ১৬টি নতুন কবর, পরিচয় শনাক্তে তদন্ত কমিটি

কুমিল্লার দেবিদ্বারে ১৬টি নতুন কবর, পরিচয় শনাক্তে তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দেবিদ্বারে একই স্থানে ১৬টি নতুন কবর দেখা গেছে। ঘটনাটি কুমিল্লার দেবিদ্বার পৌর সদরের প্রাণকেন্দ্রের নিউমার্কেটস্থ মোল্লা বাড়ির পুকুর পাড়ের গোরস্তানের পাশে। এই নিয়ে এলাকাবাসীর মনে জন্ম নিয়েছে নানান প্রশ্ন। কারা এই কবর গুলো খোড়ল? এই ১৬ টি কবর কার? এ কবরে আছে কাদের লাশ? কখন, কে, কিভাবে মারা গেলেন? জানাযা কারা দিলেন? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

রমিজ মিয়া নামে একব্যক্তি এই রহস্যজনক ঘটনার রহস্য উদঘাটন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানালে রবিবার তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, লিখিত আবেদনের প্রেক্ষিতে উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) আহবায়ক, পৌর উপ-সহকারি ভূমি কর্মকর্তা মো. আলাউদ্দিন ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে সদস্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
তিনি আরো জানান, বিষয়টা স্পর্শকাতর, তাই এসিল্যান্ডকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেছি। কমিটিকে দ্রুত তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলেই কবর সঠিক নাকি গায়েবি কবর তা নিশ্চিত হওয়া যাবে।

নিউমার্কেটের প্রবীণ ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ মোল্লা বলেন, আমি প্রায় ৪০ বছরেরও আগে দেবিদ্বার নিউমার্কট মোল্লা বাড়ির পুকুর পাড়ে বাঁশঝাড়ের জমি কিনে মার্কেট তৈরি করে ব্যবসা করে আসছি। আমার মার্কেটের পাশে হঠাৎ এতগুলো নতুন কবর দেখে শঙ্কিত হয়ে পড়ি। কারা মারা গেলেন, কারা কবর দিলেন? জানাযা, মৃত্যুর বিষয়ে প্রচার- প্রচারণার সংবাদও পাইনি।

এদিকে ঘটনার পর একাধিকবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ কবরের রহস্য উদঘাটনে ইউএনও মহোদয় তদন্ত কমিটি গঠন করেছেন।

কুবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে জান্নাত-বাঁধন

কুবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে জান্নাত-বাঁধন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) ৫ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী কাউসার আহাম্মেদ বাঁধন।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মোঃ আবদুল্লাহ আল মাহবুব, সদ্য বিদায়ী সভাপতি আল নাঈম ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফাতেমা তুজ জোহুরা মীম (প্রশাসন), সাদিয়া আফরিন (বাংলা বিতর্ক) মোঃ সোহাগ আহমেদ (ইংরেজি বিতর্ক), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মুহসিন জামিল (প্রশাসন), মোহাম্মদ রুবেল (বাংলা বিতর্ক), অভিজিৎ রায় (ইংরেজি বিতর্ক), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ সবুজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন সামি, অনুষ্ঠান সম্পাদক সাদিয়া আফরিন মোহনা, অর্থ সম্পাদক মো. এনায়েত হোসেন, দপ্তর সম্পাদক পরাগ বড়ুয়া নিলয়, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক মোফাজ্জল হোসেন মুজাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লাবিব রহমান।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন তানভীর হোসাইন, কাজী মিরাজ, মো. আব্দুর রহমান আস সাদী, মো. আবিদুর রহমান।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার একমাত্র সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)। বিতার্কিক তৈরিতে সংগঠনটি নিয়মিত সাপ্তাহিক বাংলা ও ইংরেজি বিতর্কের সেশন পরিচালনা, প্রশিক্ষণ কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন এবং জাতীয়, আন্তর্জাতিক ও টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করে থাকে।

দুদকের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কারাগারে

দুদকের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কারাগারে

ডেস্ক রিপোর্ট:

দুদকের প্রাথমিক তদন্তে জাকিরের নামে বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের (এফডিআর) রসিদ, বাড়ি, ফ্ল্যাট ও গাড়ির তথ্য পাওয়া যায়। অবৈধভাবে ১৫ কোটি ৮৮ লাখ টাকা অর্জনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জাকির তার আইনজীবীর মাধ্যমে মামলায় জামিন চেয়ে আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) এ আদেশ দেন।

জাকির এর আগে কেনিয়ায় বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক তদন্তে জাকিরের বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের (এফডিআর) রসিদের তথ্য, বাড়ি, ফ্ল্যাট ও গাড়ির তথ্য পেয়েছে। যা তিনি অবৈধ উপায়ে অর্জন করেছিলেন।

অনুসন্ধানের পর দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গত বছরের ১৪ মার্চ ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মো. জাকিরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বিবরণীতে আর বলা হয়েছে, আসামিরা আরও অনেক অবৈধ সম্পদ অর্জন করেছে, যেগুলোর আয়ের উৎস উল্লেখ নেই।

দেশে বর্তমানে মানবাধিকার বলতে কিছু নেই : জামায়াত ইসলামী

অনলাইন ডেস্ক:

দেশে বর্তমানে মানবাধিকার বলতে কিছু নেই। মানুষের বেঁচে থাকার অধিকার, স্বাধীন মতপ্রকাশের অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকারসহ সব কিছুই কেড়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এসব কথা বলেন। তারা বলেন, সরকার ও তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন মানবাধিকার সংগঠন ও এজেন্সির তথ্য অনুযায়ী, বর্তমান ক্ষমতাসীন সরকারের শাসনামলে গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৪৫ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা অপহরণ করে গুম করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের (এএইচআরসি) হিসাবে এখনো ১৫৩ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। যারা গত ১৩ বছরে বিভিন্ন সময়ে গুম হয়েছেন।

হংকংভিত্তিক এই সংস্থার মতে, ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশে ৬২৩ ব্যক্তি গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৮৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় ফিরে এসেছেন বা পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হয়েছে ৩৮৩ জনকে। তিনজনের বিষয়ে কোনো তথ্যই জানা যায়নি। আমি গুম হওয়া মানুষদের প্রতি গভীর উদ্বেগ এবং তাদের আত্মীয়-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।

বিবৃতি আরও বলা হয়, বাংলাদেশে ‘গুম’ বা ‘নিখোঁজ’ ইস্যুতে বিদেশিদেরও আগ্রহ রয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গুমের শিকার ব্যক্তিদের বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন। এমনকি গুমের শিকার ব্যক্তিদের পরিবারের খোঁজ নিতে গিয়ে অনেকে হামলার শিকার হয়েছেন। ২০২২ সালের আগস্ট মাসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট বাংলাদেশ সফর করেন। জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ৭৬ জনের একটি তালিকা ২০২১ সালে বাংলাদেশ সরকারকে হস্তান্তর করেন।

বয়স কমার কার্যকর প্রসাধনী সিরাম

অনলাইন ডেস্ক:
বয়স ৩০ এর পর ত্বকের কোলাজেন কমতে শুরু করে। ফলে ত্বক ধীরে ধীরে কুঁচকে যায় আর বলিরেখা প্রকট হয়। ত্বকের বুড়িয়ে যাওয়া রুখতে কার্যকর প্রসাধনী সিরাম। দিনে একবার সিরাম ব্যবহারে ত্বকে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বিস্তারিত জানাচ্ছেন মারজান ইমু

সঠিক ফল পেতে ত্বকের জন্য প্রয়োজনীয় উপাদানসমৃদ্ধ সিরাম বেছে নিতে হবে। তৈলাক্ত ত্বকের সিরাম স্বাভাবিকভাবেই শুষ্ক ত্বকে কাঙ্ক্ষিত ফল দেবে না। তাই সেরাম কেনার আগে ত্বকের ধরন ও সমস্যা নির্ণয় করে সে অনুযায়ী সিরাম কিনুন। জেনে নিন আপনার ত্বকের জন্য মানানসই সিরাম কোনটি –

# শুষ্ক ত্বকের জন্য বেছে নিন ভিটামিন-ই, গ্লাইকোলিক অ্যাসিড ও হাইড্রোলিক অ্যাসিডযুক্ত সিরাম। এই উপাদানগুলো ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি ত্বকে অসামঞ্জস্যতা ও বলিরেখা কমায়।

# তৈলাক্ত ত্বকের জন্য সেরাম বাছতে হবে খুব সাবধানে। কারণ ত্বকে বেশি পরিমাণ সেরাম উৎপাদন হলেই ত্বক তৈলাক্ত হয়। তাই এমন ত্বকের সিরামে তেল থাকা চলবে না। জেল বা ওয়াটার বেজড সেরাম তৈলাক্ত ত্বকের জন্য মানানসই।

# স্বাভাবিক ও মিশ্র ত্বকের জন্য রেটিনল আর ভিটামিন সি সম্পন্ন সিরাম ব্যবহার করুন।

# ত্বকে ব্রন থাকলে স্যালিসিলিক অ্যাসিড ও জিঙ্ক সমৃদ্ধ সিরাম উপকারী।

# অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত গ্রিন টি নির্যাস সমৃদ্ধ সিরাম নির্জীব ত্বকে প্রাণ ফিরিয়ে আনতে সক্ষম।

নাইজারের পর আফ্রিকার আরও একটি দেশের ক্ষমতা দখলে নিল সেনাবাহিনী

অনলাইন ডেস্ক:

নাইজারের পর এবার আফ্রিকার আরও একটি দেশের ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী। মধ্য আফ্রিকার পশ্চিমভাগের রাষ্ট্র গেবনের সেনাবাহিনী টেলিভিশনের সামনে এসে এ ঘোষণা দিয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গেবনের সেনাবাহিনীর একটি সিনিয়র দল দেশটিতে অনুষ্ঠেয় নির্বাচনে কারচুপির দাবি করে ক্ষমতা দখলে নিয়েছে। তারা বলছে, দেশটিতে সদ্যসমাপ্ত হওয়া নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য নয়। বুধবার (৩০ আগস্ট) দেশটির সেনাবাহিনী টেলিভিশনে জানিয়েছে, তারা দেশের নির্বাচন বাতিল করেছে। এ সময় তারা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সব সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে।

টেলিভিশনে সেনাবাহিনী আরও জানায়, তারা গেবনের নিরাপত্তা ও প্রতিরক্ষার সকল দায়িত্ব নিয়েছে। দেশটিতে গত শনিবার (২৬ আগস্ট) বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট আলি বঙ্গ। এ নিয়ে তিনি দেশটিতে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছিলেন।

এর আগে গত মাসের শেষ দিকে আফ্রিকার দেশ নাইজারে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। প্রথমে দেশটির সেনাবাহিনীর একটি দল প্রেসিডেন্ট বাজোমকে জিম্মি করেন। পরে তারা তাকে আটক করে ক্ষমতা দখলে নেওয়ার ঘোষণা দেয়। তবে তাদের অভ্যত্থান বাতিল করে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়েছে ইকোওয়াস নামের আঞ্চলিক জোট।