All posts by jitu

ইমরান খানের ১৪ বছর জেল হতে পারে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছর জেল হতে পারে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি নথি উন্মোচন করে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করায় অভিযোগ রয়েছে ইমরান খানের বিরুদ্ধে বিষয়টি প্রমাণিত হলে তার এই জেল হবে। খবর জিও টিভির।

বৃহস্পতিবার ইসলামাবাদে একটি প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন পাকিস্তানের আইনমন্ত্রী। তিনি আরও বলেন, সাইফার হচ্ছে একটি সরকারি শ্রেণিবদ্ধ নথি, যেটি কখনো প্রকাশ করা যাবে না বা কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ইমরান খান এটিকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। এ বিষয়ে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) তাকে তলব করেছিল।

আইনমন্ত্রী বলেন, সাইফারের নির্বিচারে ব্যবহার করে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিলেন ইমরান খান; যেটি সাবেক মুখ্যসচিব আজম খানের স্বীকারোক্তিমূলক বক্তব্য থেকে স্পষ্ট করেছে। পিটিআইয়ের চেয়ারম্যান এটি তার নিজের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ব্যবহার করেছেন।

তিনি আরও দাবি করেন, তিনি যখন ইমরানের সঙ্গে এই নথি নিয়ে আলোচনা করেছিলেন, তখন ইমরান খান উচ্ছ্বসিত ছিলেন। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ভুল বলে অভিহিত করেছিলেন। যদি গোপন নথিটি প্রকাশ করা হয় এবং এর বিষয়বস্তু তার স্বার্থের জন্য ফাঁস করা হয়, তবে ইমরান খানের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিদেশিরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করেন: আব্দুল মোমেন

 

ডেস্ক রিপোর্টঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পান।

শুক্রবার দুপুরে সিলেট শিল্পকলা একেডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিদেশিরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতেও আহ্বান জানান মোমেন।

তিনি আরও বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেল। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করলো- সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেশনের ধারে কাছেও নেই।

পৃথিবীর আর কোথাও অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না বলেও মন্তব্য করেন তিনি। তাদের দেশে যখন পুলিশ গলাচিপে মানুষকে হত্যা করে, গুলি মেরে হত্যা করে তখন তো বাংলাদেশের কোনো গণমাধ্যম তাদের এসব বিষয়ে জিজ্ঞাসা করেন না।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়।

চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়ির তালা ভেঙ্গে স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর ঘর থেকে ২ভরি স্বর্ণালংকার, নগদ ১লক্ষ টাকা, বিভিন্ন দেশী বিদেশী প্রসাধনী, মালামালসহ অন্তত পাঁচ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরচক্র।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পাটোয়ারী বাড়ির ডুবাই প্রবাসী
আবদুল আহাদ সোহেল পাটোয়ারীর নতুন ডুপ্লেক্স বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় সাধারন ডায়েরীর প্রতিক  চলছে বলে জানিয়েছেন সোহেল পাটোয়ারীর স্ত্রী ফাতেমা বেগম।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে পরিদর্শনে গিয়ে ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আহাদ পাটোয়ারীর ডুপ্লেক্স বাড়ির একাংশের কাজ শেষ করে দেশের এবং বিদেশের বিভিন্ন ফার্ণিসার এনে ঘর সজ্জিত করেছেন।

কিছুদিন আগে স্ত্রী ফাতেমা বেগম দেশে এসে পরিবার নিয়ে বসবাস করা। ঘটনার কয়েকদিন আগে ফাতেমা বেগম পিতার বাড়িতে বেড়াতে যায়।

এই সুযোগে বুধবার দিবাগত গভীর রাতে চোরচক্র টিনের বাউন্ডারী কেটে ভবনের দ্বিতীয় তলায় দরজার এবং গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ঘরের ভিতরে থাকা কয়েকটি আলমিরা ভেঙ্গে আলমিরায় থাকা ১টি সোনার হার, কানের দুলসহ ২ভরি স্বর্ণ, নগদ ১লক্ষাধিক টাকা, এলইডি ভিটি, টেবিল ফ্যান, ইলেকট্রিক
বিভিন্ন সরঞ্জামসহ প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে এসে আলমিরাগুলোর গøাস, দরজা ভাঙ্গা ঘরের মেঝেতে
পড়ে থাকতে দেখেন। এসময় ফাতেমা বেগম জানান, চোরচক্র যাওয়ার সময় আলমিরাতে থাকা তাহার পুরো ঘরের সকল চাবিগুলো নিয়ে যায়।

কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় এক কাভার্ডভ্যানের ধাক্কায় অপর কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) সকালে মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে কাভার্ডভ্যানচালক আজিজুল হক (৩৪) ও তার ছোট ভাই হেলপার রবিউল হক (২৩)।

ইলেটগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়েদুল জানান, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চালক-হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুবিতে অনুষ্ঠিত হলো বিএনসিসির ভর্তি পরীক্ষা

চাঁদনী আক্তার, কুবি:

জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবী ‘ মূলমন্ত্রকে সামনে রেখে নতুন ক্যাডেট অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন এর লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা, ইংরেজি, সাধারণ গণিতসহ ৬টি বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শুক্রবার (২১জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, সামরিক প্রশিক্ষক সার্জেন্ট আবুল কাশেম, এক্স ক্যাডেট আন্ডার অফিসার মো. হাসানুর রহমান এবং ক্যাডেট সার্জেন্ট মো. সামিন বখশ সাদী ও ক্যাডেট সার্জেন্ট আরিফা আক্তার তানজিনাসহ অন্যান্য ক্যাডেটবৃন্দ।

এ প্রসঙ্গে প্লাটুন কমান্ডার বিএনসিসিও অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, এটা বিএনসিসির একটা নিয়মিত কার্যক্রম। প্রতি বছর বিএনসিসিতে যারা আগ্রহী তাদেরকে ক্যাডেটশীপ দিতে আমারা কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই। আজ তারই সূত্রপাত এই পরীক্ষার মধ্য দিয়ে হয়েছে। আজকে লিখিত পরীক্ষা হয়েছে এবং পরবর্তীতে মৌখিক ও শারীরিক পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্রি- ক্যাডেট হিসেবে বাছাই করা হবে।

ক্যাডেট সার্জেন্ট মো. সামিন বখশ সাদী বলেন, জ্ঞান ও শৃঙ্খলা মূলমন্ত্রে দীক্ষিত এবং স্বেচ্ছাসেবী এর চেতনায় উদ্ধুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্রতিনিয়তই দেশমাতৃকার সেবা ও বিভিন্ন দূর্যোগে বিপন্ন জাতিকে রক্ষায় কাজ করে চলেছে। এরই প্রেক্ষিতে প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের নবীন ক্যাডেট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এর পরবর্তী ধাপ হচ্ছে মৌখিক সাক্ষাৎকার। আমাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ এবং মহিলাকে সাময়িক ক্যাডেট হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হাসান গাজী বলেন, আজকের পরীক্ষাটা সুন্দর পরিবেশে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। প্রশ্নগুলো মানসম্মত ছিল যা আমাদের কি কি করা প্রয়োজন এবং আমাদের দায়িত্ব সম্পর্কে ধারণা দিয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৯শে এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিএনসিসি প্লাটুন প্রতিষ্ঠিত হয়েছিল।

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও চারজন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে একজনকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে।

যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী।

অন্তত চার ফিলিস্তিনি বন্দুকের গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় রেড ক্রিসেন্ট। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। নাবলুসের পূর্ব অংশে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়ে তুলতে গেলে দুইপক্ষের সংঘর্ষ হয়। তখনই এ হতাহতের ঘটনা ঘটে।

চলতি মাসের শুরু দিকে জেনিন শরণার্থী শিবিরে সামরিক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ওই অভিযানে ১২ জন ফিলিস্তিনি নিহত হন। আহতের সংখ্যা শতাধিক। অভিযানের নামে তারা বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

ব্রাহ্মণবাড়িয়ার শিশুকে ধর্ষণের পর হত্যা, ব্যবসায়ীর মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের পর হত্যা, ব্যবসায়ীর মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশুকে ধর্ষণের পর হত্যায় মোবারক মিয়া ওরফে কানাই মিয়া (৫০) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। কানাই মিয়া সরাইল উপজেলার পশ্চিম কুট্রাপাড়ার নিবু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদার উল আলম জানান, রায় ঘোষণার সময় আদালতে কানাই মিয়া উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যার পর প্রতিবেশীর বাড়িতে যেতে বের হয় ওই শিশু। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন ১৭ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ বাড়ির কাছের একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। পরে অজ্ঞাতনামা পরিচয় ব্যক্তিকে আসামি করে সরাইল থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন তার মা ফেরদৌসি বেগম। মামলার একদিন পর তদন্তে কানাই মিয়াকে আটক করে পুলিশ। গ্রেফতারের পর কানাই আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে কানাই মিয়াকে অভিযুক্ত করে আদালতে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। সব সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এ মামলায় কানাই মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

রায় ঘোষণার সময় বাদীপক্ষের আইনজীবী সৈয়দ মেরাজুল ইসলাম ও বিবাদীপক্ষের আইনজীবী আবু তাহের আদালতে উপস্থিত ছিলেন।

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে ডাকাতির ঘটনায় বিদেশী আগ্নোয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় নগদ টাকা, ১টি বিদেশী পিস্তল, ২০ রাউন্ডগুলি, ১টি কেসি গেইট কাটার যন্ত্রসহ মালামাল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার এসপি মো.শহীদুল ইসলাম তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সুধারাম থানা ও বেগমগঞ্জ থানাসহ পুলিশের বিভিন্ন সদস্যরা বেগমগঞ্জ, লক্ষীপুর, রামগঞ্জ ও চাটখিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন আরিফ হোসন (২৮), মো. জুয়েল (২৩), ইমরান হোসেন সুজন (৩০), মো. মাসুদ আলম (৪০) ও ফজর আলী ওরপে কেসি জাহাঙ্গীর (৪৫)।

জানা যায়, গত ৯ জুলাই বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের প্রবাসী বাহার মিয়ার বাড়িতে এ সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি জানান, চৌমুহনীর হাজীপুর গ্রামের ডাকাত ইমরান হোসেন সুজন ওরপে খালাশি সুজনের সাথে ডাকাত জাহাঙ্গীরের জেল খানায় পরিচয় হয়। জেল থেকে বেরিয়ে পরিকল্পনা করে প্রবাসী বাহার মিয়ার বাড়িতে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ডাকাতি করে নগদ টাকা সহ প্রায় ১২ লক্ষ টাকার বেশি মালামাল লুটপাট করে তারা। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি, মাদক ও চাঁদাবাজি সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কুবি কর্মচারী সমিতির নির্বাচন ৩১ জুলাই

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি নির্বাচন (১৭-২০ তম গ্রেড) -২০২৩ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার মো. সাদেক হোসেন মজুমদার ও অন্যান্য সহকারি নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচন ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।

তফসিল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৪ জুলাই মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে, ২৫ জুলাই বাতিলকৃত মনোনয়নপত্র সম্পর্কে আপত্তি গ্রহণ করা হবে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায়। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বুধবার ২৬ জুলাই। মোট ১৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সম্পাদক , একজন কোষাধ্যক্ষ, একজন সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর ও আন্তঃ বিশ্ববিদ্যালয় সম্পাদক, একজন প্রচার ও প্রকাশনা সম্পাদক , একজন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, একজন মহিলা বিষয়ক সম্পাদক এবং কার্যকরী সদস্য হচ্ছেন দুইজন নির্বাচিত হবেন।

উল্লেখ্য, ৩১ জুলাই (সোমবার) প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে একইদিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

সোনালী ব্যাংকের এমডিসহ ৮ জনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

ঋণ জালিয়াতির মাধ্যমে ২ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১০৩ টাকা আত্মসাতের দায়ে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) হুমায়ুন কবিরসহ আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত অপর সাত আসামি হলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, জিএম ননী গোপাল নাথ, এজিএম সাইফুল হাসান ও কামরুল হোসেন খান, ডিজিএম সফিজ উদ্দিন আহমেদ, প্যারাগন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের এমডি সাইফুল ইসলাম রাজা ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

এদের মধ্যে হুমায়ন কবির, ননী গোপাল, সাইফুল হাসান, সাইফুল ইসলাম রাজা ও আব্দুল্লাহ আল মামুনকে পৃথক দুই ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যার মধ্যে অর্থ আত্মসাতের দায়ে তাদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১০৩ টাকা অর্থদণ্ড করেছেন আদালত।। যা প্রত্যেকের কাছ থেকে সমহারে রাষ্ট্রের অনুকূলে আদায়যোগ্য হবে।

এছাড়া প্রতারণার দায়ে তাদের আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সফিজ উদ্দিন, কামরুল হোসেন ও মাইনুল হককে আট বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যার মধ্যে অর্থ আত্মসাতের দায়ে তাদের প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১০৩ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। যা প্রত্যেকের কাছ থেকে সমহারে রাষ্ট্রের অনুকূলে আদায়যোগ্য হবে।

এছাড়া প্রতারণার দায়ে তাদের আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামি ডিজিএম আলতাফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

আজ দণ্ডিত তিন আসামি মাইনুল হক, সফিজ উদ্দিন ও কামরুল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। দণ্ডিত অপর ৫ আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দণ্ডিত সব আসামিই হলমার্কের ঋণ কেলেঙ্কারি মামলার আসামি।

২ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১০৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এরামুল হক চৌধুরী রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২২ মে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা।

২০১৫ সালের ৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ৫৫ জন সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগে সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের কয়েক মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন পৃথক দুই বিশেষ দায়রা জজ আদালত।