All posts by jitu

বুড়িচংয়ে চুরি হওয়া সিএনজি পাবনা থেকে উদ্ধার, আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ের সদর বাজার আরাগ রোড এলাকার উজ্জল গ্যারেজ থেকে চুরি হওয়া সিএনজি পাবনা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই চোর মাহবুব ও কাউছারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) বিকেলে থানার এস আই আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান,আটকৃত দুই চোরকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত (৬ ডিসেম্বর) তারিখে রাত আনুমানিক ৩টা দিকে সদর বাজার আরাগ রোডের উজ্জল গ্যারেজ থেকে একটি চোরের দল গ্যারেজের সিসি ক্যামেরা বন্ধ করে কৌশলে নিয়ে যায়। পরে সিএনজি’র মালিক উপজেলার ষোলনল ইউনিয়নের ইন্দ্রবতী এলাকার লেচু মিয়ার ছেলে মোঃ রাসেল আহমেদ থানাতে একটি মামলা দায়ের করেন।২৬ ফেব্রুয়ারি রোববার থানার ওসি মোঃ ইসমাইল হোসেনের নির্দেশনা মামলার তদন্তকারী মো: আব্দুল জব্বার তথ্য প্রযুক্তি সহায়তায় ঢাকা ডিএমপি মোহাম্মদপুর থানা এলাকা থেকে অভিযুক্ত চোর মোঃ কাউছারকে গ্রেফতার করে এবং তার তথ্যমতে চোর মাহাবুবকে রামপুরা থানা এলাকা থেকে আটক করে।

আটককৃত দুই চোর, মাহবুব ময়নামতি ইউনিয়নের কিং বাজেহুড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। অপরজন মোঃ কাউছার চান্দিনা উপজেলার সাতবাড়িয়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

তাদের উভয়ের দেয়া তথ্য মতে এস আই আব্দুল জব্বার পাবনা জেলার বেড়া থানাধীন বেড়া দাস পাড়া চোর মাহবুবের বোন জামাই সালাউদ্দিনের বাড়ির উঠান থেকে চুরি হওয়া সিএনজি উদ্ধার করে।

খামারের পিছনে মিলল শর্টগানের কার্তুজ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ শর্টগানের চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে।

বুধবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী।

এর আগে,গতকাল মঙ্গলবার উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রাম থেকে এ কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকায় ইমার্জেন্সি মোবাইল- ৫১ ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রামের জনৈক জাহাঙ্গীর মিয়ার মালিকানাধীন অব্যবহৃত মুরগীর খামারের পেছনে একটি পলিথিনে মোডানো প্লাস্টিক বক্সে রক্ষিত চার রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আবারও ৫ শতাংশ দাম বাড়ল বিদ্যুতের

 

ডেস্ক রিপোর্টঃ

ফের বাড়ল খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম। মাত্র দুই মাসের ব্যবধানে তিন দফায় বাড়ানো হল বিদ্যুতের দাম। সেক্টরের বিশেষজ্ঞরা বলেছেন, দাম বাড়ার এই তালিকা দেশের ইতিহাসে রেকর্ড।

এভাবে ঘন ঘন বিদ্যুতের দাম বাড়ানোর ঘটনা নজিরবিহীন। এবারও নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয়। এই দফায় ৫ ভাগ দাম বাড়লো। সব মিলিয়ে চলতি বছরের দুই মাসে সরকার ১৫শতাংশ বিদ্যুতের দাম বাড়ালো।

মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বর্ধিত এই দাম বিল মাস মার্চ থেকে কার্যকর হবে। এর আগে গত ৩১ জানুয়ারি বিদ্যুৎ বিভাগ পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে। ওই দাম ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয় হয়। তারও আগে ১২ জানুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে বিইআরসি গত বছরের ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম বাড়ায়। তখন ইউনিট প্রতি ৫.১৭ টাকা থেকে এক লাফে গড়ে ১৯.৯২ শতাংশ বাড়িয়ে ৬.২০ টাকা দাম নির্ধারণ করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবাসিক গ্রাহকদের মধ্যে শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৪ টাকা ১৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৩৫, শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম ৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৮৫ পয়সা এবং ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ৬ টাকা ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সেই সঙ্গে ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের ৬ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৯৫ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিটের জন্য ৬ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৩৪ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ১০ টাকা ৯৬ পয়সা থেকে বাড়িয়ে ১১ টাকা ৫১ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরে বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল ১২ টাকা ৬৩ পয়সা থেকে বেড়ে ১৩ টাকা ২৬ পয়সা করা হয়েছে।

আবাসিক গ্রাহক ছাড়াও বেড়েছে সব ধরনের বিদ্যুতের দাম। এরমধ্যে কৃষি, ধর্মীয়, দাতব্য, হাসপাতাল, রাস্তার বাতি, পানির পাম্প, ক্ষুদ্র শিল্প, শিল্প, বাণিজ্য, ব্যাটারি চার্জিং স্টেশনের বিদ্যুতের দাম বেড়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী কৃষিকাজে ব্যবহৃত পাম্পের গ্রাহকরা এখন থেকে ইউনিট প্রতি ৪.৮২ টাকা হারে বিল দিতে হবে। আগে এই হার ছিল ৪টাকা ৪৯ পয়সা। ক্ষুদ্র শিল্পে ৯.৪১ টাকা থেকে বেড়ে হয়েছে ৯.৮৮ টাকা। শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতালে ৬.৬৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৬.৯৭ টাকা।

রাস্তার বাতি ও পানির পাম্প ব্যবহারকারী গ্রাহকদের জন্য ৮.৪৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮.৯১ টাকা। নির্মাণ শিল্পে বিদ্যুৎ ব্যবহৃত গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল ১৩.২৩ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩.৮৯ টাকা। ব্যটারি চার্জিং স্টেশনে বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম ৮.৮২ টাকা থেকে বাড়িয়ে (ফ্ল্যাট) ৮.৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পীক আওয়ারে এই বিল দিতে হবে ১১.০৬ টাকা হারে।

সুপার অফ পীকে যারা ব্যবহার করবে তাদের জন্য এই রেট ৭.০৮ টাকা। বাণিজ্যিক অফিসে বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য ১১.৩৬ (ফ্ল্যাট) টাকা থকে বাড়িয়ে করা হয়েছে ১১.৯৩ টাকা।

কুমিল্লার বুড়িচংয়ে ৩টি অটো রাইস মেইলকে ৬ লক্ষ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি অটো রাইস মেইলকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে উপজেলার পারুয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৩টি অটো রাইস মেইলের চুঙ্গী (চিমন্নী) ৭০ ফিটের নীচে এবং পরিবেশের অধিদপ্তরের নিয়মনীতি অনুসরণ করে পরিচালনা না করায় সোনার বাংলা এগ্রো ফুড লিঃ এর মালিক মোঃ আবুল হোসেনকে ২ লক্ষ টাকা, কৃষান ফুড অটো রাইস মেইলসের মালিক মোঃ মনির হোসেনকে ২ লক্ষ টাকা এবং থাই অটো রাইস মেইলস এর ম্যানেজার আতিকুল ইসলামকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এসময় অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেছেন জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন এবং বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজীব চৌধুরীসহ পুলিশ ফোর্স।

দ.আফ্রিকায় মানব পাচারকারীদের কবল থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকায় সন্দেহভাজন পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে ১৯ বাংলাদেশি নাগরিককে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এহলানজেনি জেলা গোয়েন্দা টাস্ক টিমের এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম দ্য সিটিজেন এবং টাইমসের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার সেলভি মোহলালা বলেছেন, তারা নেলসপ্রুটের বাইরে কামাগুগু এলাকার একটি বাড়িতে জিম্মিদের আটকে রাখার খবর পেয়েছিলেন।

তিনি বলেন, পুলিশ সদস্যরা তিন বেডরুমের একটি বাড়িতে ১৯ জন বাংলাদেশি পুরুষকে দেখতে পান। তাদের সেলফোনগুলো একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। অর্থাৎ, আত্মীয় বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ ছিল না জিম্মি ব্যক্তিদের।

মোহলালা আরও জানান, ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন ৫২ বছর বয়সী আরেক বাংলাদেশি নাগরিক। মানবপাচারে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে এবং শিগগির নেলসপ্রুট ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

তিনি বলেছেন, পাচারের গন্তব্য কোথায় এবং চক্রের প্রধান কে তা জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, কেউ কেউ মিডলবার্গে যাচ্ছিলেন, অন্যদের গন্তব্য ছিল জোহানেসবার্গে।

উদ্ধার ১৯ বাংলাদেশির দক্ষিণ আফ্রিকার অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হতে পারে।

মাতৃভাষার রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকেঃ

মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইনভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন ও আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার।

সোমবার (২৭ ফেব্রুয়ারী ২০২৩) নাজমাস্থ শালিমার রেষ্টুরেন্টে আয়োজিত রচনা প্রতিযোগীতা উপকমিটির আহবায়ক মোহাম্মদ সালাহউদ্দিন ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভুইঁয়ার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কাতারের মিনিষ্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক জুলফিকার আজাদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা ইসমাইল মনচুর।

সম্মানিত বিচারকমন্ডলীর প্যানেলে উপস্থিত ছিলেন কাতার এরাবিয়ান এক্সচেন্জের সিইও মোহাম্মদ নুরুল কবির চৌধুরী, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু শামা ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ তাফসির উদ্দিন। বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংস্থার সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুর্শিদ শেখ।

নাসরিন সুলতানা ও সহিদ হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব ভুইঁয়া। বক্তব্য রাখেন সংস্থার সাংগঠনিক সম্পাদক সি এম হাসান। রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন সম্মানিত বিচারকমন্ডলীর সদস্য নুরুল কবির চৌধুরী। রচনা প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জামিল বিন তাফসির, দ্বিতীয় স্থান অধিকার করেছেন দশম শ্রেনীর ছাত্রী সামরিন জাহান সারা, তৃতীয় স্থান অধিকার করেছেন দশম শ্রেণির ছাত্র মুহাম্মদ ওয়াদিস সাবা চৌধুরী ও নবম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান লুবনা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মুহম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ভাষার জন্য প্রান দানকারী প্রথম দেশ হিসেবে নাম আছে বাংলাদেশের। কারণ কোন দেশ নিজের ভাষা রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করেনি। বাংলাদেশি প্রথম যারা ভাষার জন্য প্রাণ দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবি তুলেছিল। বায়ান্নর ভাষা আন্দোলনেই স্বাধীনতার মূল ভিত্তি রচিত হয়। আমরা আমাদের চিন্তা-চেতনায় স্বকীয়তা লাভ করি। আজকের স্বাধীনতা আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে পেয়েছি। এ সময় ডক্টর মুস্তাফিজুর রহমান কাতার প্রবাসী বাংলাদেশীদের শুদ্ধ বাংলা বলার পরামর্শ প্রদান করেন এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার ইতিবাচক কার্যক্রম ও তৎপরতা ভূয়সী প্রশংসা করে বলেন, কাতারে বাংলাদেশের ব্যাংকের একটি শাখা খোলার প্রয়োজনীয়তা বিভিন্ন লোকমুখে থাকলেও সেটা লিখিত আকারে সঙ্ঘবদ্ধভাবে সংগঠনিকদাবি সেমিনারের মাধ্যমে তুলে ধরেছে এই সংগঠন (বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার)।

কুমিল্লায় ১১৮ টাকা খরচ করে পুলিশের চাকরি পেলেন ২০৬ জন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় মাত্র ১১৮ টাকা খরচে ২৫ নারীসহ ২০৬ জন পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুমিল্লা পুলিশ লাইন্সের আরআই আবদুল হালিম মিলনায়তনে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান বলেন, এবার মোট ৫ হাজার ৮২২ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিল ৪ হাজার ১৮৭ জন। ফিটনেসসহ অন্যান্য পরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৪০৯ জন, যেখানে কৃতকার্য হয় ৫১৭ জন। তাদের মধ্যে মৌখিক পরীক্ষায় ২০৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এর মধ্যে ১৮১ জন পুরুষ এবং ২৫ জন নারী।

এসপি আবদুল মান্নান আরো জানান, মাত্র ১১৮ টাকা খরচ করে প্রার্থীরা চাকরি পেয়েছেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে তাদের নিয়োগ দেয়া হয়েছে। এখানে কোনো লবিং-তদবির কাজে আসেনি।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরান হোসেন, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চাকরি পাওয়া দেবিদ্বার উপজেলার আল-আমিন বলেন, ‘আমরা পাঁচ ভাই-বোন। কৃষক বাবার আয় দিয়ে লেখাপড়ার পাশাপাশি কোনো রকম খেয়ে না খেয়ে দিন পার করেছি। আজ আমি ঘুষ ছাড়া পুলিশে চাকরি পেয়েছি। খবরটি শুনে বাবা কাঁদলেন।’

মুরাদনগর উপজেলার মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমার বাবা মরদেহ বহনের কাজ করেন, যেখানে নিদিষ্ট বেতন নেই। এই কাজ করে আমাদের ছয় ভাই-বোনকে লেখাপড়া করিয়েছেন। এখন থেকে আমি সংসারের হাল ধরব।’

লাকসামের সুস্মিতা সিংহ বলেন, ‘আমার বাবা দর্জি। এখন পুরোপুরি চোখে দেখেন না। তাই আয়-উপার্জন নেই। আমি এখন চাকরি করে সাধ্যের মধ্যে বাবা-মায়ের সব চাওয়া পূরণ করতে চাই।’

প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষতা উন্নয়নের বিকল্প নাই : কুমিল্লা জেলা প্রশাসক

 

স্টাফ রিপোর্টার:
“থাকবো ভালো, রাখবো ভালো দেশ” “বৈধপথে প্রবাসী আয় – গড়বো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কুমিল্লা এর নিজস্ব কনফারেন্স রুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।

মূল আলোচ্য বিষয়ের ওপর বক্তব্য রাখেন টিটিসি র অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান ও কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।

কারিগরি শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহবান জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকেরা সবসময় ব্যস্ত। তবে দিন পাল্টে যাচ্ছে, এখন শুধু শিক্ষিত হলেই চলবে না, কর্মক্ষেত্রে সফলতা পেতে শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের বিকল্প নেই। সাধারণ শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে অনেকে বেকার ও দুঃসহ জীবনযাপন করছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে কারিগারি শিক্ষায় নিজেকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, পারিবারিক, সামাজিক ও দেশের উন্নয়নে দক্ষ জন শক্তির বিকল্প নেই। বর্তমান সরকার জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিনত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যেতে বিদেশগামীদের প্রতি আহবান জানান। তিনি এবং দক্ষ জনশক্তি তৈরীতে সরকারের পদক্ষেপ সমূহ জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষতা উন্নয়নের বিকল্প নাই।
এসময় বক্তারা নিরাপদ, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন অতিথিরা। তাছাড়া বলেন, জেনে বুঝে, প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুটোই পাওয়া যাবে। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বা অন্যের প্রলোভনে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেয়া হয়। অনুষ্ঠানে বক্তাগণ নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি:

স্মার্ট বাংলাদেশ বিষয়ে আমাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ, বৈষম্য ও দারিদ্রমুক্ত উদ্ভাবনী এবং সৃজনশীল জাতি হিসেবে বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় স্মার্ট বাংলাদেশের চারটি মূল স্তম্ভ, স্মার্ট সমাজ, স্মার্ট সরকার, স্মার্ট নাগরিক ও স্মার্ট অর্থনীতির আলোকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর, সরকারি ব্যবস্থাপনার আধুনিকায়ন, দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় সরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও কর্মীসহ সকল স্তরের প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় স্মার্ট বাংলাদেশ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিন। মতামত ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, অশোক বরু–য়া ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।