All posts by jitu

কুমিল্লায় জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে সাহিত্য আসর

স্টাফ রিপোর্টার:

কবিতার মধ্যদিয়ে মানুষের সুগভীর ভাবনাগুলোকে জানা যায়। নিঃসন্দেহে একজন কবিকেও দার্শনিক বলা যায়।

“কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান” এই শ্লোগানকে উপজীব্য করে ‘জাতীয় কবিতা মঞ্চ’ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে স্বরচিত কবিতাপাঠ এবং সাহিত্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় কবিতা মঞ্চ কুমিল্লা জেলা শাখার সভাপতি কবি আবদুল আউয়াল সরকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়দেব ভট্টাচার্য্য ভুলুর সঞ্চালনায় উপস্থিত উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য কবিতার সুলতান কবি সৈয়দ আহমাদ তারেক, সাংগঠনিক সম্পাদক সংগঠক কবি ও লেখক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

বক্তারা সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় ‘জাতীয় কবিতা মঞ্চ’ কুমিল্লা জেলা শাখা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠা সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী।ng

কবিতার মধ্যদিয়ে মানুষের সুগভীর ভাবনাগুলোকে জানা যায়। নিঃসন্দেহে একজন কবিকেও দার্শনিক বলা যায়।

“কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান” এই শ্লোগানকে উপজীব্য করে ‘জাতীয় কবিতা মঞ্চ’ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে স্বরচিত কবিতাপাঠ এবং সাহিত্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় কবিতা মঞ্চ কুমিল্লা জেলা শাখার সভাপতি কবি আবদুল আউয়াল সরকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়দেব ভট্টাচার্য্য ভুলুর সঞ্চালনায় উপস্থিত উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য কবিতার সুলতান কবি সৈয়দ আহমাদ তারেক, সাংগঠনিক সম্পাদক সংগঠক কবি ও লেখক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

বক্তারা সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় ‘জাতীয় কবিতা মঞ্চ’ কুমিল্লা জেলা শাখা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠা সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী।

ডিএমপিসহ সারা দেশে বদলি হচ্ছেন পাঁচ শতাধিক ওসি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ছয় মাসের বেশি সময় দায়িত্বরত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বর্তমান কর্মস্থল থেকে বদলি করতে হবে।

নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তরের কাছে জানতে চেয়েছে ইসির নির্দেশনা অনুযায়ী বদলি কতজন ওসি হচ্ছেন। সে কারণে বিভিন্ন ইউনিট থেকে বদলি হওয়ার মতো থানার ওসির তালিকা পাঠানো হচ্ছে পুলিশ সদর দপ্তরে।

পুলিশ সদর দপ্তর ও নন-ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন ‘পুলিশ অ্যাসোসিয়েশন’ সূত্রে জানা গেছে, সারা দেশের থানার সংখ্যা ৬৩৭। এর মধ্যে মেট্রোপলিটনসহ সারা দেশে পাঁচ শতাধিক থানার ওসি বদলি হচ্ছেন। মেট্রোপলিটন পুলিশের বাইরে রেঞ্জ পুলিশের অধীন অন্তত ৪২৮ থানার ওসি বদলি হচ্ছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক ঢাকা পোস্টকে জানান, কেএমপির মধ্যে ৮টি থানা রয়েছে। এর মধ্যে ইসির নির্দেশনা অনুযায়ী চার থানার ওসিকে বদলির প্রস্তাবনা পাঠানো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. রাশেদুল হাসান জানান, আরএমপিতে ১২টি থানা রয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ছয় থানার ওসি বদলির তালিকায় আছেন। ছয় জনের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে ৫০ থানার মধ্যে অন্তত ৩৩ থানার ওসি বদলি হচ্ছেন।

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি করা হবে। দু’একদিনের মধ্যে বদলির আদেশ হতে পারে। বদলির ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না বলেও জানান হাফিজ আক্তার।

যোগাযোগ করা হলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গত ৩০ নভেম্বরের নির্বাচন কমিশনের পত্রের আলোকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তাদের অন্যত্র বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনে পাঠানো হবে।

এর আগে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে ওসি বদলির একটি নির্দেশনা পাঠান ইসির উপসচিব মো. মিজানুর রহমান।

তাতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (পুলিশ-১ অধিশাখা) মো. আবুল ফজল মীর জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ সদর দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছে ইসির নির্দেশনা ও চাওয়া তথ্য মোতাবেক কতজন ওসি বদলি হচ্ছেন। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তর কাজ করছে।

তিনি বলেন, আশা করছি সোমবারের (৪ ডিসেম্বর) মধ্যে কতজন ওসি বদলির তালিকাভুক্ত হচ্ছেন– এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানা যাবে। ৫ ডিসেম্বরের মধ্যেই ওসি বদলির চূড়ান্ত তালিকা আমরা নির্বাচন কমিশনে পাঠাব।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মেট্রোপলিটন এলাকা বাদে বদলি হওয়ার মতো বিভিন্ন রেঞ্জের অধীন ৪২৮ থানার ওসির তালিকা আমরা পেয়েছি। মেট্রোপলিটন এলাকার থানার ওসির বদলি তথ্য পাওয়ার পর আমরা চূড়ান্ত তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাব। সেখানে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা যাবে নির্বাচন কমিশনে।

এর আগে আজ রোববার (৩ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনে ওসিরা কারও প্রতি ‘ইনক্লাইন্ড’ (অনুগত বা পক্ষপাতদুষ্ট) হতে পারে, এ বিবেচনাতেই তাদের বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, ওসিদের নিয়ে এ ধরনের বিবেচনা নির্বাচন কমিশনের, আমাদের কিছু নয়। এজন্য তারা সারা দেশে ওসিদের ট্রান্সফার করছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীই সারা দেশে ওসিরা কাজ করছে।

অন্যদিকে, নন-ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতি ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা পালন করা হবে।

সারা দেশে কতগুলো থানার ওসি বদলি করা হবে– জানতে চাইলে তিনি বলেন, ছয় মাসের অধিক একটি থানায় কর্মরত এমন ওসিদের বদলির নির্দেশনা দেওয়া হয়েছে। সেই মোতাবেক বদলি করা হবে। সেজন্য তালিকাভুক্ত করা হচ্ছে। তবে তিনি বদলির সুনির্দিষ্ট সংখ্যা বলতে রাজি হননি।

গত তিন দিনে ১১টি যানবাহনে আগুন

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের মধ্যে গত তিন দিনে ১১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব ঘটনা ঘটায় দৃর্বৃত্তরা।

রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, এই তিন দিনে ঢাকা সিটিতে ৪টি, গাজীপুরে ৫টি, সিলেটে একটি ও দিনাজপুর একটি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩টি কাভার্ডভ্যান, ৫টি বাস ও ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ৯৬ জন মানুষ কাজ করে।

ফায়ার সার্ভিস আরও জানায়, গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৪৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে বাস ১৪৯টি, ট্রাক ৩৯টি, কাভার্ডভ্যান ২০টি, মোটরসাইকেল ৮টি এবং অন্যান্য গাড়ি ২২টি।

কুমিল্লার বিভিন্ন থানার ৭ ওসির বদলির প্রক্রিয়া শুরু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বিভিন্ন থানার সাতজন ওসির বদলী প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্মস্থলে ৬ মাস পূর্ণ হওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির জন্য নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার পরই এ বদলির সিদ্ধান্ত।

রোববার সকালে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার তিনি ওই চিঠিতে স্বাক্ষর করেন। সাতজন ওসিকে জেলার বিভিন্ন থানায় একই পদে পদায়নের প্রস্তাবনা নতুন কর্মস্থল উল্লেখ করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর ওই চিঠি দেওয়া হয়। চিঠিতে ৬ মাস পূর্ণ হওয়া ওসিদের বর্তমান কর্মস্থলের মেয়াদ উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত নতুন কর্মস্থলে পদায়ন করা ওসিরা হচ্ছেন- জেলার মনোহরগঞ্জ থানার ওসি মো. শফিউল আলমকে বাঙ্গরা বাজার থানায় (এক বছর ৭ মাস ৩ দিন), চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দিনকে খানকে লাকসাম থানায় (এক বছর ৩ মাস ৫ দিন), বাঙ্গরা বাজার থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরীকে বরুড়া থানায় ( এক বছর ১ মাস ১১ দিন), কোতয়ালী মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদকে চান্দিনা থানায় (এক বছর ১ মাস ২ দিন), লালমাই থানার ওসি হানিফ সরকারকে মনোহরগঞ্জ থানায় (১০ মাস ২৬ দিন), বরুড়া থানার ওসি ফিরোজ হোসেনকে কোতয়ালী মডেল থানায় (৯ মাস ৫দিন), ও লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজকে লালমাই থানায় (৯ মাস ২ দিন) পদায়নের সুপারিশ করা হয়।

কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, ‘নির্বাচন কমিশনের নির্দেশে জেলার যেসব ওসিদের কর্মকাল ৬ মাস পূর্ণ হয়েছে, এমন কর্মকর্তাদের বদলির প্রস্তাবিত নতুন কর্মস্থলের তালিকা প্রেরণ করা হয়েছে। বিষয়টি পুলিশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।’

এর আগে গত ৩০ নভেম্বর ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ওই নির্দেশনাটি মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবরে পাঠনোর পরই পুলিশের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসির ওই চিঠিতে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাদেরকে অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করতে বলা হয়।

তপশিল অনুসারে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬ থেকে ১৫ ডিসেম্বর ও ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

তালিকা করে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সন্ত্রাসীদের তালিকা করে সে অনুযায়ী গ্রেপ্তারের ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ইসি সূত্রগুলো জানিয়েছে, ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনাটি পাঠিয়েছেন ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান। নির্দেশনায় সুনির্দিষ্ট পাঁচটি বিষয় নিশ্চিত করার জন্য বলা হয়েছে বলে জানা গেছে।

>> সব শ্রেণীর ভোটার যাতে তাদের ভোটাধিকার অবাধ ও নির্ভয়ে প্রয়োগ করতে পারেন, তার নিশ্চয়তা বিধানের লক্ষ্যে স্থানীয় রাজনৈতিক দলের নেতা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও স্থানীয় আস্থাভাজন কর্মীদের সঙ্গে সত্বর একটি এবং প্রয়োজনবোধে একাধিক বৈঠক অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

আলাপ-আলোচনার মাধ্যমে আইন ও বিধিগত দিক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করতে হবে। কারও কোনো অভিযোগ থাকলে তা অবিলম্বে তদন্তপূর্বক প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে।

>> নির্বাচনী এলাকার সব স্তরের ভোটারদের এবং বিশেষ করে নারী ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটদানের জন্য উদ্বুদ্ধ করতে হবে। এ উদ্দেশ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষ্যে গৃহীত কার্যকলাপ সম্পর্কে যেন সব শ্রেণীর ভোটার আগে থেকে নিশ্চিত হতে পারেন, তা উপযুক্ত প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে হবে।

>> ভোটকেন্দ্র এবং ভোটকক্ষের বাইরে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থাসহ সব বেআইনি অস্ত্র উদ্ধার পরিচালনা জোরদার করতে হবে। চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা প্রণয়নপূর্বক চাঁদাবাজ, মাস্তান ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে।

>> পর্যাপ্ত সংখ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে মোতায়েনসহ চিহ্নিত গোলযোগপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বেশি সংখ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।

>> অংশগ্রহণকারী রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকরা যাতে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলেন এবং কোনো তিক্ত, উস্কানিমূলক ও ধর্মানুভূতিতে আঘাত করে এমন কার্যকলাপ বা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন কিংবা অর্থ, পেশিশক্তি অথবা স্থানীয় ক্ষমতা দ্বারা কেউ নির্বাচনকে প্রভাবিত না করতে পারেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক যেন বজায় রাখা হয়, তার নিশ্চয়তা বিধানের জন্য সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করতে হবে এবং প্রয়োজনবোধে আইনি ব্যবস্থা নিতে হবে।

এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

সূত্র: বাংলানিউজ২৪

হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

ডেস্ক রিপোর্ট:

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন বগুড়া জেলা প্রশাসক।

এর আগে বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ কংগ্রেস জোট থেকে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। এদিন বিকাল পৌনে ৪টার দিকে তার পক্ষে সমর্থকরা বগুড়া ডিসি অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

প্রসঙ্গত ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার সময় তার মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন।

এর আগে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হন এই অভিনেতা।

ইসির নির্দেশনায় বদলি হচ্ছেন ডিএমপির ৩৩ থানার ওসি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশনা পরিপালনে পুলিশের সবচেয়ে বড় একক ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ ওসিকে বদলি করা হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, বিভিন্ন পদমর্যাদার প্রায় ৩৪ হাজার সদস্য এ ইউনিটে কর্মরত। ডিএমপির থানার সংখ্যা ৫০। ছয় মাসের বেশি এক থানায় দায়িত্ব পালন করা ওসিদের বদলি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী ৩৩ থানার ওসিকে বদলি করা হচ্ছে। একযোগে রাজধানীতে এতসংখ্যক থানায় ওসি পদে নতুন মুখ আসার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে ঘটেনি। যাদের বদলি করা হচ্ছে, তারা সবাই ছয় মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি করা হবে। দু’একদিনের মধ্যে বদলির আদেশ হতে পারে। বদলির ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না বলেও জানান হাফিজ আক্তার।

যোগাযোগ করা হলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গত ৩০ নভেম্বরের নির্বাচন কমিশনের পত্রের আলোকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তাদের অন্যত্র বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনে পাঠানো হবে।

অন্যদিকে, আজ রোববার (৩ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে নির্বাচন কমিশন ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিতে পারে।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছেন, তারা হয়ত কারও প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা। আমার কিন্তু নয়, তাদের কথা। সেজন্যই তারা ওসিদের বদলির কথা বলেছেন।’

উল্লেখ্য, ছয় মাসের বেশি এক থানায় দায়িত্ব পালন করা ওসিদের বদলি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন নির্দেশনা দিয়েছে ইসি।

গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছেন ইসির উপসচিব মো. মিজানুর রহমান।

এমপি রাজী ফখরুলকে শোকজ থেকে অব্যাহতি

 

স্টাফ রিপোর্টার:

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের শোকজ থেকে অব্যাহতি পেয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল।

রবিবার শোকজের লিখিত জবাবের প্রেক্ষিতে এই আদেশ দেন যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো ইমাম হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন শোকজ আবেদনের আইনজীবী কাজী নাজমুল হক নিজাম।

লিখিত আবেদনের প্রস্তাব করেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভূইয়া, এর সমর্থন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী।

রাজী মোহাম্মদ ফখরুল ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদিতে অবস্থান করায়, তিনি উপস্থিত হতে পারেননি।

লিখিত আবেদনে বলা হয়, ‘মনোনয়ন পত্র দাখিলের সময় দেবিদ্বার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর কিছু সমর্থক হঠাৎ এসে উপস্থিত হোন। নির্বাচনী আচরণ বিধির কথা চিন্তা করে তিনি নেতাকর্মীদের সে স্থান ত্যাগ করতে বলেন। পরবর্তীতে মাত্র পাঁচজন নেতাকর্মী নিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এর আগে রাজী মোহাম্মদ ফখরুল ঢাকা থেকে উপজেলায় আসার খবরে উৎসুক জনতা তাকে ফুল দিয়ে বরণ করতে আসেন। তৎক্ষনাৎ রাজী মোহাম্মদ ফখরুল ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে সবাইকে চলে যেতে বলেন। তখন নেতাকর্মীরা যার যার মতো চলে যায়৷ এই সময় কিছু ছবি তুলে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে বিতর্কিত করতে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করা হয়’।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল নৌকা প্রতীকে উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র জমা দেন। শুক্রবার (১ ডিসেম্বর) আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে রাজী মোহাম্মদ ফখরুলকে শোকজ করে আদালত। রবিবার (৩ ডিসেম্বর) স্বশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে এর জবাব দিতে বলা হয়।

অমিতাভ বচ্চন সম্পত্তি ভাগ করেছেন, কত পাচ্ছেন অভিষেক বচ্চন?

ডেস্ক রিপোর্ট:

‘প্রতীক্ষা’ নামের বাংলোটি সম্প্রতি কন্যা শ্বেতা বচ্চন নন্দার নামে লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। এটি মূলত বাবা হরিবংশ রাই বচ্চনের কাছ থেকে পাওয়া।
এবার জানা গেল, নিজের সব সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিচ্ছেন অমিতাভ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিজের তিন হাজার ১৬০ কোটি রুপির সম্পত্তির ভাগ কীভাবে হবে, জানিয়েছেন অমিতাভ বচ্চন।

তিনি জানান, তার সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগ হবে। ছোটবেলা থেকেই ছেলে ও মেয়ের মধ্যে কোনো তফাৎ করেননি তিনি। তাই সম্পত্তির ক্ষেত্রেও দুই সন্তান সমান ভাগ পাবেন। সে হিসাবে অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চনের প্রত্যেকে এক হাজার ৬০০ কোটি রুপির মতো সম্পত্তি পাবেন।

মেয়ে শ্বেতাকে দেওয়া ‘প্রতীক্ষা’র দাম দাঁড়িয়েছে ৫০ কোটি ৬৩ লাখ রুপি। জুহুতে বেশ পরিচিত এই বাড়ির দানপত্রের স্ট্যাম্প ডিউটিসহ মূল্য ৫০ কোটি ৬৫ লাখ রুপি।

এই বাংলো ছাড়াও জুহুতে অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’, ‘জনক’ ও ‘জলসা’ নামে তিনটি বাংলো আছে। তবে ছেলে অভিষেক কোন কোন সম্পত্তি পাচ্ছেন, তা গোপন রেখেছে বচ্চন পরিবার।

বাবার সম্পত্তি ছাড়া এই মুহূর্তে ২৮০ কোটি রুপির সম্পত্তির অধিকারী অভিষেক বচ্চন। এই ২৮০ কোটি রুপির সঙ্গে যদি বাবার সম্পত্তি যোগ হয়, তা গিয়ে দাঁড়াবে মোট ১ হাজার ৮৬০ কোটি রুপি।

আর অমিতাভের মেয়ে শ্বেতা এ মুহূর্তে ১১০ কোটি রুপির মালিক। বাবার থেকে পাওয়া সম্পদ যোগ হলে তার সম্পত্তি হবে প্রায় ১ হাজার ৬৯০ কোটি রুপির বেশি।

ড. ইউনূসের পক্ষে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা

ডেস্ক রিপোর্ট:

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের শ্রমিকদের ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন সেটির ওপর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

রোববার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ পরিশোধ করতে গত ৩ এপ্রিল রায় দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

পরে সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ মে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছিলেন হাইকোর্ট।

এর আগে ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী লভ্যাংশ দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে হাইকোর্টের দেওয়া রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।

গত ৩০ নভেম্বর বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ওই রুল খারিজ করে আদেশ দেন। একই সঙ্গে গ্রামীণ কল্যাণের শ্রমিকদের ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায়টিকে অবৈধ বলেও ঘোষণা করেন উচ্চ আদালত। এ ছাড়া ১০৬ শ্রমিক চাইলে শ্রম আদালতে গিয়ে মামলা করতে পারবেন বলেও রায়ে উল্লেখ করেন হাইকোর্ট।