Tag Archives: কিশোরগঞ্জ

কুমিল্লায় সকালে নিখোঁজ, রাতে নদীতে মিলল স্কুল ছাত্রের লাশ

কুমিল্লায় সকালে নিখোঁজ, রাতে নদীতে মিলল স্কুল ছাত্রের লাশ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদরের জগন্নাথপুর ইউনিয়নে বাড়ি থেকে স্কুলে যেতে গিয়ে নিখোজঁ হয় স্কুল ছাত্র রিহান। পরে রাতে তার লাশ মিলে কিশোরগঞ্জ ভৈরব নদীর ব্রিজের নিচ থেকে। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ ভৈরব নদীর ব্রিজের নিচে রিহানকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে রোববার সকালে খালাতো ভাই ইমরানকে সাথে নিয়ে স্কুলে যেতে বের হয়ে নিখোঁজ হয় রিহান।

নিহত রিহান কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী মো শাহজাহান মিয়ার একমাত্র ছেলে। সে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।

নরসিংদী মডেল থানার এসআই মোজাম্মেল হক জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত বের হলে পরে বিস্তারিত জানা যাবে।

কুমিল্লা চকবাজার ফাড়িঁ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী জানান, রোববার সকাল ১১টার দিকে বাসা থেকে বের হয়। বিকেলেও না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতে তার লাশ ব্রিজের নিচ থেকে পাওয়া যায়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন আছে। তদন্ত তরে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়ার্ধীন রয়েছে বলেও তিনি জানান।

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৯ বস্তা টাকা

 

ডেস্ক রিপোর্টঃ

ঐতিহাসিক মসজিদটির নাম পাগলা মসজিদ। কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদে আটটি লোহার দানবাক্স আছে। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। এবার রমজানের কারণে চার মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছে।

শনিবার (৬ মে) সকালে আট দানবাক্স থেকে ১৯ বস্তা টাকা পাওয়া গেছে। মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। এখন চলছে গণনার কাজ।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৭ জানুয়ারি ৩ মাস ১ দিন পর দানবাক্স খোলা হয়েছিল। ২০টি বস্তায় তখন রেকর্ড ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দান দানবাক্স খোলা হয়েছে। দান বাক্সগুলো খুলে ১৯টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয়েছে গণনার জন্য। এখন চলছে টাকা গণনার কাজ।

টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, সিনিয়র সহাকরী কমিশনার শেখ জাবের আহমেদ, সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার মোছা. নাবিলা ফেরদৌস, সাদিয়া আফরীন তারিন, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, সিবিএ নেতা মো. আনোয়ার পারভেজসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

মসজিদের খতিব, এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায়, এ মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ মসজিদে দান করে থাকেন।

জনশ্রুতি আছে, একসময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে। মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী।

কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকা এমনকি দেশের দূর-দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম-বর্ণের নারী-পুরুষ মানত নিয়ে আসেন এ মসজিদে। তারা নগদ টাকা-পয়সা, স্বর্ণ ও রুপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস-মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন।

বিশেষ করে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে এ মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সের নারী-পুরুষের ঢল নামে। আগতদের মধ্যে মুসলিমদের অধিকাংশই জুমার নামাজ আদায় করেন মসজিদে। আর এ ইতিহাস প্রায় আড়াইশ বছরেরও অধিক সময়ের বলে জানা যায়।

বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ জমির ওপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমপ্লেক্সটি ৩ একর ৮৮ শতাংশ জায়গা আছে। এ মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য।

এরই মধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামি কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। এছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়।

মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়। এছাড়া করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ জন স্বেচ্ছাসেবককেও অনুদান দেওয়া হয়েছিল এ দানের টাকা থেকে।

পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানিয়েছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

 

ডেস্ক রিপোর্টঃ

বুধবার (১০ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় বুধবার সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী জেলাসহ ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদীবন্দরে কোনো সতর্ক সংকেত নেই।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার।

শহীদ মুক্তিযোদ্ধার কবরের খোঁজ পেল ৪৯ বছর পর

ডেস্ক রিপোর্টঃ

মহান মুক্তিযুদ্ধের ৪৯ বছর পর শহীদ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কবরের খোঁজ পেয়েছে তাঁর পরিবার। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের চানপুর-হাশিমপুর দরিয়ার পীরের মোকামে তাঁর কবর।

আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার প্রেমারচর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। স্থানীয় মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আনোয়ার হোসেন সাত ভাই-বোনের মধ্যে বড় ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ও তাঁর ছোট ভাই এ কে এম সামছুদ্দিন মুক্তিযুদ্ধে অংশ নেন। ভারতের লোহারবন্দে প্রশিক্ষণ শেষে সামছুদ্দিন এলাকায় যুদ্ধে অংশ নেন। আর আনোয়ার হোসেন কুকিরথল ক্যাম্পে সাব-সেক্টর কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আবদুল কাদিরের অধীনে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেন।

১৯৭১ সালের ৩ অক্টোবর প্লাটুন কমান্ডার তজমুল আলীর নেতৃত্বে আনোয়ার হোসেনসহ কয়েকজন মুক্তিযোদ্ধা দেশে ঢুকে বড়লেখা থানার হরিপুর-বড়খলা গ্রামের ‘বড়বন্দ’ হয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় পাকিস্তানি বাহিনীর একটি ক্যাম্প দখল করার উদ্দেশ্যে রওনা দেন। বড়লেখা থানার বাজনি ছড়া রেললাইনের কাছে পৌঁছামাত্র সশস্ত্র রাজাকার বাহিনী তাঁদের উপস্থিতি টের পেয়ে গুলি করে। এতে তাঁদের দলটি ছত্রভঙ্গ হলে তিনি পেছনে পড়ে যান। পরে পথ হারিয়ে ফেলেন তিনি। তখন তিনি একাই ফেঞ্চুগঞ্জ থানার উদ্দেশে রওনা দিয়ে গাংকুল হয়ে চানপুর এলাকায় পৌঁছান। ৪ অক্টোবর ভোরে চানপুর এলাকায় একা পেয়ে রাজাকাররা তাঁকে গুলি করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাঁকে দরিয়ার পীরের মোকামে দাফন করেন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলে সামছুদ্দিন বাড়ি ফিরে আসেন। কিছুদিন পর এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন আনোয়ার হোসেন বড়লেখায় যুদ্ধে শহীদ হয়েছেন। কিন্তু কোন স্থানে শহীদ হয়েছেন, তা জানতে পারেননি।

সম্প্রতি সামছুদ্দিনের মেয়ে এনজিও কর্মী রেহানা আক্তার অফিসের কাজে মৌলভীবাজারে আসেন। এরপর তিনি তাঁর চাচা শহীদ আনোয়ার হোসেনের কবরের খোঁজে বড়লেখায় যান। পরে তিনি বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনসহ স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করে চাচার কবরের খোঁজ পান। বিষয়টি তিনি তাঁর বাবাকে জানান। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় সামছুদ্দিন ভাইয়ের কবরে স্থাপন করেন নামফলক।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে এ নামফলক উন্মোচন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, সামছুদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান এ জে লাভলু প্রমুখ।

সামছুদ্দিন জানান, যাঁরা তাঁর ভাইয়ের লাশ দাফন করেছিলেন, তাঁদের কয়েকজনের সঙ্গেও কথা বলেছেন। এরপর নিশ্চিত হয়ে ভাইয়ের স্মৃতি রক্ষায় এখানে ব্যক্তিগত উদ্যোগে নামফলক নির্মাণ করেছেন। তিনি বলেন, ‘জীবনে অনেক কিছু পেয়েছি। আশা ছিল ভাইয়ের কবর খুঁজে পাওয়ার। সেটাও পেয়ে গেছি। আমি ভীষণ খুশি। আমার আর চাওয়ার কিছুই নেই।’

বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন শনিবার (১৬ জানুয়ারি) বলেন, ৪৯ বছর পর হলেও স্বজনেরা কবর খুঁজে পেয়ে আনন্দিত।