চান্দিনায় সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থীকে রড দিয়ে মারধর
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা উপজেলায় সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।
বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার পৌর এলাকার হারং উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত জসিম উদ্দিন হারং এলাকার বাসিন্দা। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি। তিনি কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জসিম উদ্দিন জানান, আমি চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী । এই একই এলাকা থেকে শামীম সাহেব চেয়ারম্যান প্রার্থী। আমি কেন একই এলাকা থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছি, সেজন্য শামীম সাহেবের লোকজন আজ আমার উপর হামলা করেছে। শামীমের লোক আবু তাহের, শাহজাহান, বাবুল ও সাইফুলসহ ৮/৯ জন মিলে আজ আমাকে রড দিয়ে পিটিয়ে দুই পায়ে গুরুতর আহত করেছে। হাতের আঙ্গুল ভেঙ্গে ফেলেছে। তারা যখন আমাকে মারধর করছিল , তখন বার বার বলছিল- তুই কেন হারং থেকে নির্বাচনের ঘোষণা দিলি, তোর জন্য শামীম ভাই ফেল করবে। তুই নির্বাচন করবি না।