Tag Archives: বাইডেন

বিএনপির সাহসের উৎস কোথায়, প্রশ্ন ওবায়দুল কাদেরের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের জনগণও বিএনপির সঙ্গে নেই, বিদেশি বন্ধুরা তাদের ছেড়ে চলে গেছে।’

আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লম্বা চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার জন্য। অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে বিশেষভাবে অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।’

বিএনপির প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখন আপনারা (বিএনপি) কী বলবেন? কে আপনাদের ক্ষমতায় বসানোর জন্য আসবে? কে আমাদের (আওয়ামী লীগ) হটাতে আসবে? যাদের আশায় ছিলেন তারা তো এখন একসঙ্গেই কাজ করার জন্য এসেছেন। নেতারা তো অনেকেই পালিয়ে আছেন, অনেকে প্রকাশ্যে আসেন না। এখন আপনাদের সাহসের উৎস কোথায়? কে সাহায্য করবে? দেশের জনগণ আপনাদের থেকে সরে গেছে।’

তিনি বলেন, ‘নির্বাচনে ২৮ টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সংসদ বসেছে। অধিবেশনের শুরুতেই স্ট্যান্ডিং কমিটি পর্যন্ত হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো সংসদীয় স্ট্যান্ডিং কমিটি নিজ হাতে লিখেছেন।’

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার বাইডেনের ছেলের বিরুদ্ধে করফাঁকির মামলা

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের নামে আরও একটি মামলা করেছেন কেন্দ্রীয় প্রসিকিউটররা। তার বিরুদ্ধে এবার করফাঁকির অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার মামলার মুখে পড়লেন প্রেসিডেন্টপুত্র।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে অন্তত ১৪ লাখ মার্কিন ডলার কর ফাঁকি দিয়েছেন হান্টার বাইডেন। অভিযোগপত্রে তিনটি অপরাধ এবং ছয়টি অপকর্মের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে কর দাখিল ও পরিশোধে ব্যর্থতা, ভুয়া ট্যাক্স রিটার্ন এবং মূল্যায়ন ফাঁকি।

এর আগে, গত সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত হয়েছিলেন ৫৩ বছর বয়সী হান্টার বাইডেন।

নতুন অভিযোগপত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ নেই এবং হোয়াইট হাউজ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে হান্টারের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেলের বিরুদ্ধে তোলা নতুন অভিযোগগুলো ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

ক্যালিফোর্নিয়ায় ৫৬ পৃষ্ঠার অভিযোগপত্রে প্রসিকিউটররা দাবি করেছেন, হান্টার বাইডেন মাদক, সঙ্গী, প্রেমিকা, বিলাসবহুল হোটেল, ভাড়ার সম্পত্তি, ব্যয়বহুল গাড়ি, পোশাকসহ অন্যান্য ব্যক্তিগত অনুষঙ্গের পেছনে বিপুল অর্থ ব্যয় করেছেন। কিন্তু কর দেননি।

প্রসিকিউটরা বলেছেন, হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ব্যক্তিগতভাবে ৭০ লাখ ডলারের বেশি আয় করেছিলেন। কিন্তু ‘ইচ্ছাকৃতভাবে’ ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের কর সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হন।

যুক্তরাষ্ট্রে আইন অনুসারে, করফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হলে ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেনের ছেলের।