Tag Archives: লাকসাম

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে যা ভাবছেন নেতাকর্মীরা

ইমতিয়াজ আহমেদ জিতু:
অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে। পূর্বের কমিটির বিলুপ্তির এক মাসের মাথায় (২ ফেব্রুযারি) সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ১ নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমীর। এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।

তবে এই কমিটি ঘোষণা পর বেশ আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশংসা করছেন, আবার অনেকে ক্ষোভ ঝাড়ছেন। কমিটি নিয়ে শীর্ষ নেতারাও কথা বলছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্থানীয় একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, হাজী আমিন উর রশীদ ইয়াছিন বিগত ১৫ বছর ধরে দলের নেতাকর্মীদের ছায়া দিয়ে রেখেছেন। মামলা পরিচালনা করতে আর্থিক সহায়তা দিয়েছেন। তাঁর নামে চাদাঁবাজির কোন একটি অভিযোগও নেই। হাজী ইয়াছিনের মত ক্লিন ইমেজের লোককে সদস্য করে উনার সাথে উপহাস করা হয়েছে। এখানে সদস্য করে উনার মহানগর কমিটিতে যাওয়ার পথও বন্ধ করে দেওয়া হল। উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এদিকে একাধিক নেতাকর্মী জানান, এই কমিটি ৩১ বা ৪১ সদস্য বিশিষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু কি কারণে আবার ৫ সদস্য বিশিষ্ট করা হল, তা বোধগম্য নয়। এই কমিটিতেও মো: মোজাহিদ চৌধুরী, এড. কাইমুল হক রিংকুর মত লোকদের জায়গা হয়নি। পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ধোয়াশা-সন্দেহ থেকে যাচ্ছে। মাহবুবুল আলম চপল, মো: হুমায়ন কবির, নজরুল হক ভূইয়া স্বপনসহ সাবেক মেয়র সাক্কুর সাথে রাজনীতি করা নেতাকর্মীদের পূর্নাঙ্গ কমিটিতে জায়গা পাওয়া উচিত। তা না হলে বৈষম্য রয়ে যাবে।
কুমিল্লা জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: মোজাহিদ চৌধুরী জানান, ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন। দলের কার্যক্রমকে গতিশীল করতে হলে কমিটির বিকল্প নেই। এই কমিটি জেলার সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করবে বলে প্রত্যাশা রাখি। আশা বুড়িচং

করি অচিরেই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং তাতে ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ণ করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুবুল আলম চপল জানান, নতুন কমিটির সদস্যদের অভিনন্দন। আশা করি পূর্নাঙ্গ কমিটিতে মূলধারার ত্যাগি নেতাদের মূল্যায়ণ হবে।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. কাইমুল হক রিংকু জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে ভাল মনে করেছেন, সেভাবে কমিটি দিয়েছেন। যদি পূর্নাঙ্গ কমিটিতে দলের ত্যাগি নেতাকর্মীরা স্থান পায়, সেটা ভাল হবে। আপাতত দৃষ্টিতে কমিটিকে ভালই মনে হয়েছে।

নতুন কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের সাংগঠনিক ভিত্তি আরো মজবুত ও কার্যক্রমকে আরো গতিশীল করতে আমরা কাজ করবো।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমীর জানান, প্রথমত আমাদের দলের নেতা জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই কমিটি ঘোষণা দেওয়ায়। দল গোছানোর জন্য যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। আশা করি ভাল কিছু হবে। এই কমিটি দলের ও কুমিল্লাবাসির মঙ্গলের জন্য কাজ করবে।দলের কোন্দল নিরসনে কমিটির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, একটা পরিবারের মধ্যে সমস্যা থাকতেই পারে, তবে সেই সমস্যা আমরা সবাই একসাথে বসে সমাধান করবো ইনশাল্লাহ।

নতুন কমিটির সদস্য ও বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন জানান, ঘোষিত কমিটি ভাল হয়েছে। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান যা ভাল মনে করেছেন, সেভাবেই কমিটি করেছেন। কমিটির সবাইকে অভিনন্দন।দলের কোন্দল নিরসনে এই কমিটির ভূমিকা কেমন হবে জানতে চাইলে তিনি জানান, সবার সাথে আলোচনা করে একসাথে সকল সমস্যার সমাধান করা হবে।

নতুন কমিটির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যানদয়ের

লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যানদয়ের ভুয়া ভ্রমণ ভাতা উত্তোলন

লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যানদয়ের ভুয়া ভ্রমণ ভাতা উত্তোলন

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ

লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন উপজেলা পরিষদের উন্নয়নমূলক কাজ পরিদর্শন না করেই গত পাঁচ বছরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে জ্বালানি ও ভ্রমণ ভাতা বাবদ ১৪ লাখ ১৩ হাজার ৬শ ৭১টাকা উত্তোলন করেছেন।

উপজেলা পরিষদের জন্য বরাদ্দকৃত জীপগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অফিসে আসা-যাওয়া, অন্যান্য প্রশাসনিক ও উন্নয়য়নমূলক কাজ পরিদর্শনের জন্য ব্যবহার করার সরকারী বিধান অমান্য করে উপজেলা পরিষদের জীপ গাড়িটি ব্যবহার করেছেন একান্ত ব্যক্তিগত কাজে।

ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করে জ্বালানি বাবদ গত পাঁচ বছরে ৪ লাখ ৮৩ হাজার ৬৪ টাকা এবং ভ্রমণ ভাতা বাবদ ৯ লাখ ৩০ হাজার ৬শ ২৫ টাকা উত্তোলন করা হয়েছে।

উপজেলা পরিষদের গাড়ীর জন্য লগ বই সংরক্ষণ করার বিধান রয়েছে। উক্ত লগ বইয়ে ব্যবহারকারীর নাম, পদবী, স্বাক্ষর ও তারিখ উল্লেখপূর্বক প্রতিদিন গাড়ী ভ্রমণের স্থান, দূরত্ব (মাইল/কিলোমিটার) ও ব্যবহারের উদ্দেশ্য লিপিবদ্ধ করতে হবে মর্মে নির্দেশনা থাকলেও লাকসাম উপজেলা পরিষদের জিপ গাড়ির কোন লগ বই পাওয়া যায়নি।

জিপ গাড়ি চালক আব্দুল কাদের জানিয়েছে, ৫ আগষ্ট পরবর্তী সময়ে গাড়ির লগ বই উপজেলা পরিষদে জমা দিয়েছে।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ এ বিষয়ে কোন কথা বলতে চাননি।

এদিকে উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটার রাকিবুল হাসান, অফিস সহায়ক মানিক মিয়া ও আহসানুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা (সিএ) মোঃ হারুনুর রশিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ শফিকুল ইসলাম, অফিস সহকারী মোঃ আবুল বাশার ও অফিস সহকারী মোঃ এনামুল করিম কেউ উক্ত লগ বই সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, উক্ত জিপ গাড়ির জ্বালানি ব্যয়, মেরামত ব্যয় ও ভ্রমণ ভাতা উত্তোলনের মাধ্যমে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল যেভাবে মহা লুটপাট হয়েছে তাহা ধামাচাপা দেওয়ার জন্যই এই লগ বই লুকানো হয়েছে অথবা লগ বই ব্যবহার করেনি।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, লাকসাম উপজেলা পরিষদের জিপ গাড়ি মেরামত খাতে এপ্রিল ২০২০ ইং মাসে ৫০ হাজার টাকা, জানুয়ারি ২০২১ ইং মাসে ৪ লাখ ৩২ হাজার ৯ শত ৫০ টাকা, ফেব্রুয়ারি ২০২১ ইং মাসে জিপি গাড়ির ডেন্টিং পেন্টিং খাতে ৭০ হাজার টাকা, জুন ২০২১ ইং মাসে মেরামত খাতে ৩০ হাজার টাকা, সেপ্টেম্বর ২০২১ ইং মাসে ৬৪ হাজার টাকা, ফেব্রুয়ারি ২০২২ ইং মাসে ২৩ হাজার টাকা, অক্টোবর ২০২২ ইং মাসে ৩৪ হাজার ১শত টাকা, মার্চ ২০২৩ ইং মাসে ৩৪ হাজার ১শত টাকা, জুন ২০২৩ ইং মাসে ৩১ হাজার ৮ শত টাকা, সেপ্টেম্বর ২০২৩ ইং মাসে ৫৫ হাজার টাকা, নভেম্বর ২০২৩ ইং মাসে ৪৫ হাজার টাকা, মার্চ ২০২৪ ইং মাসে ৩ লাখ টাকা এবং সেপ্টেম্বর ২০২৪ ইং মাসে ২৫ হাজার টাকা জিপ গাড়ি মেরামত খাতে খরচের টাকা উত্তোলন হয়েছে।

ভ্রমণ ভাতা বাবদ মে ২০২০ ইং মাসে ১লাখ ৭৩ হাজার ৩শ ৭৫ টাকা, মে ২০২১ ইং মাসে ১ লাখ ৬০ হাজার ৮ শ ৭৫ টাকা, জুন ২০২১ ইং মাসে ৩২ হাজার ৫ শত টাকা, মার্চ ২০২২ ইং মাসে ৯৭ হাজার ৫ শত টাকা,এপ্রিল ২০২২ ইং মাসে ৯২ হাজার ৬ শত ২৫ টাকা, জুন ২০২২ ইং মাসে ৩২ হাজার ৫ শত টাকা, এপ্রিল ২০২৩ ইং মাসে ১ লাখ ৩০ হাজার টাকা,জুন ২০২৩ ইং মাসে ৬৫ হাজার টাকা,মার্চ ২০২৪ ইং মাসে ৯৭ হাজার ৫ শত টাকা এবং এপ্রিল ২০২৪ ইং মাসে ৪৮ হাজার ৭ শত ৫০ টাকা চেয়ারম্যানদয়ের ভ্রমণ ভাতা উত্তোলন করা হয়েছে।

জ্বালানি খাতে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে এপ্রিল ২০২২ ইং মাসে ৫৬ হাজার ৩ টাকা, জুন ২০২২ ইং মাসে ৪১হাজার ১ শত টাকা, এপ্রিল ২০২৩ ইং মাসে ১ লাখ ৫ হাজার ৬ শত ৪০ টাকা, জুন ২০২৩ ইং মাসে ৫২ হাজার ৮ শত ২০ টাকা, এপ্রিল ২০২৪ ইং মাসে ১ লাখ ৩১ হাজার ২ শত ৬৫ টাকা, জুন ২০২৪ ইং মাসে ৪০ হাজার ২ শত ১৫ টাকা এবং সেপ্টেম্বর ২০২৪ ইং মাসে ৫৬ হাজার ৩ টাকা জ্বালানি খাতে ব্যয় দেখানো হয়েছে। জ্বালানি, ভ্রমণ ও গাড়ি মেরামত খাতে গত পাঁচ বছরে ২৬ লাখ ৮ হাজার ৬ শত ২১ টাকা উত্তোলন করা হয়েছে।

সাধারণভাবে উপজেলা এলাকার বাইরে গাড়ী ব্যবহার করা যাবে না। তবে সরকারী কাজে জেলা সদরে কিংবা জেলা এলাকার মধ্যে গাড়ী ব্যবহার করা যাবে। যদি কোন বিশেষ কারণে জেলার বাইরে গাড়ী নেয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
উপজেলা পরিষদের জীপগাড়ী কোন ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।

উপজেলা পরিষদের গাড়ীর ব্যবহার ও জ্বালানী ব্যয় যতটা সম্ভব নিয়ন্ত্রণ করতে হবে এবং সরকার কর্তৃক অনুমোদিত বাজেটে এ খাতের জন্য বরাদ্দের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখতে হবে বলে উপজেলা পরিষদ ম্যানুয়ালে নির্দেশনা থাকলেও লাকসামে তার ব্যতিক্রম ঘটেছে বলে মনে করেন বিজ্ঞ মহল। উক্ত বিষয়ের প্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি জানান এলাকাবাসি।

আত্মগোপনে থাকা লাকসাম রেলওয়ে কর্মচারীর

আত্মগোপনে থাকা লাকসাম রেলওয়ে কর্মচারীর ভুতুড়ে হাজিরা

আত্মগোপনে থাকা লাকসাম রেলওয়ে কর্মচারীর ভুতুড়ে হাজিরা

সেলিম চৌধুরী হীরাঃ

চার মাস আত্মগোপনে থাকার পর হঠাৎ হাজিরা খাতায় দুই দিনের স্বাক্ষর দিয়ে সমালোচনায় এসেছেন পূর্বাঞ্চলীয় রেলওয়ে লাকসামের ট্রেন পরীক্ষক (টিএক্সআর) আরিফুল হায়দার চৌধুরী মান্না।

তিনি লাকসাম রেল অঙ্গন সহ বিভিন্ন মহলের এবং কর্মচারীদের জন্য ছিলেন আতংক।

তার পরম সহযোগী হিসেবে কাজ করতেন রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও লাকসাম হেড টিএক্সআর অফিসের ষ্টোর মুন্সী হাসান আহমেদ পলাশ।

সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহব্বত আলীর নাম ভাঙিয়ে প্লাটফর্মের মসজিদের পাশেই মাদক আখড়া বসানো, দখল ও টিকিট কালোবাজারি সহ বিভিন্ন ধরনের অপরাধের কারণে তারা সমালোচিত ছিলেন।

সামান্য ও তুচ্ছ কারণে রেলওয়ের কর্মচারী সহ সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন করতো তারা।
৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান তারা । ভুক্তভোগীরা তাদের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে স্টেশন এলাকায় পোস্টার ও ব্যনার সাটানোসহ মিছিল মিটিং করেছেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকাবস্থায় হঠাৎ এক ও দুই ডিসেম্বর ২০২৪ ইং হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েছে আরিফুল হায়দার চৌধুরী ওরফে মান্না ও অজ্ঞাত ইউনুস৷

হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়াকে কেন্দ্র করে তোলপাড় চলছে রেল অঙ্গনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট থেকে আত্মগোপনে চলে যায় লাকসাম রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও লাকসাম রেলওয়ে স্টেশন টিএক্সআর আরিফুল হায়দার চৌধুরী মান্না এবং রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও লাকসাম হেড টিএক্সআর দপ্তরের ষ্টোর মুন্সী হাসান আহমেদ পলাশ।

আত্মগোপনে থাকা আরিফুল হায়দার চৌধুরী মান্নার স্বাক্ষরটি হেড টিএক্সআর আক্তার হোসেন নিজে হাজিরা খাতায় স্বাক্ষর নিয়েছে বলে গুঞ্জন রয়েছে।খোঁজ নিয়ে হাজিরা খাতায় এই স্বাক্ষরের সত্যতা পাওয়া গেছে।

এদিকে অজ্ঞাত স্থান থেকে মান্নার হাজিরা খাতায় স্বাক্ষরের খবরে তার হাতে নির্যাতিত লাকসাম রেলওয়ে জংশনে কর্মরত শ্রমিক কর্মচারীদের মাঝে অসন্তোষ দেখা দেওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, অভিযুক্ত আরিফুল হকের কৈফিয়ৎ তলব করা হয়েছে। এখনো কোন জবাব পাওয়া যায়নি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জানাগেছে, টিএক্সআর মান্না ও ষ্টোর মুন্সী হাসান আহমেদ পলাশ তারা বিগত ১০ বছর চাকরি না করেই তুলতেন বেতন ভাতা এবং টিএ বিল।
সাবেক সরকারের এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহব্বত আলীর সঙ্গে চলাফেরা করার কারণে তাদের সঙ্গে ভয়ে কেউ কথা বলতে পারতোনা বলে অভিযোগ পাওয়া গেছে।

লাকসাম রেলওয়ে জংশনে সন্ত্রাসী কর্মকান্ড, প্রকাশ্যে মাদক সেবন, মাদক ব্যবসা, জিম্মি, হকারদের থেকে চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তারা। সারাক্ষণ ঘুরাফেরা আর নেতাগিরি করে বেড়াতেন। পলাশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে চলতো। লাকসাম স্টেশনকে নিজের কব্জায় রেখে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদেরকে লাঞ্ছিত করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অটোরিক্সা চালক

লাকসামে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

অটোরিক্সা চালক

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে অটোরিক্সা ছিনিয়ে নিয়ে চালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার থেকে মোঃ শাহজাহান (১৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহজাহান পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি পরিত্যক্ত স্টাফ কোয়াটারে অজ্ঞাত অর্ধ গলিত গলাকাটা মরদেহের সন্ধান পায় স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ৯ টায় মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। বুধবার সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান জানান, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার হলেও পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। তার গলা কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল।

জানা জানি হলে বুধবার সকালে শাহজাহানের পিতা আব্দুল হান্নান ও মা নুরজাহান বেগম এসে তার মরদেহ শনাক্ত করেন।

পিতা আব্দুল হান্নান জানান, সোমবার সকালে শাহজাহান ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। এরপর আর ফিরে আসেনি।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বুধবারে লাকসাম থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আশফাকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সৌমেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খান আরও বলেন, সিআইডি’র একটি দল এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ দলসহ পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

লাকসামে কাভার্ডভ্যানের চাপায় নারী মৃত্যু

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে কভার্ডভ্যান চাপায় এক নারী পথচারী জোসনা আক্তার (২৪) নিহত হয়েছেন।

মঙ্গলবার পৌর শহরের মিশ্রি এলাকার ভাঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী পার্শ্ববর্তী লালমাই উপজেলার জামিরা এলাকার মামুনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মিশ্রি গ্রামের আবদুর রহিম বাবুল জানান, ঐ মহিলা সড়ক পারাপারের সময় তার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা এসে পড়ে।

একই সময়ে কুমিল্লা থেকে নোয়াখালীমুখী দ্রুতগামী একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোরশেদ আলম ভূঁইয়া জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

লাকসাম, দাউদকান্দি ও মুরাদনগরে পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসাম, মুরাদনগর ও দাউদকান্দি উপজেলায় পানিতে ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাখি গ্রামে  বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে- ওই গ্রামের শহীদুল ইসলামের মেয়ে নাবিলা আক্তার মণি (১৪) ও হাফসা আক্তার মিলি (৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদুল ইসলাম নরসিংদী জেলা সদর এলাকায় ব্যবসার সুবাধে পরিবার নিয়ে সেখানে বসাবস করে। নিহত দুজন নরসিংদী জেলা সদরের একটি স্কুলের ৬ষ্ঠ ও ৪র্থ শ্রেণিতে পড়তো। বাড়িতে নতুন ঘর উঠানো উপলক্ষ্যে তারা বাবা-মায়ের সাথে বেড়াতে এসেছিলো। বুধবার পুনরায় তাদের নরসিংদী চলে যাওয়ার কথা ছিলো। কিন্তু এরই মধ্যে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় দুই বোনের। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পানিতের ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ। স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার দুপুরে মণি ও মিলিসহ তিনজন ওই পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর মণি ও মিলি পানিতে তলিয়ে গেলে তাদের সাথে থাকা অপরজন এসে বাড়ির লোকদের খবর দেয়। পরে লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে পুকুরে জাল ফেলে দু’জনের মরদেহ উদ্ধার করে।

এদিকে দাউদকান্দি ও মুরাদনগর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১ আগষ্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে দাউদকান্দি ও মুরাদনগর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর তিন শিশুকেই দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

মারা যাওয়া দুই শিশু হলো ১৮ মাস বয়সী রাধিকা রানী দাস ও ৮ বছর বয়সী মো. মুনতাছির। হাসপাতালে ভর্তি করা হয়েছে এক বছর বয়সী তানভীরকে।

ওই শিশুদের পরিবার সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার নোয়াপাড়া গ্রামের প্রবীর কুমার দাসের স্ত্রী শিউলী রানী দাস সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শিশুকন্যা রাধিকা রানী দাসকে (দেড় বছর) ঘরে রেখে রান্নাঘরে গিয়ে রান্না করছিলেন। এ সময় রাধিকা হামাগুড়ি দিয়ে একা খেলতে খেলতে বসতঘরের পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে রাধিকাকে উদ্ধার করা হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আকলিমা আক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে মুরাদনগর উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিব উল্লাহর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে মো. মুনতাছির (৮) বসতঘরের পাশে একা খেলার সময় হঠাৎ পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মুনতাছিরকে উদ্ধার করা হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বিকেল পাঁচটার দিকে দাউদকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের ছাদেক মিয়ার এক বছরের ছেলে তানভীর পরিবারের সবার অগোচরে বসতঘরের পাশের ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির পর ডোবা থেকে তাকে উদ্ধার করে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তানভীরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তানভীরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাখি গ্রাম এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ওই গ্রামের শহীদুল ইসলামের মেয়ে নাবিলা আক্তার মণি (১৪) ও হাফসা আক্তার মিলি (৯)।

এ নিয়ে একই দিনে কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হলো।

নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার ১৮ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধার কাজ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার ১৮ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধার কাজ। দুর্ঘটনার পর রোববার রাত দেড়টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আলো স্বল্পতার কারণে রাতে উদ্ধার অভিযান শুরু হয়নি।

সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে আরও একটি রিলিফ ট্রেন আসলে ভোর সাড়ে ৬টা থেকে এক সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন জানান, দুর্ঘটনায় তিন ও চার নম্বর (লুফ) লাইন ক্ষতিগ্রস্ত হয়। মূল লাইন দুটির ক্ষতি না হওয়ায় রাত থেকে আপ ও ডাউন দুই দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দেরিতে উদ্ধার কাজের বিষয়ে রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে সিঙ্গেল লাইন দিয়ে বিভিন্ন স্টেশনে আটকেপড়া ট্রেনগুলো পাসিংয়ের ব্যবস্থা করি। যার কারণে রিলিফ ট্রেন আসতে দেরি হয়েছে।

তিনি আরও জানান, ভোর থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আমরা উদ্ধার কাজ শেষ করতে পারবো।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের পেছনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে সাতটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রেনের চালকসহ অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হন।তবে এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

কুমিল্লার লাকসামে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল দুপুরে উপজেলার নগরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ১২ হাজার ১৫০ পিস ভারতীয় আতশবাজীসহ তাদেরকে আটক করা হয়। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

আটক চোরাকারবারিরা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার টোরাগড় গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ হুমায়ুন কবির (৪৯) এবং কুমিল্লার বরুড়া উপজেলার খাজুরগাও গ্রামের মোঃ মফিজুর রহমানের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩২)।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারমিন আক্তার মনি (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ৩ সন্তানের জননী।

জানা যায়, বুধবার সকালে কাপড় শুকানোর রশি নিয়ে শারমিন আক্তারের সাথে তার স্বামীর বড় ভাই খোরশেদ আলমের (৩৫) কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শারমিন ঘরের পাশে ফেরিওয়ালা থেকে মাছ কিনছিল। এ সময় খোরশেদ ঘর থেকে ধারালো দা এনে শারমিনকে এলোপাতাড়ি কুপিয়ে মূখমন্ডল বিকৃত, ডান কান ও ডান স্তন কেটে ফেলে, দুই হাত-দুই পা কেটে ঝুলিয়ে দেয়াসহ পিঠে ও দেহের অন্যান্য স্থানে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য লাকসাম নেয়ার পথে তার মৃত্যু হয়।

খুনি খোরশেদ আলম (৩৫) পেশায় একজন অটোরিকশা চালক। সে উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে গ্রামের মন্তাজুর রহমানের ছেলে।

নিহতের মেঝো ভাই সালেহ আহাম্মদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। থানায় অভিযোগ দায়েরের এক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের ভাই সালে আহাম্মদ জানান, ১২ বছর আগে মাসুদ আলমের সাথে আমার বোন শারমিন আক্তার মনির ‌বিয়ে দেই। বিয়ের পর থেকেই তার মেঝো ভাসুর খোরশেদ আলম সামান্য বিষয় নিয়েও মনির গায়ে একাধিকবার হাত তোলে। এ নিয়ে শালিসে কয়েকবার সে দোষি সাব্যস্থ হয়। এতে মনির প্রতি সে আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। বুধবার সকালে সামান্য কাপড় শুকানোর রশি নিয়ে উভয়ের কথা কাটাকাটির জেড়ে সে আমার বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

নিহত শারমিন আক্তার মনি ১০ ভাই-বোনের মধ্যে সবার ছোট। সে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মৃত ছায়দুল হক মোল্লার মেয়ে। তার ৩ সন্তানের মধ্যে ছোট ছেলে হামিদের বয়স ৪ মাস, অপর ছেলে সামীরের ৪ বছর। মেয়ে মিম আক্তার (৮) বাতাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে।

এসময় খবর পেয়ে মনোহরগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মোঃ আব্দুল আলিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। তিনি বলেন, আমার চাকরি জীবনে এমন নৃশংস হত্যাকান্ড আর দেখিনি।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেঝো ভাই সালেহ আহমেদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় লোকজনের সহায়তায় শাহপুর এলাকা থেকে অভিযুক্ত আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে।

লাকসামে রেলওয়ের সিন্দুুক থেকে টিকিট বিক্রির টাকা চুরি: তদন্ত কমিটি গঠন

 

লাকসাম প্রতিনিধিঃ

লাকসামে রেলওয়ের সিন্দুক থেকে টিকিট বিক্রির টাকা চুরি হয়েছে। এক মাসের ব্যবধানে দু’দফায় দেড় লক্ষাধিক টাকা চুরির ঘটনায় রেলওয়ে নিজস্ব তদন্ত কমিটি ঘটনাটি তদন্ত করলেও অদ্যাবধি কাউকে শনাক্ত কিংবা টাকা উদ্ধার করা যায়নি। রেলওয়ের বিভাগীয় তদন্ত কমিটি মঙ্গলবার লাকসাম রেলওয়ে জংশনে সংশ্লিষ্ট দায়িত্বরতদের জিজ্ঞাসাবাদ করেন।

জানা গেছে, এ দুটি ঘটনার পর পরই তদন্ত কমিটি গঠিত হলেও এখনো মেলেনি কোন তদন্ত প্রতিবেদন। এঘটনায় লাকসাম রেলওয়ে নিরাপত্তা চৌকির এক হাবিলদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে চুরির ঘটনায় রেলওয়ে থানায় কোন অভিযোগ কিংবা মামলা করেনি কেউ।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা-নোয়াখালী রুটের, মাইজদী কোর্ট, মাইজদী ও নাথেরপেটুয়াসহ ৬টি স্টেশনে টিকিট বিক্রির ৯২ হাজার ৭০০ টাকা ২৯ ডিসেম্বর নোয়াখালী থেকে ঢাকাগামী সমতট এক্সপ্রেস ট্রেনে সিন্দুকে ঢুকিয়ে সীলগালা করে লাকসাম স্টেশন মাস্টার বরাবর পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে লাকসাম স্টেশন মাস্টার সিন্দুকটি গার্ড থেকে বুঝে নিয়ে চট্টগ্রামস্থ বিভাগীয় গ্যাস অফিসের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে তুলে দেন। ট্রেনের দায়িত্বরত গার্ড চট্টগ্রাম পে অ্যান্ড ক্যাশ অফিসে সিন্দুকটি বুঝিয়ে দিতে গেলে দেখতে পান সিন্ধুকটির তালা ভাঙা, ভেতরে নেই টাকা। ঘটনার পরদিন ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ।

অপরদিকে, একই কায়দায় ২৮ জানুয়ারি সমতট এক্সপ্রেস নোয়াখালী থেকে নাথেরপেটুয়া পর্যন্ত ৬টি স্টেশনের টিকিট বিক্রির ৫৮ হাজার ৯৮৮ টাকা সিন্দুকে ভরে সীলগালা করে লাকসাম জংশন স্টেশন মাস্টার বরাবর পাঠিয়ে দেওয়া হয়। লাকসাম ষ্টেশনে সিন্দুকটি গ্রহন করতে গেলে ষ্টেশন মাষ্টারসহ সংশ্লিষ্টরা সিন্দুকের সিল সুতা ছেঁড়া ও তালা ভাঙ্গা দেখতে পান। তাৎক্ষনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা এসে সিন্দুকটি খুলে দেখেন এর ভিতরে কোন টাকা নেই।

রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৯ ডিসেম্বর ৯২ হাজার ৭০০ টাকা এবং ২৮ জানুয়ারি ২য় দফায় ৫৮ হাজার ৯৮৮ টাকা খোয়া রায়। টাকা উদ্ধারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলমান আছে। তবে যাদের দায়িত্ব অবহেলায় টাকা খোয়া গেছে তারা নিজ থেকে এ টাকা জমা দিয়েছেন। তিনি আরো জানান, বিভাগীয় তদন্তে দুটি ঘটনায় দায়ি ও দায়িত্বে অবহেলার অভিযোগে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলওয়ে কর্মচারী জানান, রেলের টাকার ওপর ‘জ্বিনের আছর’ ভর করেছে। সংশ্লিষ্টরা রেলের টাকা নিজেদের সুবিধামতো কোষাগারে জমা দেন। আর এ ভাবেই গায়েব হয়ে যায় রেলের টিকিট বিক্রির লক্ষ লক্ষ টাকা।

লাকসাম রেলওয়ে জংশনের ষ্টেশন মাষ্টার মোঃ শাহাবুদ্দীন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিইউ) তারেক মাহমুদ এমরানের নেতৃত্বে ৪ সদস্যের কমিটি টাকা চুরির ঘটনা তদন্ত করছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) মনির হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা (এও একাউন্স) সিরাজুল ইসলাম ও নিরাপত্তা বিভাগের এ্যসিষ্টান্ট কমান্ডেট (এসি) সত্যজিৎ দাস।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, গত ২৯ ডিসেম্বর টাকা চুরির ঘটনা শুনেছি তবে এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি।