Tag Archives: শিশু

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

হাম আক্রান্ত শিশু রায়হান (৮) চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। কুমিল্লা জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হলো।

চিকিৎসকরা জানায়, গত ১৪ এপ্রিল রাতে হাম-রুবেলার উপসর্গ অতিমাত্রায় জ্বর, কাশি এবং শরীরে প্রচণ্ড র‍্যাশ নিয়ে শিশু রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এদিকে, কুমিল্লায় হাম-রুবেলার প্রকোপ ক্রমেই বাড়ছে। মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। শয্যা, মেঝে, বারান্দা ছাড়িয়ে ওয়ার্ডের বাহিরে করিডোরে শিশু রোগীদের নিয়ে স্বজনরা অবস্থান করছেন।

মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ জানান, সকালে মারা যাওয়া শিশুটি সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিলো। এছাড়া প্রতিদিনি সংক্রমণের হার বাড়ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডের নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩৬ শিশু। বৃহস্পতিবার ৯৪ শিশু ভর্তি রয়েছে।

শাহরাস্তিতে জ্বরের শিশু রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

শাহরাস্তিতে জ্বরের শিশু রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন!

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। জ্বর নিয়ে চিকিৎসা করতে আসা এক শিশুকে ভুলবশত কুকুরের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এই অবহেলা ঘটে।

জানা যায়, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার পাঁচ বছরের মেয়ে আলিফাকে জ্বরের রোগী হিসেবে জরুরি বিভাগে নিয়ে আসেন। একই সময়ে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের ছেলে নাজমুলকে কুকুরের কামড়ের রোগী হিসেবে সেবা নিতে আসেন। উভয় রোগীকে জরুরি বিভাগে দেখে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম পৃথক চিকিৎসাপত্র দেন।

কিন্তু জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন পুশ করে দেন। এ ঘটনায় রোগীর অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছালে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে আবু ইউসুফ সাংবাদিকদের বলেন, “একই সময়ে দুই রোগী আসায় ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, “ভুলক্রমে ভ্যাকসিন দেওয়া হলেও রোগীর কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই। তবুও দায়িত্বে অবহেলার কারণে ওই কর্মকর্তাকে বিধি মোতাবেক শোকজ করা হবে।”

অপরদিকে ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

গুরুতর দগ্ধ শিশু মেহরাব, চিকিৎসার ব্যয় বহনে অক্ষম পরিবার

মোঃ রাছেল,কচুয়া:
অর্থ না থাকায় চিকিৎসা করাতে পারছেন না আগুনে ঝলসে যাওয়া ৩ বছরের শিশু মেহরাব। গত বৃহস্পতিবার মনোহরপুর গ্রামের খানকা বাড়িতে খেলার ছলে গরম পানিতে পরে পিঠ ও হাতের অংশের প্রায় ২৬ ভাগ অংশ ঝলসে যায়। তার পিতা মো. মনির হোসেন শিশু মেহরাবকে চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার করে। কিন্তু অর্থসংকটে থাকা দিনমজুর পিতা মনির হোসেন শিশুটিকে ঢাকায় না নিয়ে বাড়িতেই টোটকা চিকিৎসা করান।

অর্থভাবে শিশুর চিকিৎসা করাতে পাচ্ছেন না এমনি খবর কচুয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলামের দৃষ্টি গোছর হলে তিনি তাৎক্ষনিক শিশুটির পিতা মনির হোসেনকে ঢেকে এনে নগদ ৫ হাজার টাকা দিয়ে ঢাকায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেন। এবং তিনি পরিবারটিকে আশ্বস্ত করেন, শিশু মেহরাবের চিকিৎসায় সমাজসেবা অফিস পাশে থাকবে।

শিশুটির মা পাখি বেগম জানান, বৃহস্পতিবার আমি ভাত রান্না করছিলাম। মেহরাব আমার পাশেই খেলা করছিল। চুলার পাশে রাখা গরম পানিতে হঠাৎ করে দৌড়ে এসে পরে যায়। সাথে সাথে তার পিঠ ও হাতের বেশিরভাগ অংশ ঝলসে যায়। অর্থাভাবে চিকিৎসা নিতে না পেরে বাড়িতে কোন রকম চিকিৎসা দিচ্ছিলাম। দিন দিন আমার শিশু মেহরাবের অবস্থা অবনতি হচ্ছিল। আপনাদের সহযোগীতা কামনা করছি। দানশীল ব্যক্তি সহযোগীতা করতে শিশুটির সাথে ০১৮৭০-৩০৫৫৬৫ (নগদ একাউন্ট) তার বাবার নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবার।

ফেনীতে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ফুলগাজীতে পুকুরে ডুবে নাজমুল হোসাইন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়ার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসাইন স্থানীয় পোদ্দার বাড়ির সাখাওয়াত হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় যখন পরিবারের সবাই ইফতার নিয়ে ব্যস্ত ছিলো তখন নাজমুল হোসাইনরা ছোট দুই ভাই ঘরে খেলাধুলা করছিলো। কোন এক ফাঁকে সবার চোখকে ফাঁকি দিয়ে সে বাড়ির বাহিরে চলে যায়। নাজমুলকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন আশপাশ এলাকায় খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাকে ভাসতে দেখে তারা। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন মজুমদার পুকুরে ডুবে শিশু নাজমুল হোসাইনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি তবে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

ঘরের কাজে ব্যস্ত মা প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া (সর্দার পাড়া) গ্রামের পশ্চিমপাড়া কালাম বেপারীর পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু মো. আব্দুর রহিম ওই গ্রামের মুদি দোকান কর্মচারী মো. ইয়াছিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন। তিনি বলেন, শিশুটির মা শারমিন আক্তার ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মো. আব্দুর রহিমের মরদেহ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছায়া নামে এসেছে।

নোয়াখালীতে শিশুর খতনায় ভুল: উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে বদলি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিশুর খতনায় ভুলে লিঙ্গের সামনের অংশে বাড়তি কাটায় অতিরিক্ত রক্তপাতের ঘটনায় অভিযুক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে’কে শাস্তিমূলক বদলি করা হয়েছে। একই সাথে শিক্ষানবিশ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।

ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মো: যোবায়েরকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন মেডিকেল অফিসার ডা.শাহাদাত হোসেন। কমিটিকে আগামি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করে বলেন,, ঘটনাটি জানার পর স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা.মো.মহিউদ্দিন এবং তিনি নিজে (সিভিল সার্জন) আজ সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে যান।

এ সময় তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুটি ও তার বাবা সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে অভিযোগর প্রাথমিক সত্যতা পাওয়ার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ওইদিন দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে’কে তাৎক্ষণিক সেন্টমার্টিন দ্বীপে স্বাস্থকেন্দ্রে শাস্তিমূলক বদলি আদেশ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষানবিশ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিককে আজ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।

ভুক্তভোগী শিশু আল নাহিয়ান তাজবীব (৭) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আলমগীর হোসেন বাদলের ছেলে। সে বসুরহাট পৌরসভা এলাকার চাইল্ড কেয়ার স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

তার বাবা অভিযোগ করেন, বুধবার সকাল ১১টার দিকেব ছেলেকে খতনা করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি। এ সময় তিনি চিকিৎকের খোঁজ করলে স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ্য প্রহরীসহ তিনজন চিকিৎসক আসবেন বলে শিশুটিকে তার বাবার কাছ থেকে জরুরী বিভাগে নিয়ে নিজেরাই খতনা করাতে থাকেন। এ সময় তিনি আবারও চিকৎকের খোঁজ করলে তারা নিজেদেরকে এ বিষয়ে অভিজ্ঞ দাবি করে এদিন সকালে তারা আরো দুই শিশুর খতনা করেছেন বলে

তাকে (শিশুটির বাবাকে) আশ্বস্ত করে সেখান থেকে বের করে দেন। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে তিনি সেখানে গিয়ে শিশুর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে দেখেন বলে অভিযোগ করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন শিশুটির বাবা।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনায় শিক্ষানবিশ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিকের সরাসরি সম্পৃক্ততা এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে এর দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। তাই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তে অন্য কারো সম্পৃক্তা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মোহাম্মদ সেলিম জানান, শিশুটি এখন সুস্থ আছে। খতনার সময় তার একটু বেশি রক্তপাত হয়। যা স্বাভাবিক ঘটনা হলেও এতে শিশুটির স্বজনরা ঘাবড়ে যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাসুদ হোসেন:

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (২) ও মো. ইয়ামিন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা আড়াইটা থেকে ৩টার মধ্যে মকিমাবাদ ও কংগাইশ এলাকায় পৃথক এই ঘটনা ঘটে। উভয় শিশুকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুদের মধ্যে রাইসা হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ বেপারী বাড়ীর মোঃ আব্দুর রহিমের মেয়ে এবং ইয়ামিন কংগাইশ এলাকার মোঃ লিটন মিয়ার ছেলে।

রাইসার স্বজনরা জানায়, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সাথে নানার বাড়ীতে থাকতো। দুপুরে বাড়ীর সবার অগোচরে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে যায়। পরে তাকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তার বাবার বাড়ী উপজেলার কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে।

অপরদিকে ইয়ামিনের স্বজনরা জানায়, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। বাড়ীর পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে উঠে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়। দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ।

চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের মো. মাইন উদ্দিনের মেয়ে।

রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের দাদা আবুল হাশেম।

জানা গেছে, রোববার দুপুরে দুই বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশে খেলা করছিল। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।

এক পর্যায়ে পাশের পুকুরে জান্নাতুল ফেরদৌসকে ভাসতে দেখে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় জান্নাতুল ফেরদৌসকে মুন্সিরহাট নেছারিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পানি থেকে ওঠানো সেই শিশুটি এখন সুস্থ

পানি থেকে ওঠানো সেই শিশুটি এখন সুস্থ

ডেস্ক রিপোর্ট:

রাজধানী মিরপুর হাজিরোড ঝিলপার বস্তির সামনে প্রবল বর্ষণের কারণে জলাবদ্ধতার পানিতে পড়েছিল ৮ মাস বয়সের এক শিশু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন নিহত হওয়ার ঘটনার স্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

ওই ঘটনায় তার বাবা-মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সেখানে জমে থাকা পানিতে শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ওই শিশুকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত শিশুটিরর নাম হোসাইন।

শিশুটিকে উদ্ধার করা তৃতীয় লিঙ্গের বৃষ্টি জানায়, ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। একই জায়গায় ওই শিশুটি জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শিশুটি অনেক কান্নাকাটি করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানায়, মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন নিহত হওয়ার ওই ঘটনাস্থল থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। বৃষ্টি নামে তৃতীয় লিঙ্গের একজন তাকে হাসপাতালে নিয়ে আসে। শিশুটি ভালো আছে। চিকিৎসা শেষে ভোর ৪টার দিকে তাকে নিয়ে যাওয়া হয়।

এদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানায়, উদ্ধার হওয়া শিশু সন্তানটি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত মুক্তা ও মিজান দম্পতির।

বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরে পড়ে লাশ হলো দুই শিশু

বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরে পড়ে লাশ হলো দুই শিশু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আমতলিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার শহিদ মিয়ার মেয়ে মাহি আক্তার (৯) ও আশরাফ আলীর মেয়ে রুমা আক্তার (৭)। তারা সম্পর্কে একই বংশের ফুফু-ভাতিজি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে খেলা করছিল শিশু মাহি ও রুমা। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশে পুকুরে তারা পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রাজু আহমেদ, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।