Tag Archives: উপজেলা

মুরাদনগরে সিসা পোঁড়ানোর দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

শাহ ইমরান:

মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া, রামপুর, ইলিয়টগঞ্জ এলাকায় সিসা পোঁড়ানোর (পুরাতন ব্যাটারী) বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর ও মুরাদনগর উপজেলা প্রশাসন এর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

সিসা পোঁড়ানোর (পুরাতন ব্যাটারী) অপরাধে নিউ হাবিব এন্টারপ্রাইজ, বাবুটিপাড়া, রামপুর, ইলিয়টগঞ্জ, মুরাদনগর, কুমিল্লা নামক প্রতিষ্ঠান কর্তৃক এস.আর.ও- ৪৫ আইন/২০২১ মোতাবেক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লংঘন করায় ২ লক্ষ টাকা ধার্য্য ও আদায় করা হয় এবং সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেছেন মুরাদনগর থানা পুলিশ।

চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু: আহত ১

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ডাকাতদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামে এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জসিম উদ্দিন (৪০) নামে আরও এক মাছ ব্যবসায়ী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টায় চান্দিনা উপজেলা কেশেরা গরুবাজার সংলগ্ন ঈগগাহ্ সামনের সড়কে ওই ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস চান্দিনা উপজেলার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। আহত জসিম উদ্দিন গল্লাই উত্তর পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। সে এলাকায় ঘুরে ভ্যানে করে মাছ ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কংগাই থেকে রিক্সা ভ্যানে করে পাইকারী মাছ কিনতে উপজেলার পরচঙ্গা বাজারে রওয়ানা হয় তারা। পথিমধ্যে ডাকাতদল তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে গরীব ওই ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানাইলে ডাকাতদল ছুরিকাঘাত করে ওই ব্যবসায়ীদের। গুরুতর আহতাবস্থায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আব্দুল কুদ্দুসকে মৃত ঘোষনা করেন। আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন জসিম উদ্দিন।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সৈকত দাস গুপ্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের তথ্য সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

নোয়াখালীতে সিঁধ কেটে মা-মেয়েকে গণধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম। এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নির্যাতিত গৃহবধূর বয়স (৩০) ও তার মেয়ের বয়স (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী পেশায় একজন দিনমজুর। সে ৩-৪দিন পর পর বাড়িতে আসে। তাকে কাজের জন্য প্রায় বাহিরে থাকতে হয়। ভুক্তভোগী গৃহবধূর ভাষ্যমতে এ সুযোগে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টা থেকে ২টার মধ্যে তার বসত ঘরের সিঁধ কেটে তাকে এবং তার মেয়েকে ধর্ষণ করে তিন ধর্ষক। এর মধ্যে তাকে ধর্ষণ করে দুই ধর্ষক ও তার মেয়েকে ধর্ষণ করে এক ধর্ষক।

অপর এক প্রশ্নের জবাবে ওসি রফিকুল ইসলাম বলেন, কিছু দিন আগে নির্যাতিত গৃহবধূ নতুন এ বাড়িতে উঠে। ওই বাড়িতে সিঁধ কেটে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৃহবধূ ও তার মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ভুক্তভোগীর ভাষ্যমতে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গতকাল সোমবার বেলা ১২টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস ওই দলবদ্ধ ধর্ষণ মামলায় ১৬ আসামির মধ্যে ১০ জনের মৃত্যুদন্ড ও ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সাথে তাদের অর্থদন্ডও করা হয়। এ উপজেলা গণধর্ষণের জন্য দেশব্যাপী বারবার আলোচনায় আসছে।

চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির কমিটি গঠন, সভাপতি: মনোয়ার, সম্পাদক: কামাল

ফখরুদ্দীন ইমন:

বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার (৩১ জানুয়ারি) বিকালে সংগঠনের কুমিল্লা জেলা সভাপতি ইয়াসমিন রীমা ও সাধারণ সম্পাদক শাহজাদা এমরান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নয় সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো: মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টিভি’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো: কামাল হোসেন নয়ন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আনন্দ টিভি’র চৌদ্দগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনু সহ-সভাপতি, বিজয় টিভি’র প্রতিনিধি মনির উল্লাহ ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক, জনতার বার্তার মোতালেব হোসেন অর্থ সম্পাদক, আমাদের সময় ডটকম এর এম এ আলম দপ্তর সম্পাদক, ঢাকা টাইমস্ এর শাহরিয়ার ইমন জয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, কালের কণ্ঠের আবুল বাশার রানা ও বাঙলার জাগরণ এর আবদুল মান্নান নির্বাহী সদস্য।

বুধবার বিকেলে নতুন কমিটির অনুমোদিত তালিকা ও দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, সহ-সভাপতি ওমর ফারুক তাপস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও দফতর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু প্রমুখ।

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তিন ব্যক্তির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অসীম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর পৌনে ৩টার দিকে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তারা নির্মাণ শ্রমিক ছিল। উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। খোঁজ খবর নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বুড়িচংয়ে ভূমি অফিসের জালিয়াতির অভিযোগে দুই প্রতারক আটক

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির ভূমি অফিসের সহ-কারী ভূমি কর্মকর্তার অফিসিয়াল আইডি হ্যাক ও সীলমোহর সহ অন্যান্য ডকুমেন্ট জালিয়াতি করে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশন (ভূমি) মোঃ ছামিউল ইসলাম।

(৩১ জানুয়ারি ২০২৪) বুধবার বিকেলে দুই প্রতারককে আটক করা হয়েছে।

পুলিশ ও ভূমি অফিসের সূত্রে জানা যায়,উপজেলার ময়নামতি ইউনিয়নের ভূমি অফিসের সহকারি কর্মকর্তা মো: নুরুল ইসলামের অফিসিয়াল আইডি হ্যাক ও সীলমোহর সহ বিভিন্ন ডকুমেন্ট জালিয়াতি করে দলিল কাজ সম্পন্ন করেন দুই প্রতারক শরিফ হোসেন( ২৭) ও মো: সালেহ আহম্মেদ (২১)। প্রতারক শরিফ হোসেনের বাড়ি উপজেলা ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া গ্রামের মৃত: শহিদউল্লাহ’র ছেলে। অপর প্রতারক মোঃ সালেহ আহম্মেদ একই ইউনিয়নের বিনন্দিয়ারচর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ময়নামতি ইউনিয়নের ভূমি অফিসের সহকারি কর্মকর্তা মো: নুরুল ইসলাম জানান,এই দুই প্রতারক আমাকে বিপদগ্রস্ত করতে অফিসিয়াল ও বিভিন্ন ডকুমেন্ট জালিয়াতি করেছে।আমি জানতে পেরে প্রথমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করি তারপর তিনি তাদেরকে আটক করে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশের হাতে সোপর্দ করে।এ বিষয় ফাঁড়ির এসআই মোঃ রহুল আমিন জানান, ময়নামতি ইউনিয়নের ভূমি অফিসের নীলমহল ও ডকুমেন্ট জালিয়াতির অভিযোগ তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুকুর পাড়ে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সেটি খুললে এক তরুণীর মাথা এবং দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করা মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক লাল লাগেজটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে। পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাসুদ হোসেন:

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (২) ও মো. ইয়ামিন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা আড়াইটা থেকে ৩টার মধ্যে মকিমাবাদ ও কংগাইশ এলাকায় পৃথক এই ঘটনা ঘটে। উভয় শিশুকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুদের মধ্যে রাইসা হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ বেপারী বাড়ীর মোঃ আব্দুর রহিমের মেয়ে এবং ইয়ামিন কংগাইশ এলাকার মোঃ লিটন মিয়ার ছেলে।

রাইসার স্বজনরা জানায়, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সাথে নানার বাড়ীতে থাকতো। দুপুরে বাড়ীর সবার অগোচরে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে যায়। পরে তাকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তার বাবার বাড়ী উপজেলার কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে।

অপরদিকে ইয়ামিনের স্বজনরা জানায়, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। বাড়ীর পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে উঠে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়। দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ।

বুড়িচংয়ে সাব-কন্ট্রাক্টর শের আলীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বুড়িচং উপজেলার ঘোষনগর এলাকার সাব-কন্ট্রাক্টর মোঃ শের আলীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন – কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের মোঃ মালেক হাবিলদার এর ছেলে মোঃ সুজন মিয়া (৪০) ও আবুল কাশেম এর ছেলে মোঃ মামুন (১৮) এবং একই জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মনিপুর দক্ষিণ পাড়াস্থ মৃত রুস্তম আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৩০)।

মামলার বিবরণে জানাযায়- ক্যান্টমেন্ট বোর্ড অফিসের আওতাধীন একটি আম বাগানে ভিকটিম মোঃ শের আলী ও ১নং আসামি মোঃ সুজন মিয়া লিজ নিয়া জীবিকা নির্বাহ করত। আম বিক্রির পাঁচ লক্ষ টাকা ভাগ ভাটোয়ারা নিয়া বিরোধ চল ছিল।

এ বিরোধ চলাবস্থায় ২০১৫ সালের ২৩ জুন মঙ্গলবার দুপুর ২টার সময় কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষনগর গ্রামস্থ আয়েশা আক্তারের বসত ঘরের উত্তর-পূর্ব কোনের রুমে পূর্ব আক্রোশের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিমে ভাড়া বাসায় প্রবেশ করে লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলো পাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে গামছা দিয়ে মুখ এবং কারেন্টের তার দিয়ে দু’হাত-পা বেঁধে অচেতন অবস্থায় ফেলে রাখে। মামলার বাদী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোঃ শের আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মনিপুর শেখ বাড়ীর মৃত হাছন আলীর ছেলে নিহতের প্রতিবন্ধী ভাই মোঃ বাবুল মিয়া (৪৫) বাদী হয়ে মোঃ সুজন মিয়া (৪০) ও মোঃ জাকির হোসেন (৩০) এবং বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের কন্ট্রাক্টর মোঃ হামযা (৫০) কে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানার এসআই মোঃ ইমাম হোসেন ঘটনা তদন্তপূর্বক আসামি গণের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় দঃ বিঃ আইনের ৩০২/৩৪ ধারার বিধানমতে ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারী আসামি মোঃ সুজন মিয়া, মোঃ জাকির হোসেন ও মোঃ মামুন এর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন (অভিযোগপত্র নং-৫৫)।

তৎপর মামলাটি বিচারে আসিলে ২০১৭সালের ০২ ফেব্রুয়ারী আসামিগণের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় চার্জগঠন শেষে রাষ্ট্রপক্ষে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোঃ সুজন মিয়া, মোঃ জাকির হোসেন ও মোঃ মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় কৌশলী অতিরিক্ত পিপি মোঃ রফিকুল ইসলাম এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ জামান আহমেদ নয়নসহ আরো অনেকে।

নোয়াখালীতে আধিপত্য বিস্তারে প্রবসাীকে কুপিয়ে হত্যার, আটক ৭

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে করে মো. সৌরভ হোসেন সাজ্জাদ (২০) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার

আটককৃতরা হলো, রিয়াজ উদ্দিন (২৩), আরিফ উদ্দিন (২৫), আরমান রাহাত (২১), পারভেজ রাজু (২০), আবু নাছের (২৫), মো. ফারুক (৪২), রাকিব উদ্দিন (২৫)। আটককৃত সবাই সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা। ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নিহত মো. সৌরভ হোসেন সাজ্জাদ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩নং রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো. সবুজের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশিত করে জানান, এ ঘটনায় থানা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে সোমবার দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে জড়ানো দু’গ্রুপই স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর অনুসারী।