Tag Archives: চান্দিনা উপজেলা

কুমিল্লার চান্দিনায় নিজ গ্রামে ভোট চাইলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শামীম হোসেন

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় পৌর নির্বাচনকে সামনে রেখে ২নং ওয়ার্ডে নিজ গ্রামে জগ প্রতীকে ভোট চাইলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো.শামীম হোসেন।

শনিবার (৯ জানুয়ারি) গ্রামের নারী-পুরুষ ভোটারদের সাথে কুশল বিনিময় করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হবে বলে ভোটারদেরকে আশ্বাস দেন তিনি।

প্রতীক বরাদ্দের পর থেকে দিন-রাত মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র ওই মেয়র প্রার্থী। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন ওই প্রার্থী এবং তার সমর্থকরা।

বয়োজ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ সকল শ্রেণির নারী-পুরুষের সাথে সরাসরি দেখা করে জগ প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি।

গণসংযোগে তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. রাশেদুল ইসলাম, মো. শামীম হোসেন সরকার, মো. শওকত জামান, শফিউল আলম সুজন, মাসুদ সরকার, নাঈম সরকার, মফিজুল ইসলাম, কাজী ফরিদ, পাভেল, আবদুস ছালাম, মেহেদী হাসান মানিক, মাহাবুব কাজী, শান্ত সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

চান্দিনা পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থীর ব্যাপক প্রচারণা

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা পৌর নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিন যতই ঘনিয়ে আসছে ভোট প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বার ততই বেশি যাচ্ছেন তারা।

এ পৌরসভায় ৫ মেয়র প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি প্রচারণায় আছেন নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. শওকত হোসেন ভূইয়া।

সকাল হতে রাত অবধি ঘুরে বেড়াচ্ছেন চান্দিনা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড, দোকান-পাট ও পাড়া-মহল্লায়। উঠান বৈঠক, পথসভা ও বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করায় চান্দিনা পৌর নির্বাচনে নৌকা প্রার্থীর গণজোয়ার সৃষ্টি হয়েছে। চান্দিনার রাজনীতিতে পরিচ্ছন্ন রাজনীতি করার সুবাদে অন্য রাজনৈতিক দল, গ্রুপ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তার সাথে একাত্মতা করে মাঠে নেমেছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে চান্দিনা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে বাজারের ব্যবসায়ীদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন শওকত হোসেন ভূইয়া। এর আগের দিন বুধবার ১নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দ্বারে দ্বারে ঘুরেন তিনি।

প্রার্থী শওকত হোসেন ভূইয়া জানান, গণসংযোগে ভোটার ও সমর্থকদের ব্যাপক সাড়া পাচ্ছি। তবে আমার গণজোয়ার দেখে প্রতিপক্ষরা হিংসাত্মক হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার সাথে প্রতিদ্বন্ধি আরও চার প্রার্থী রয়েছেন। সকলেই নিজ নিজ ভাবে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারপরও বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। নৌকার বিরুদ্ধে প্রশাসনকে ক্ষেপিয়ে তোলতে অপচেষ্টায় লিপ্ত হয়েছে তারা। আমি আমার জনগণকে ধৈর্য্য ধরার জন্য অনুরোধ করে ১৬ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে আহবান জানাচ্ছি।

চান্দিনায় আবারও লাল নিশান ও সাইনবোর্ড লাগিয়ে সরকারি ভূমি উদ্ধার

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও চান্দিনা পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সরকারি ভূমি বৃহস্পতিবার (৭ জানুয়ারি) উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি নাঈমা ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাল নিশান ও সাইনবোর্ড লাগানোর কার্যক্রম তদারকি করেন। ওই কার্যক্রমে চান্দিনা থানা পুলিশ সহায়তা করেন।

এর আগে ৯ অক্টোবর ঢাকা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সা’দ বিল্ডার্স ওই ভূমিটি রাতের অন্ধকারে অবৈধভাবে দখল করে নেয়। পরে ৪ নভেম্বর ওই ভূমিতে লাল নিশান ও সাইনবোর্ড টানানো হয়েছিলো। কিন্তু রাতের অন্ধকারে ভূমি দখলকারীর লোকেরা সেগুলো নিয়ে যায়।

কুমিল্লা জেলা প্রশাসকের ১নং খাস খতিয়ানের আওতাধীন পৃথক দুটি দাগে ৩শতাংশ ৬পয়েন্ট ভূমি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমির নির্দেশে লাল নিশান ও সাইনবোর্ড লাগিয়ে ওই ভূমিতে প্রবেশাধিকার সংরক্ষণ করা হয়। একই সাথে ওই ভূমিতে অবৈধ অনুপ্রবেশকে আইনত দন্ডনীয় বলে উল্লেখ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর ভূমি অফিসের নায়েব মো. আবুল কাশেম, চান্দিনা পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ¦ মো. রমজান আলী, সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী ভূইয়া, কোষাধ্যক্ষ মো. আবু তাহের মুন্সী, সদস্য মো. নূরুল ইসলাম মুন্সী, এম.এইচ মাসুম, মসজিদের মুয়াজ্জিন মো. শহিদুল ইসলাম, মো. শরীফুল ইসলাম প্রমুখ।

শওকত সাহেবের হাতে নৌকা নিরাপদ নয়- চান্দিনা পৌর মেয়র মফিজ

স্টাফ রিপোর্টার:
আগামী ১৬ জানুয়ারী কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচন। কথার লড়াইয়ের জমে উঠেছে এ নির্বাচন । এবার আ’লীগের মনোনয়ন পাননি বর্তমান পৌর মেয়র মেয়র মো. মফিজুল ইসলাম। মনোনয়ন দেয়া হয়েছে উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শওকত হোসেন ভূইয়াকে। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান পৌর মেয়র।

মেয়র মো. মফিজুল ইসলাম শুক্রবার রাতে আজকের কুমিল্লাকে জানান, পৌর এলাকায় আমার জনপ্রিয়তা ৭০ ভাগ। সাধারণ ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের আশ্বাস, সমর্থন ও ভালবাসা নিয়ে আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো। আর নৌকা প্রতিক যে ব্যক্তি পেয়েছে, তার হাতে নৌকা নিরাপদ নয়। ভুল লোকের হাতে নৌকা প্রতিক দেয়া হয়েছে। আমি স্বতন্ত্র থেকেই নির্বাচন করে ইনশাল্লাহ জয়ী হবো।

কথার লড়াইটা বেশ জমে উঠেছে। এবার দেখা যাক ভোটের লড়াইয়ে কে কাকে টেক্কা দিয়ে পৌর পিতার আসনে বসে ?

১০ টাকা চাঁদা নিয়েছি প্রমাণ করতে পারলে এমপি পদ ছেড়ে দেব- এমপি বাহার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর আসনের সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, আমার রাজনৈতিক বয়স ৫০ বছর। এ রাজনৈতিক দীর্ঘ জীবনে কেউ যদি আমাকে প্রমাণ করতে পারেন কারো কাছ থেকে ১০ টাকা চাঁদা নিয়েছি তাহলে এমপি পদ ছেড়ে দেব। আমার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত পুরোই সৎ আছে। আমার বিরুদ্ধে জাতীয় ষড়যন্ত্র চলছে। আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করিনি, করবোওনা।

শুক্রবার সন্ধ্যায় ( ২৫ ডিসেম্বর) শাহে পানুয়া ঈদগাহে ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের মুক্তিযুদ্ধে শহীদ ও অংশগ্রহণকারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।

কুমিল্লা সিটি কর্পোরেশন প্যানেল মেয়র কাউন্সিলর সৈয়দ মো: সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহনগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।

বীর চন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তনের ( কুমিল্লা টাউনহল) বিষয়টি নিয়ে তিনি বলেন, আমার কাছে টাউন হল উন্নয়ন মানেই কুমিল্লার উন্নয়ন মনে হয়। কেননা টাউন হল কুমিল্লার প্রাণ কেন্দ্র। কেউ কেউ নাকি এটাকে পুরাকীর্তি বানাবে। কুমিল্লার উন্নয়নের ধারাকে বাধাপ্রদান করলে আমি তা শক্ত হাতে দমন করবো।

অনুষ্ঠানে সর্বমোট ২৪ জন মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ২ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং ২২ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্মাননা প্রদানকালে জাতীয় পতাকা,ক্রেষ্ট, চাদর ও উপহার সামগ্রী এবং খাবার তুলে দেন অতিথিবৃন্দরা।

যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের উপস্থাপনায় এ সময় মহানগর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: হানিফ, মোবারক, আব্দুল জলিল, হারাধন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ার্ড যুবলীগ নেতা সৈয়দ মো: রোমান, মাজেদুল হক বাদল, ওয়াসিম, বিপ্লব, শাকিলসহ স্বেচ্ছাসেবকলীগের মামুনুর রশিদ মামুন, নূর হোসেন রানা ও ছাত্রলীগের মাহবুবুল আলম অপু, ফখরুল আবেদীন হৃদয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দুই বছরের চুক্তিতে স্বাস্থ্য ডিজি হলেন কুমিল্লার ছেলে ডা. খুরশীদ আলম

ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন কুমিল্লার ছেলে অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও নিয়োগ শাখার উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম (কোড নম্বর ৩৮০১৩) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতরকে তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তির দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৩ জুলাই দশম বিসিএসের দক্ষ কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদফতরের ২৭তম মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন।

উল্লেখ্য, খুরশীদ আলম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। খুরশীদ আলম কিছুদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজেও কর্মরত ছিলেন। তিনি সার্জারিতে এফসিপিএস ও এমএস ডিগ্রি অর্জন করেছেন। তার বাড়ি কুমিল্লার চান্দিনায়।

অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ২২ নভেম্বর ১৯৮৪ ইন সার্ভিস ট্রেনিংয়ের আওতায় সহকারী সার্জন হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে যোগদান করেন। ১৯৮৬ সালের ৪ অক্টোবর মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। পরবর্তীতে মোহাম্মদপুর ইউনিয়ন সাব সেন্টার ও ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি সহকারী সার্জন হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবেও তিনি কৃতিত্বের সাথে চিকিৎসাকার্য পরিচালনা করেন।

সার্জারি বিষয়ের জুনিয়র কনাসলট্যান্ট হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দায়িত্ব পালন করে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজে যোগদান করেন। সহযোগী অধ্যাপক হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজে দায়িত্ব পালন করে এই কৃতি শিক্ষক ও চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক হিসেবে ২০১৬ সালে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন।

সংস্কৃতি অঙ্গনেও রয়েছে তার অবাধবিচরণ। অধ্যাপক ডা. খুরশীদ আলম বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। প্রয়াত সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হকের প্রিয় শিষ্যদের একজন তিনি। এককালে ওয়াহিদুল হকের ছায়াসঙ্গী ছিলেন অধ্যাপক ডা. খুরশীদ আলম। এছাড়া জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখার প্রশিক্ষক ছিলেন তিনি। পরে সভাপতির দায়িত্বও পালন করেছেন।

চান্দিনায় ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের পৌর কমিটি গঠন

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ নামে একটি অরাজনৈতিক সংগঠনের পৌর কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে ওই কমিটি গঠন করা হয়।

এতে মাওলানা গোলাম মোস্তফা কাসেমিকে সভাপতি, মাওলানা জাকির সালেহ আরমানীকে সাধারণ সম্পাদক, মাওলানা মফিজুল ইসলাম ফরিদীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা জোবায়ের খাঁন ফরাজীকে অর্থসম্পাদক ও মাওলানা মো. সফিকুল ইসলামকে প্রচার সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও মাওলানা আবুল কালাম কাসেমি, মাওলানা খায়রুল ইসলাম ফরাজীকে সিনিয়র সহ-সভাপতি, মুফতি হোসাইন আহমেদকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মাওলানা শফিকুল ইসলামকে দপ্তর সম্পাদক ও মুফতি সাদিক মাহমুদ বিন নূরীকে ফতুয়া ও দাওয়া বিভাগীয় সম্পাদক প্রধান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তৃতা দেন, ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা শাহ ইলিয়াস সিদ্দিকী পীর বদরপুরী, বিশেষ অতিথির বক্তৃতা করেন দেন, মাওলানা আনোয়ার হোসেন জাফরী। অনুষ্ঠানে মুফতি হোসাইন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা দেন, আশরা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহ ইয়া রাশেদ, মাওলানা সিদ্দিকুর রহমান খাঁন, মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে আসছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা।

চান্দিনা পৌর নির্বাচন: মেয়র পদে ৮ প্রার্থী ও কাউন্সিলর পদে ৫৬ জনের মনোনয়ন দাখিল

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভায় মনোনয়নপত্র জমা প্রদানের শেষদিন পর্যন্ত মোট ৬৪ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীসহ ৮ জন প্রার্থী, ৯টি ওয়ার্ড থেকে ৪৯ জন কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড থেকে ৭ জন নারী কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী রবিবার (২০ ডিসেম্বর) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল ৫টা পর্যন্ত উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

 

মেয়র পদে ৮ প্রার্থী হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. শওকত হোসেন ভূইয়া, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মো. মফিজুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জামশেদ আহম্মদ জাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজী রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শামীম হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আব্দুল মান্নান সরকার, হুমায়ূন কবির।

প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব প্রমুখ।

 

কুমিল্লার চান্দিনায় জীবিকা নির্বাহে পঙ্গু শাহজালাল পেল অটোরিক্সা

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের অটোরিক্সা চালক শাহজালাল। ২ ভাই ও ১ বোনের সংসারে শাহজালাল সকলের বড়। ২০০৪ সালে বিয়ে করে দাম্পত্য জীবন শুরে করেন তিনি। দাম্পত্য জীবনে ৪ কন্যা সন্তানের জনক শাজালাল।

সংসারের ঘানি টানতে ভোর থেকে রাত অবধি ভাড়ায় অটোরিক্সা চালিয়ে সংসার চালতো তার। নিজ বাড়িতেই হোচট খেয়ে পড়ে সুন্দর সাজানো জীবন অগোছালো হয়ে পরে তার। মাত্র এক বছরের ব্যবধানে প্রাণঘাতি ক্যান্সার থেকে রক্ষা করতে ডাক্তার তার একটি পা কেটে ফেলে। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন শাহজালাল। স্ত্রী, ৪ কন্যা সন্তানকে নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তিনি।

হঠাৎ দেবদূত হয়ে যেন অসহায় পঙ্গু শাহজালালের পাশে দাঁড়ান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের নেতৃত্বে ১০১ সদস্যের টিম। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মূলমন্ত্র ‘সেবা-শান্তি-প্রগতি’কে মনে লালন করে পঙ্গু শাহজালাল এর চিকিৎসা ব্যয় বহন থেকে শুরু করে জীবিকা নির্বাহের আলোর দিশারী উঠেন ওই টিম। পরবর্তীতে তার জীবিকা নির্বাহ করার জন্য দেওয়া হয়েছে একটি ইজি বাইক (অটোরিক্সা)।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন বাগুর আব্দুল মাজিদ মার্কেট এলাকায় আর্ত মানবতার সেবায় অসহায় পঙ্গু রিক্সা চালকের মাঝে ইজি বাইক বিতরণ অনুষ্ঠানে শাহজালালের হাতে চাবি তুলে দেন নেতৃবৃন্দ।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ১০১ সদস্যের টিম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সালেহ্ মোহাম্মদ টুটুল।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোসলেহ্ উদ্দীনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ সদস্য এড. জাহিদুল আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, যুগ্ম-আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার, সদস্য আবদুর রহমান মানিক সরকার, শাহদাত হোসেন মিঠু, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক এমএ. সাত্তার, দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব আব্দুল মান্নান মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোদ্দাম হোসেন, গোলাম আব্বাস গনি, শাহজাহান খন্দকার, নজরুল ইসলাম, ছাত্র নেতা যাদব রায় প্রমুখ।

আজকের এই দিনে মুক্ত হয়েছিল চান্দিনা

শরীফুল ইসলাম, চান্দিনা :
১২ ডিসেম্বর চান্দিনা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে চান্দিনা উপজেলা পাকিস্তানী হানাদারদের হাত থেকে মুক্ত হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক বাহিনী চান্দিনা উপজেলার বিভিন্ন গ্রামে মুক্তিযোদ্ধাদের খুঁজে অভিযান চালাত। সন্ধান না পেলে গ্রামবাসীর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হত।

১২ ডিসেম্বর পাকবাহিনী চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ করতলা এলাকায় পৌঁছলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের প্রতিরোধের সম্মুখিন হয়। এসময় মিত্রবাহিনীর সাথে পাকবাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। যুদ্ধে মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, ইউপিআর সদস্য কাজী আব্দুল লতিফসহ ৩ মুক্তিযোদ্ধা ও ৩ জন বীর জনতা শহীদ হন। গোলাগুলির এক পর্যায়ে পাক হানাদারদের গোলাবারুদ শেষ হয়ে যায়। ঘৃণা ও ক্রোধে মুক্তিযোদ্ধা এবং উত্তেজিত জনতার আক্রমণের ফলে নিহত হয় বহু পাকসেনা। একই দিন চান্দিনা উপজেলার হারং উদালিয়ারপাড় ও এতবারপুর এলাকায় পাকসেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। ওই দিন প্রায় এগার’শ মতান্তরে দেড় হাজার পাকিস্তানী সৈন্য মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পন করে।

এদিকে দিবসটি উদ্যাপনে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক জানান, সকালে চান্দিনা উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।