Tag Archives: চান্দিনা পৌরসভা নির্বাচন

চান্দিনা পৌরসভা নির্বাচন আজ; কে হচ্ছেন পৌর মেয়র! ১৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

মো. শরীফুল ইসলাম, চান্দিনা :
চান্দিনা পৌরসভা নির্বাচন আজ শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টি স্থানে ১৫টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করার কথা রয়েছে। দ্বিতীয় ধাপে কুমিল্লা জেলায় একমাত্র পৌরসভা হিসেবে চান্দিনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে গোটা জেলাবাসীর দৃষ্টি এখন এই নির্বাচনের দিকেই।

নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন এর পক্ষ থেকে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বিজিবি, র‌্যাব, পুলিশ ও আসনারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাহী ও বিচারিক হাকিমরাও মাঠে রয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান হাবীব এর সাথে কথা বলে জানা যায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে তারা কাজ করে যাচ্ছেন। নির্বাচন ঘিরে ২ প্লাটুন বিজিবি, র‌্যাব-১১ এর ৩টি টিম, আনসারের ১৩৫ জন সদস্য কাজ করবেন। এছাড়া এবারই প্রথম রেকর্ড সংখ্যক পুলিশ সদস্য নির্বাচন ঘিরে কাজ করছেন। নির্বাচনের দিন ৪ শত ৫০ জন পুলিশ সদস্যের ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার গ্রহণ করেছে জেলা পুলিশ।

ভোট গ্রহণের লক্ষ্যে  ইতোমধ্যে ১৫ জন প্রিজাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৮৪ জন পুলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ জানুয়ারি চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচনের দিন ১৫টি কেন্দ্রের সবগুলোতেই এক জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

১৪.২ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় মোট জনসংখ্যা ৫৫ হাজার ৯০০ জন। মোট ভোটার ৩১ হাজার ৮৪৮জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬৭৮জন, নারী ভোটার ১৬ হাজার ১৭০জন। এই জনসংখ্যার প্রতিনিধিত্ব করবেন নির্বাচনে বিজয়ী মেয়র।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ মো. শওকত হোসেন ভূইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী জামশেদ আহম্মদ জাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী কাজী রেজাউল করীম এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শামীম হোসেন। এই নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪০ জন প্রার্থী এবং ৩টি সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭ জন প্রার্থী।

এদের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব মো. শওকত হোসেন ভূইয়া, বিএনপি প্রার্থী মো. আলমগীর খাঁন এবং স্বতন্ত্র প্রার্থী হাজী মো. শামীম হোসেন এর মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভবনা রয়েছে। প্রচারণার শেষ দিকে এসে আওয়ামীলীগ একাট্টা হয়ে মাঠে নামে। ৮ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি। বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামও দলীয় প্রতীক নৌকার জন্য ভোট চেয়ে বেশ কয়েকটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও মাঠে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।

শুরু থেকে এক প্রকার নিরব প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী, শেষ দিকে ব্যাপক প্রচারণা চালিয়েছেন তিনি ও তার সমর্থকরা। এদিকে সরব প্রচারণা এবং আলোচনায় ছিলেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। তার নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছিলেন সাবেক মেয়র আবদুল মান্নান সরকারও। অতীতের যে কোন স্বতন্ত্র প্রার্থীর চেয়ে ব্যাপক প্রচারণার কারণে ভোটারদের মধ্যে আলোচিত হন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) সরাসরি নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করবেন। এছাড়া জেলা পুলিশ এর পক্ষ থেকে ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৫ জন সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থায় ৪৫০ জন পুলিশ সদস্য নির্বাচনে কাজ করবেন। তিনি আরও জানান ১৫টি কেন্দ্রের মধ্যে সবগুলোকেই ঝুঁকিপূর্ণ ধরে নিয়ে আমরা কাজ করছি।

চান্দিনা পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থীর ব্যাপক প্রচারণা

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা পৌর নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিন যতই ঘনিয়ে আসছে ভোট প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বার ততই বেশি যাচ্ছেন তারা।

এ পৌরসভায় ৫ মেয়র প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি প্রচারণায় আছেন নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. শওকত হোসেন ভূইয়া।

সকাল হতে রাত অবধি ঘুরে বেড়াচ্ছেন চান্দিনা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড, দোকান-পাট ও পাড়া-মহল্লায়। উঠান বৈঠক, পথসভা ও বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করায় চান্দিনা পৌর নির্বাচনে নৌকা প্রার্থীর গণজোয়ার সৃষ্টি হয়েছে। চান্দিনার রাজনীতিতে পরিচ্ছন্ন রাজনীতি করার সুবাদে অন্য রাজনৈতিক দল, গ্রুপ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তার সাথে একাত্মতা করে মাঠে নেমেছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে চান্দিনা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে বাজারের ব্যবসায়ীদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন শওকত হোসেন ভূইয়া। এর আগের দিন বুধবার ১নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দ্বারে দ্বারে ঘুরেন তিনি।

প্রার্থী শওকত হোসেন ভূইয়া জানান, গণসংযোগে ভোটার ও সমর্থকদের ব্যাপক সাড়া পাচ্ছি। তবে আমার গণজোয়ার দেখে প্রতিপক্ষরা হিংসাত্মক হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার সাথে প্রতিদ্বন্ধি আরও চার প্রার্থী রয়েছেন। সকলেই নিজ নিজ ভাবে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারপরও বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। নৌকার বিরুদ্ধে প্রশাসনকে ক্ষেপিয়ে তোলতে অপচেষ্টায় লিপ্ত হয়েছে তারা। আমি আমার জনগণকে ধৈর্য্য ধরার জন্য অনুরোধ করে ১৬ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে আহবান জানাচ্ছি।

চান্দিনায় আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা

শরীফুল ইসলাম,চান্দিনা:
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৯টি ওয়ার্ড ও ৩ টি সংরক্ষিত আসনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগের একাধিক প্রার্থী থাকায় একক প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দেওয়া হয়। একই সাথে দলের অন্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে দলীয় এক সভায় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম। তারা হলেন- ১নং ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, ২নং ওয়ার্ডে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, ৩নং ওয়ার্ডে যুবলীগ নেতা মো. নাজমুল হাসান, ৪নং ওয়ার্ডে প্রবীণ আওয়ামীলীগ নেতা মো. বাচ্চু মিয়া, ৫নং ওয়ার্ডে উপজেলা যুবলীগ নেতা কাজী তোফায়েল আহমেদ জনি, ৬নং ওয়ার্ডে পৌর আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, ৭নং ওয়ার্ডে পৌর যুবলীগ সভাপতি ও বর্তমান কাউন্সিলর মো. আবদুস ছালাম, ৮নং ওয়ার্ডে উপজেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর মো. আবদুর রব, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামীলীগ নেতা মো. দুলাল মিয়া।

এছাড়া সংরক্ষিত আসনে ১, ২, ৩ ওয়ার্ডে মোসা. মিনোয়ারা বেগম ৪, ৫, ৬ থেকে ওয়ার্ডে নাছরিন আক্তার ও ৭, ৮, ৯ ওয়ার্ডে শাহনাজ বেগম কে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে গত ১৮ ডিসেম্বর মেয়র পদে উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো. শওকত হোসেন ভূইয়াকে নৌকা প্রতীকে মনোনীত করে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শওকত সাহেবের হাতে নৌকা নিরাপদ নয়- চান্দিনা পৌর মেয়র মফিজ

স্টাফ রিপোর্টার:
আগামী ১৬ জানুয়ারী কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচন। কথার লড়াইয়ের জমে উঠেছে এ নির্বাচন । এবার আ’লীগের মনোনয়ন পাননি বর্তমান পৌর মেয়র মেয়র মো. মফিজুল ইসলাম। মনোনয়ন দেয়া হয়েছে উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শওকত হোসেন ভূইয়াকে। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান পৌর মেয়র।

মেয়র মো. মফিজুল ইসলাম শুক্রবার রাতে আজকের কুমিল্লাকে জানান, পৌর এলাকায় আমার জনপ্রিয়তা ৭০ ভাগ। সাধারণ ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের আশ্বাস, সমর্থন ও ভালবাসা নিয়ে আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো। আর নৌকা প্রতিক যে ব্যক্তি পেয়েছে, তার হাতে নৌকা নিরাপদ নয়। ভুল লোকের হাতে নৌকা প্রতিক দেয়া হয়েছে। আমি স্বতন্ত্র থেকেই নির্বাচন করে ইনশাল্লাহ জয়ী হবো।

কথার লড়াইটা বেশ জমে উঠেছে। এবার দেখা যাক ভোটের লড়াইয়ে কে কাকে টেক্কা দিয়ে পৌর পিতার আসনে বসে ?