Tag Archives: দেবিদ্বার

দেবিদ্বারে পিস্তল ও ইয়াবাসহ একজন আটক

দেবিদ্বারে পিস্তল ও ইয়াবাসহ একজন আটক

সালাহ উদ্দিন সোহেল:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একটি দেশীয় তৈরি পিস্তল ও ১ শত পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

শনিবার সকালে আদালতের মাধ্যমে আসামিকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর।

আটক হওয়া আনোয়ার হোসেন দেবিদ্বার উপজেলার বড় শালঘর গ্রামের উত্তরপাড়ার ইউনুছ মাষ্টারের বাড়ির মৃত হারুনুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউপির ইষ্টগ্রামের সজীব ব্রিকস ফিল্ডের পশ্চিম পার্শ্বে আলমগীর হোসেনের চায়ের দোকানের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ওপর অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলো এ যুবক। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় আসামিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

কুমিল্লার দেবিদ্বারে ১৬টি নতুন কবর, পরিচয় শনাক্তে তদন্ত কমিটি

কুমিল্লার দেবিদ্বারে ১৬টি নতুন কবর, পরিচয় শনাক্তে তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দেবিদ্বারে একই স্থানে ১৬টি নতুন কবর দেখা গেছে। ঘটনাটি কুমিল্লার দেবিদ্বার পৌর সদরের প্রাণকেন্দ্রের নিউমার্কেটস্থ মোল্লা বাড়ির পুকুর পাড়ের গোরস্তানের পাশে। এই নিয়ে এলাকাবাসীর মনে জন্ম নিয়েছে নানান প্রশ্ন। কারা এই কবর গুলো খোড়ল? এই ১৬ টি কবর কার? এ কবরে আছে কাদের লাশ? কখন, কে, কিভাবে মারা গেলেন? জানাযা কারা দিলেন? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

রমিজ মিয়া নামে একব্যক্তি এই রহস্যজনক ঘটনার রহস্য উদঘাটন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানালে রবিবার তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, লিখিত আবেদনের প্রেক্ষিতে উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) আহবায়ক, পৌর উপ-সহকারি ভূমি কর্মকর্তা মো. আলাউদ্দিন ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে সদস্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
তিনি আরো জানান, বিষয়টা স্পর্শকাতর, তাই এসিল্যান্ডকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেছি। কমিটিকে দ্রুত তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলেই কবর সঠিক নাকি গায়েবি কবর তা নিশ্চিত হওয়া যাবে।

নিউমার্কেটের প্রবীণ ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ মোল্লা বলেন, আমি প্রায় ৪০ বছরেরও আগে দেবিদ্বার নিউমার্কট মোল্লা বাড়ির পুকুর পাড়ে বাঁশঝাড়ের জমি কিনে মার্কেট তৈরি করে ব্যবসা করে আসছি। আমার মার্কেটের পাশে হঠাৎ এতগুলো নতুন কবর দেখে শঙ্কিত হয়ে পড়ি। কারা মারা গেলেন, কারা কবর দিলেন? জানাযা, মৃত্যুর বিষয়ে প্রচার- প্রচারণার সংবাদও পাইনি।

এদিকে ঘটনার পর একাধিকবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ কবরের রহস্য উদঘাটনে ইউএনও মহোদয় তদন্ত কমিটি গঠন করেছেন।

চেয়ারম্যান আজাদের ভাই মাসুদ যুবলীগ নেতা হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দির গৌরিপুরে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় জড়িত মো. মাসুদ রানাকে (৩২)  গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। হত্যাকান্ড ঘটনায় গ্রেফতার এড়াতে গোপনে দুবাই পালিয়ে যেতে চেয়েছিলেন মাসুদ। এ নিয়ে জামাল হত্যাকান্ডের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ( ১০ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় কুমিল্লা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতার হওয়া মাসুদ রানা  কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই।

বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  জামাল হত্যাকাণ্ডে মাসুদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি বিদেশে পালিয়ে যাচ্ছিলেন এমন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এদিকে মঙ্গলবার রাতে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি বিদেশী পিস্তল ও গুলিসহ  দেবিদ্বারের বড়কামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সৈকতকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।  তার বিরুদ্ধে চান্দিনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া মাজহারুল ইসলাম সৈকত দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামের নজরুল ইসলামের ছেলে। সেও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ গ্রুপের অনুসারি বলে জানা গেছে।  উল্লেখ্য যে, চেয়ারম্যান আজাদ, মাসুদ ও অস্ত্রসহ গ্রেফতার হওয়া সৈকত একই গ্রামের বাসিন্দা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনুসন্ধানে দেখা যায়, চেয়ারম্যান আজাদের ভাই মাসুদের সাথে যুবলীগ নেতা জামাল হত্যকান্ডের অন্যতম মাস্টারমাইন্ড সোহেল সিকদারের ভাল সখ্যতা রয়েছে। এছাড়া অস্ত্রসহ গ্রেফতার হওয়া সৈকতের সাথে মাসুদ ও চেয়ারম্যানের আজাদের ছবি এখন ফেসবুকে ভাইরাল।

এদিকে হত্যাকান্ডে ব্যবহার করা অস্ত্র উদ্ধার হলেও অস্ত্রের যোগানদাতা কে তা এখনো বের হয়নি । কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান গতকাল প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন-  অস্ত্রের যোগানদাতার বিষয়ে অনুসন্ধান চলছে।

এ বিষয়ে জানতে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগটি বন্ধ পাওয়া যায়।

গত ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ মে রাতে দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনের নামে নিহতের স্ত্রী পপি আক্তার মামলা করেন।

 

রুহুল আমিনকে অবাঞ্চিত ঘোষকদের এবার অবাঞ্চিত ঘোষণা করলেন এমপি রাজী ফখরুল

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি বলেছেন,  কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুুল আমিন সাহেবকে যারা  অশিক্ষিতদের মত অবাঞ্চিত ঘোষণা করেছে , আমিও এসব অবাঞ্চিত ঘোষকদের  অবাঞ্চিত ঘোষণা করলাম । সেই সাথে তীব্র নিন্দা প্রকাশ করছি। যারা অশিক্ষিতদের মত হীন আচরণ করে তাদেরকে স্কুলে গিয়ে প্রকৃত শিক্ষা আহরণ করার অনুরোধ করছি।

বুধবার (১০ মে) সকালে  দেবিদ্বার পৌর মিলনায়তনে  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পৌর নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে  তৃণমূল নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় সাংসদ রাজী ফখরুল এ কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ কে এম মনিরুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরি’র সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

এসময় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্যিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী সভাপতি নেত্রী ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, আওয়ামীলীগ নেতা আবুল খায়ের, হাজী আব্দুল কাইয়ুম ভূইয়া, হাজী কেফায়েত উল্লাহ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন দাশ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেল ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ খাঁনসহ প্রমূখ।

দেবিদ্বারে চেয়ারম্যানের গাড়িবহরে হামলার মামলায় বাদি ছাত্রদল নেতা !

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের গাড়িবহরে হামলা ও গুলি বর্ষণের ঘটনার অভিযোগে থানায় দায়েরকৃত মামলার বাদি হয়েছেন দেবিদ্বারের বড়কামতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন । দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ এজাহারনামীয় ৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে ৫ অক্টোবর রাতে মামলা দায়ের করা হয়েছে। আর মামলার স্বাক্ষী হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ আরো অনেকে ।

এ মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন, আনিসুর রহমান(৪০), আমিনুল ইসলাম সুমন(৩৩), জহিরুল ইসলাম(৩৮), ওমর ফারুক(৩৬), জামিউর রহমান(২৬), আহাম্মেদ শুভ(২৪), মোঃ নিশান মিয়া(২৪), নুরুন্নবী(২৪)সহ আরো অজ্ঞাত ৪০-৫০ জন।

তবে মামলার বাদি ছাত্রদলের সাবেক সভাপতি হওয়ায় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। এছাড়া স্থানীয় আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মামলার বাদি এবং সাজানো ঘটনায় দায়েরকৃত মামলার তীব্র সমালোচনা করছেন।

আ’লীগ ও এর অংগসংগঠনের স্থানীয় একাধিক নেতাকর্মী জানান, ৩ অক্টোবর রাতে আ’লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় দুই গ্রুপের নেতাকর্মী আহত হয়েছে। কিন্তু মামলা দায়ের করেছে উপজেলা চেয়ারম্যান গ্রুপ। আবার সেই মামলার বাদি গিয়াস উদ্দিন নামের এক সাবেক ছাত্রদল নেতা । তাঁর পুরো পরিবার বিএনপি’র রাজনীতির সাথে জড়িত । আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলার বাদি কেন ছাত্রদল নেতা হবে ? তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে আ’লীগের এক গ্রুপ বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মূল ধারার আ’লীগকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে। মূলত এমপি রাজী মোহাম্মদ ফখরুলকে ঠেকানোর জন্যই বিএনপি ও আ’লীগের একটি অংশ একত্র হয়ে ষড়যন্ত্র করছে। এ বিষয়টিকে দু:খজনক বলে অভিহিত করছেন নেতাকর্মীরা।

দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যাদব রায় জানান, মামলার বাদি গিয়াস উদ্দিন বরকামতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তাঁর ভাই সাকিল ছাত্রদল কর্মী। তাঁর পিতা রফিকুল ইসলাম বিএনপির সক্রিয় কর্মী। আর এই মামলাটিও সাজানো। ওই দিন হামলা এমপি রাজী সাহেবের গাড়ি বহরেও হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আ’লীগের দলে প্রবেশ করিয়ে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে আন্দোলন ও অপপ্রচারের চেষ্টা করছে, যা সত্যিই নিন্দনীয়।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান সৈকত জানান, মামলার বাদি গিয়াস উদ্দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। ফেসবুকে পোস্ট করা বিএনপির বিভিন্ন মিছিলে তার ছবি দেখা গেছে। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যখন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের পিতা নুরুল ইসলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন তখন ওই ছেলেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা গেছে।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকার জানান, আ’লীগের পক্ষের মামলার বাদি একজন ছাত্রদল নেতা ভাবতেই ঘৃণা লাগছে। এই ছেলে ২০১৩/১৪ সালের আন্দোলনের সময় বিএনপি-জামায়াতের বিভিন্ন অরাজকতায় সক্রিয় ছিলেন। সাজানো মামলায় আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ আরো অনেককে। মূলত এমপি রাজী মো: ফখরুলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁর নেতাকর্মীদের বিভিন্ন সাজানো মামলায় আসামি করা হচ্ছে। ঘটনার সুষ্ঠ তদন্ত হলে দেখা যাবে কোন গুলিবর্ষণ কিংবা গাড়ি ভাংচুরের কোন ঘটনাই হয়নি। আশা করি তারা নোংরা রাজনীতির পথ ছেড়ে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবে।

মামলার বাদী সাবেক ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন বলেন, আমি কখনোই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। আমার প্রতিপক্ষের লোকেরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার নামে মিথ্যা ছড়াচ্ছে। আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী রাজনীতি করে আসছি। যার প্রমান এলাকায় রয়েছে।

স্থানীয় সূত্র আরো জানায়, সম্প্রতি দেবিদ্বার রাজনীতিতে আ’লীগে স্পষ্টভাবে দুই ভাগ পরিলক্ষিত। এমপি রাজী মোহাম্মদ ফখরুল এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টার ও এ বি এম গোলাম মোস্তফা। যদিও দুই গ্রুপকেই সাংগাঠনিক কর্মকান্ডে এক সারিতেই দেখা যায়। তবে তাদের মধ্যে গ্রুপিং এখন তুঙ্গে।

উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ৩ অক্টোবর রাত ১০টা থেকে রাত সাড়ে ১০টায় উপজেলার ভিংলাবাড়ি সাহাপাড়া পুজামন্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে আমার গাড়ি বহরে হামলা করে এবং উপজেলা চেয়ারম্যানের ব্যবহুত সরকারি গাড়ী ভাংচুর করা হয়। পরে আমাকে হত্যার উদ্দেশ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, আনিছুর রহমান ও আমিনুল ইসলাম সুমনের নেতৃত্বে এলোপাথারী গুলিবর্ষণ করতে থাকে। প্রতিপক্ষের এ হামলায় আমার ৫ সমর্থক আহত হন।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

দেবিদ্বারে একে অপরের বিরুদ্ধে হামলার শিকারের অভিযোগ এমপি ও চেয়ারম্যান গ্রুপের

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন – এমন অভিযোগ একে অপরের বিরুদ্ধে করেছেন স্থানীয় সাংসদ রাজী ফখরুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদের সমর্থিত নেতাকর্মীরা । তবে স্থানীয় সূত্রমতে, ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এছাড়া ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।এ সময় দুই গ্রুপের বেশ কয়েকজন আহত হয় এবং কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সোমবার রাতে নেতা-কর্মীদের নিয়ে পৌরসভার আলিয়াবাদ এলাকায় পূজামন্ডপ পরিদর্শনে আসেন। একই সময়ে একই এলাকায় স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুলও তাঁর নেতা-কর্মীদের নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করছিলেন । ওই সময় বহরের গাড়ি রাখা নিয়ে উভয়ের নেতা-কর্মীদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পরে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ তাঁর গাড়ি বহর নিয়ে পৌরসভার ফতেহাবাদ এলাকার একটি পূজামন্ডপ পরিদর্শন শেষে ভিংলাবাড়ি সড়কে আসেন।ওই সময় এমপি রাজী ফখরুলের গাড়ি বহর আলিয়াবাদের মন্ডপ পরিদর্শন শেষে ফতেহাবাদ এলাকার অন্য আরেকটি মন্ডপে যাওয়ার পথে ভিংলাবাড়ি সড়কে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। তখন ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।এতে উভয়পক্ষের ১০/১২ জন আহত হয়।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, আমি শান্তিপূর্ণভাবে প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করেছি। স্থানীয় এমপি রাজী ফখরুলের নেতা-কর্মীরা তুচ্ছ বিষয় নিয়ে আলিয়াবাদ এলাকায় আমার নেতা-কর্মীদের মারধর করে। পরে আমি আমার নেতা-কর্মীদের নিয়ে ফতেহাবাদ এলাকায় একটি পূজামন্ডপ পরিদর্শন শেষে ভিংলাবাড়ি এলাকায় পৌছালে পুনরায় তাঁরা হামলা চালায়। আমি থামাতে গেলে আমাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি করা হয়। সন্ত্রাসীরা আমার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করেছে এবং আমার সরকারি গাড়ীতেও গুলি করেছে, সৌভাগ্যক্রমে আমি বেঁচে যাই। আমার ৫/৬জন নেতা-কর্মীকে পিঠিয়ে ও কুপিয়ে আহত করেছে। এর মধ্যে গুরুতর আহত সজিব নামে একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল জানান, আমরা লক্ষ্য করছি গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও কয়েকটি মিডিয়ায় মিথ্যাচার করছে উপজেলা চেয়ারম্যানের লোকজন। পূজা চলাকালে শান্তি-শৃংখলা বজায় রাখার স্বার্থে যার যার কাজ তাদের শান্তিপূর্নভাবে করা উচিত ছিল। কিন্তু চেয়ারম্যান আজাদ গ্রুপ পরিস্থিতি অন্য দিকে ধাবিত করার জন্য নোংরা রাজনীতির পথ বেছে নিয়েছে। আমার গাড়ি বহর আলিয়াবাদের মন্ডপ পরিদর্শন শেষে ফতেহাবাদ এলাকার অন্য আরেকটি মন্ডপে যাচ্ছিল। ওই পথে অপেক্ষা করছিলেন উপজেলা চেয়ারম্য্না ও তার লোকজন। যখনই আমার গাড়ি ওই সড়ক অতিক্রম করছিলেন, তখন উপজেলা চেয়ারম্যান আজাদের লোকজন আমার গাড়ি বহর লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং চারদিক থেকে লাঠিসোঠা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। যদিও গুলিবর্ষণের আগেই আমার গাড়ি দ্রুত ঘটনাস্থল অতিক্রম করায় কোন ক্ষতি হয়নি। তবে গাড়ি বহরে থাকা মোটরসাইকেল আরোহী বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমার নেতাকর্মীরাও সংঘর্ষ এড়াতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে । পরে শুনেছি স্থানীয় লোকজন চেয়ারম্যানের কর্মীদেরকে ধাওয়া করেছে।স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছি- চারদিক থেকে তাদের নেতাকর্মীর ছোড়া ইটপাটকেলে তাদের কয়েকটা গাড়ির গ্লাস ভেঙ্গেছে। মূলত ঘটনা এটি। চেয়ারম্যান গ্রুপ ঘটনা অন্য দিকে ধাবিত করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে। বিগত কয়েক মাসে দেবিদ্বারে অনেক অনাকাংখিত ঘটনার জন্ম দিয়েছে চেয়ারম্যান আজাদ গ্রুপ। কিন্তু আমি সব সময় শান্তিপূর্ণ পরিবেশের পক্ষে অবস্থান নিয়েছি। সংঘর্ষে না জড়াতে আমার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি । বিগত কয়েক মাস পূর্বেও চেয়ারম্যান আজাদের নেতৃত্বে আমার গাড়ি আটকিয়ে “ নৌকার দালালেরা হুশিয়ার সাবধান” শ্লোগান দিয়েছিল। গাড়িতে লাথি দিয়েছিল। কিন্তু আমি যেহেতু শান্তিপূর্ণ রাজনীতি পচ্ছন্দ করি , তাই নেতাকর্মীদের চুপ থাকতে বলেছিলাম। ধৈর্য সহকারে প্রায় ২ ঘন্টা আজাদের অবরোধে ছিলাম। বিগত কয়েক মাসে আমার নেতাকর্মীদের বিভিন্ন সাজানো মামলায় আসামি করা হয়েছে । আমরা যদি নোংরা রাজনীতি করতাম তাহলে অনেক আগেই অনেকবার সংঘর্ষে লিপ্ত হতাম।কিন্তু আমি নোংরা রাজনীতিকে ঘৃণা করি। হিন্দু ধর্মীয় বড় অনুষ্ঠান চলাকালে আমরা কেন হামলা করতে যাবো-এটা হাস্যকর অভিযোগ। মূলত আমরা যাতে পূজামন্ডপ পরিদর্শনে না যেতে পারি সেজন্য আমাদের বহরে হামলা করেছে। পরে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। আমি আশা করবো তারা নোংরা রাজনীতির পথ ছেড়ে সুষ্ঠু ও ঐক্যের রাজনীতি শুরু করবে।

দেবিদ্বারে শান্ত হত্যা: ১ মিনিটেই হত্যার মিশন শেষ করে ঘাতক সাজিব

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে মেহেদী হাসান শান্ত হত্যাকাণ্ড নিয়ে আদালতে চাঞ্চল্যকর জবানবন্দি দিয়েছেন ঘটনার অন্যতম দুই প্রত্যক্ষদর্শী ও ছুরিকাঘাতে আহত আরমান আলম (সিকাব) ও নুরুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় তারা আদালতে জবানবন্দী প্রদান করেন। রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন থানার ইন্সপেক্টর তদন্ত খাদেমুল বাহার।

আদালতে জবানবন্দীতে প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘ধারালো ছোরা হাতে আমেরিকা প্রবাসী আজমুল ফুয়াদ সাজিব (২৩) যখন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে যাচ্ছিল তখন তাকে নিবৃত্ত করতে গিয়ে খুন হন মেহেদী হাছান শান্ত। পুরো কিলিং মিশন শেষ হয় এক মিনিটের মধ্যেই। পরে ঘাতক সাজিব মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।’

কিন্তু হত্যা মামলায় সাজিবকে আসামি না করে সাক্ষী করা হয়। জবানবন্দী রেকর্ড করেন আমলী আদালত ৪ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা।

গত ৯ জুলাই বিকালে দেবিদ্বার উপজেলার নুরপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আমেরিকা প্রবাসী আজমুল ফুয়াদ সাজিব এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করলে তাকে নিবৃত্ত করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন মেহেদী হাসান শান্ত। এ সময় ছুরিকাঘাতে আহত হন আরও ৪ জন।

এ ঘটনায় নিহতের বাবা জাকির হোসেন বাদী হয়ে পর দিন একই গ্রামের আল আমিন, সাদ্দাম, ছগির, বায়েজিদ, সিরাজ ও মোখলেছসহ ৬ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত আরমান আলম (সিকাব) ও নুরুল ইসলাম আদালতে জবানবন্দী শেষে সাংবাদিকদের বলেন, ‘ছোরা নিয়ে সাজিব ছুরিকাঘাত করে শান্তকে হত্যাসহ আমাদের আরও ৪ জনকে আহত করেছিল, এক মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করা হয়। এ ঘটনা ঘটেছে প্রকাশ্যে, কিন্তু সাজিবকে আসামি না করে মামলায় ৫ নম্বর সাক্ষী করা হয়।’

তারা ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত হওয়ায় জবানবন্দীতে ঘটনার আদ্যপ্রান্ত তুলে ধরেছেন বলেও জানান। এছাড়াও ঘটনায় জড়িত না থাকলেও হত্যা মামলায় ২ নম্বর আসামি করা হয় ক্যান্সার আক্রান্ত সাদ্দাম হোসেনকে। পুলিশ তাকে গ্রেফতারও করেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

আদালতে জবানবন্দীর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাদেমুল বাহার।

তিনি বলেন, হত্যা মামলায় বাদী সাজিবের নাম না দিলেও প্রত্যক্ষদর্শী ও আহত দুই যুবক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে সাজিবের নাম বলেছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে প্রবাসী সাজিব পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, একই ঘটনায় ছুরিকাঘাতে মারাত্মক আহত আশরাফুল ও রাসেল নামের দুই যুবক এখনো কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ ঘটনায় আহত আরমানের বাবা খোরশেদ আলম বাদী হয়ে সাজিবকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে বুধবার আদালতে মামলা দায়ের করেছেন। যা আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতে থানায় এফআইআর করা হয়েছে।

দেবিদ্বারে উভয় সংকটে নৌকা, খোশ মেজাজে বিএনপি ও স্বতন্ত্র প্রাথী

ইমতিয়াজ আহমেদ জিতু:
আগামীকাল রবিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচন। চলতি বছরে একমাত্র বরুড়া পৌর নির্বাচন ছাড়া কোন নির্বাচনেই বিএনপি সক্রিয় ছিল না। নামেমাত্র নির্বাচন অংশগ্রহণই ছিল যেন বিএনপির উদ্দেশ্য। ফলে দাউদকান্দি, হোমনা, চৌদ্দগ্রাম, লাকসামের নির্বাচন গুলোতে আ’লীগ হেসে খেলেই জয়লাভ করেছে। তবে দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন এক্ষেত্রে ব্যতিক্রম ইঙ্গিত দিচ্ছে।

নৌকা প্রতিকের প্রার্থী নিজ ঘরেই বার বার প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। নৌকা প্রতিকের প্রার্থীর প্রচারণা থেকে সব কিছুর উপর নির্ভর করতে হচ্ছে দেবিদ্বারের বাইরের এলাকার আ’লীগের নেতাকর্মীর উপর। ঢাকা এবং সদরের নেতাকর্মীরাই মূলত নৌকার সমর্থনের বড় অংশ। বিগত সময়গুলোতে নৌকা প্রতিক পেলেই প্রার্থীরা নির্ভার হয়ে যেতে দেখা গেছে। কিন্তু দেবিদ্বার বিপরীত পথে হাটছে। দেবিদ্বারে মূলত আ’লীগের বিদ্রোহী প্রার্থী আর বিএনপিই প্রভাব বিস্তার করছে। কেন হচ্ছে এমন তা নিয়ে একটু বিশ্লেষণ করা যাক।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন স্থানীয় সূত্র জানান, এ উপ-নির্বাচনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী ঢাকা গ্রুপের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ । অনেকেই বলছেন আবুল কালাম আজাদ মূলত কুমিল্লা উত্তর জেলা আ’লীগের পচ্ছন্দেই নৌকা মনোনীত প্রার্থী হয়েছেন । স্থানীয় সাংসদ রাজী ফখরুল মুন্সি তা মেনে নিতে পারেননি বলে জানা গেছে । দেবিদ্বারে আ’লীগের মধ্যে দু’গ্রুপ রয়েছে বলে জানা যায়। একটি স্থানীয় এমপির, আরেকটি কুমিল্লা উত্তর জেলা আ’লীগের একটি অংশ। আজাদ দলীয় মনোনয়ন পাওয়ার পর বিদ্রোহী প্রার্থী হিসেবে আবদুল হক খোকন নির্বাচন করার ঘোষণা দেন। বিএনপিতে দলীয় মনোনয়ন পান এমপি রাজী ফখরুলের চাচা এএফ এম তারেক মুন্সী । বিভিন্ন নির্বাচনে স্ব্তন্ত্র প্রার্থীকে নির্বাচনের আগেই দলীয় সর্বোচ্চ ফোরাম থেকে ম্যানেজ করে নিস্ত্রিয় করে দেয়া হয়। অনেক ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র নিজেই প্রত্যাহার করে নেন। কিন্তু দেবিদ্বারে তা হয় নি। স্বতন্ত্র প্রার্থী বেশ সক্রিয়। স্বতন্ত্র প্রার্থীর সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ বেশ সক্রিয় নির্বাচনের মাঠে। অপর দিকে নৌকা প্রতিকের পক্ষে বহিরাগতরাই সম্বল। কুমিল্লা সদর ও মহানগরের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ , আ’লীগের নেতাকর্মীরাই নৌকার পক্ষে কাজ করছেন। ঢাকার কেন্দ্রীয় নেতারাও নির্বাচনী প্রচারণায় কাজ করছেন। অনেক সমঝোতার চেষ্টা করেছেন। কিন্তু বিভিন্ন সূত্রমতে, সমঝোতার চেষ্টা করা হলেও স্থানীয় নেতাকর্মীদের একটি বৃহৎ অংশের সমর্থন পাচ্ছে না নৌকার প্রার্থী । এমপি রাজী ফখরুল নৌকার পক্ষে আছেন একথা শোনা গেলেও এমপির লোকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষেই কাজ করছেন।

নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে সদরের নেতাকর্মীরা মারধরের শিকার হয়েছেন। প্রার্থী নিজেও অবরুদ্ধ হয়েছেন। বহিরাগত আর জামায়াত শিবির এবং বিএনপির অপবাদ দিয়ে নৌকার প্রার্থীর সমর্থনে যাওয়া বহিরাগতদের মারধর করা হয়েছে বেশ কয়েকবার।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রচারণা শেষে যাওয়ার সময় আ’লীগ দলীয় প্রার্থী আবুল কালাম আজাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। হামলার পর কুমিল্লার উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, নৌকার প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদসহ বেশ কিছু নেতাকর্মী মা মনি হাসপাতাল সংলগ্ন গোলাম ফারুকী মিলনায়তনে কয়েক ঘন্টা ধরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এ সময় গাড়ি ভাংচুর ও নেতাকর্মীদের উপর হামলা হয়।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৭ টায় দেবিদ্বার আর.পি. উচ্চবিদ্যালয়ের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আ’লীগের ২ গ্রুপের মধ্যকার সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন । গুলিবিদ্ধরা হলেন দেবিদ্বার পুরাতন বাজার কাজী বাড়ির ছালাম কাজীর পুত্র ফয়েজ মালি (২৫), আব্দুল খালেক এর পুত্র শাহাবুদ্দিন (২০)। আহতরা হলেন কুমিল্লা সদর উপজেলার দুলিয়া পাড়ার মোঃ ইসমাইল হোসেন এর ছেলে মোঃ মোজাম্মেল (২৫), আনোয়ার হোসেন এর ছেলে মোঃ পিয়াস এবং মোঃ হোসেন এর ছেলে সাইফুল ইসলাম (১৮)। আহতরা সবাই কুমিল্লা সদরের আ’লীগের নেতাকর্মী। তারা নৌকা প্রতিকের পক্ষে প্রচারণায় গিয়েছিলেন।

এ নির্বাচনে বিএনপির প্রার্থী তারেক মুন্সি হলেন এমপি রাজী ফখরুলের চাচা। বিএনপি এখন বেশ ফুরফুরে মেজাজে আছে। নৌকা আর স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বার বার সংঘর্ষ হচ্ছে ,ফলে লাভবান হচ্ছে বিএনপি। নির্বাচনের দিন যদি নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকে ‍বিএনপিই চমক দেখাতে পারে। এছাড়া বিএনপির নেতাকর্মীর নামে কোন মামলাও হয়নি নির্বাচনী প্রচারণার সময়। ফলে সাংগাঠনিকভাবে দুর্বল বিএনপির নেতাকর্মীরাও বেশ সক্রিয় এ নির্বাচনে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানায়, নৌকার প্রার্থী আ;লীগের অর্ন্তকোন্দলের জন্য স্থানীয় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে টানতে পারেন নি। বহিরাগত আসনের নেতাকর্মীদের উপরই নির্ভর করছেন তিনি। ফলে স্থানীয়দের সাথে সর্ম্পকটা ভাল হয়ে উঠেনি। নির্বাচনের বেশ কয়েকদিন আগেই থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিশেষ করে সদরের আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেবিদ্বারে পৌছেছেন নৌকাকে সমর্থন দেওয়ার জন্য। তবে তা কতটা কার্যকর হবে, তা সময়ই বলবে।

নৌকা প্রতিকের সর্মথিত নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবলীগ নেতা জানান, দলীয় কোন্দল নির্বাচনে প্রভাব ফেলছে। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীকেই ম্যানেজ করা যায়নি। ফলে বিএনপি সুযোগ নিচ্ছে। তবে আমরা আশা করি নির্বাচনে নৌকাই বিজয়ী হবে।

আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র )প্রার্থী সমর্থিত এক ছাত্রলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যবসায়ি আর রাজনীতিবিদ এক নয়। টাকা দিয়ে সব সময় সব কিছু হয় না। রাজনীতি করলেই তো মাঠ নিয়ন্ত্রণে থাকতো। বাইরের লোক ভাড়া করে এনে পাশ করা যায় না। তাই আমাদের প্রার্থীই বিজয়ী হবে।

বিএনপি প্রার্থীর সমর্থিত এক ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, এখন পর্যন্ত সব ঠিক আছে । মানুষ ভোট দিতে পারলে বিএনপির বিজয় কেউ আটকাতে পারবে না।

কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টার জানান, নৌকার পক্ষে জনসমর্থন রয়েছে। আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ।

এদিকে নির্বাচনটি সুষ্ঠু ও অবাধ করার জন্য জেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন বেশ তৎপর।
এদিকে দেবিদ্বারে প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে। তাই এ নির্বাচনের দিন সংঘর্ষ আরো বৃদ্ধি পেতে পারে বলে স্থানীয়রা আশংকা করছেন।

উল্লেখ্য যে, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে দেবিদ্বার উপজেলা গঠিত। দেবিদ্বার উপজেলায় এবারের মোট ভোটার ৩ লক্ষ ৭৫ হাজার ৫০২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭১ হাজার ৮২০ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৬৫ হাজার ৬৮২ জন। ভোটাররা মোট ১১৪ টি ভোট কেন্দ্র স্থায়ী ও অস্থায়ীসহ ৭৭০ টি ভোট কক্ষে তাদের ভোট প্রয়োগ করবেন। আ.লীগ, বিএনপি , জাতীয় পার্টি এবং স্বতন্ত্র নিয়ে মোট ৪ জন প্রাথী এবারের উপ-নির্বাচনে লড়াই করছেন।

নির্বাচনে বড় দু’দল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আজাদ, বিএনপি দর্লীয় মনোনীত প্রার্থী এএফ এম তারেক মুন্সী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো, আব্দুল আউয়াল সরকার ও স্বতন্ত্র প্রার্থী আবদুল হক খোকন।

দেবিদ্বারে বোস্টন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন

মোঃ জামাল উদিন দুলাল, দেবিদ্বারঃ

“নিরক্ষর থাকবো না -দেশের বোঝা হবো না” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে বোস্টন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার পৌর এলাকার ফুল গাছ তলায় বোস্টন স্কুল এন্ড কলেজেরর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও রাকিব হাসান।

অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও প্রভাষক সাইফুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম এ মান্নান মনির।এসময় উপস্থিত ছিলেন, বন্ধন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবদুল লতিফ মাষ্টার, বোস্টন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান, মির্জা ম্যানশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মির্জা তাজুল ইসলাম, ব্যাবসায়ী শাহজাহান সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।

দেবিদ্বারে একতা হ্যাচারীর পুকুর থেকে মৎস্য শ্রমিকের মরদেহ উদ্ধার

 

জামাল উদ্দিন দুলালঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় “একতা হ্যাচারী”র পুকুর থেকে মৎস্য শ্রমিক আল আমিনের (২৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় উপজেলার ভানী ইউনিয়নের সূর্য্যপুর গ্রামের সূর্য্যপুর উচ্চ বিদ্যালয়ের পেছনের একতা হ্যাচারী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আল আমিন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গতি আসাম গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, একতা হ্যাচারীর কর্মচারী মোঃ আল আমিনকে রোববার রাত ৮টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সোমবার দুপুরে ওই হ্যাচারীর মালিক বেলাল হোসেন ‘একতা মৎস খামারে জাল ফেললে আল আমিনকে মৃত অবস্থায় জালে আটকা অবস্থায় পাওয়া যায়।

এদিকে ওই ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকেল সাড়ে ৫ টায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ওই হ্যাচারীতে আল আমিন ছাড়াও আরো ৬/৭ জন শ্রমিক কাজ করে।

হ্যাচারীর মালিক বেলাল উদ্দিন জানান, আল আমিন অসুস্থ্য ছিল। তার পেটের অসুখ ও পেট ব্যাথা ছিল। রোববার রাত ৮টা থেকে সে নিখোঁজ হয়। সোমবার খামারে জাল ফেলে তাকে মৃত. অবস্থায় উদ্ধার করা হয়।

দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) মিঠুন সিংহ জানান, প্রাথমিক রিপোর্ট করার সময় তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আনোয়ার জানান, আল আমিনের মরদেহের ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।